দীপিকার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাথরেও ফুল ফোটানো যায়, সাগরেও ঢেউ থামানো যায়, কিন্তু মডেলদের দিয়ে অভিনয়? অসম্ভব! এ যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের শামিল!’—এমন প্রবাদ বহু পুরোনো। মডেলরা অভিনয় করতে গেলে নাকি নীরব, নিথর, নিঃসাড় হয়ে যান। ছয় বছর আগে সুপার মডেল দীপিকা পাড়ুকোন যখন শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম ছবিতে অভিনয় করলেন, তখন অনেকেই বলেছিলেন—এই দীর্ঘাঙ্গীকে দিয়ে আর যা-ই হোক, সু-অভিনয় করানো সম্ভব নয়। আঁতে ঘা লেগেছিল খেলোয়াড়কন্যার। সিদ্ধান্ত নিয়েছিলেন তখনই। মাটি কামড়ে পড়ে থাকতে হবে, তাও ব্যর্থ অভিনেত্রীর তকমা গলায় ঝুলিয়ে বলিউড থেকে বিদায় হবেন না। লড়াকু বাবার লড়াকু কন্যা। বাবা প্রকাশ পাড়ুকোন বিশ্বকাপ ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন বিজয়ী। রণবীর কাপুর, সিদ্ধার্থ মাল্যর সঙ্গে প্রেমের পাঠ চুকিয়ে দীপিকা মন দেন অভিনয়ে। ফলাফলও এসেছে হাতেনাতে। এ বছর বিগ স্টার এন্টারটেইনমেন্ট শ্রেষ্ঠ রোমান্টিক অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন দীপিকা। ককটেল ছবির জন্য এহেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান নেই, যেখানে দীপিকা মনোনয়ন পাননি। বিস্ময়ে হতবাক সমালোচকেরাও। সংলাপবিহীন দৃশ্যেও সরব দীপিকা! চোখেমুখে কী দারুণ অভিব্যক্তি! একেই বলে জাত অভিনেত্রী!—সুর পাল্টেছে বলিউডবাসীর। আর তাই ছয় বছরে ১৪ ছবির মালকিন দীপিকার হাতে এসেছে ইতিহাস সৃষ্টি করার মতো কিছু ছবি—শাহরুখ খানের বিপরীতে রোহিত শেঠির চেন্নাই এক্সপ্রেস, রণবীর কাপুরের বিপরীতে করণ জোহর প্রযোজিত ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, রণবীর সিংয়ের বিপরীতে সঞ্জয় লীলা বানসালির রামলীলা, রজনীকান্তের বিপরীতে তামিল-হিন্দি ছবি কোচিদাইয়ান। কারিনা কিংবা প্রিয়াঙ্কা নয়, ২০১৩ সালে বলিউড বিশ্লেষকদের তুরুপের তাস দীপিকা। শোনা যাচ্ছে, সালমান খানের বিপরীতে কিক ছবিতেও কাজ করতে পারেন তিনি। তাই যদি হয়, দীপিকা পৌঁছে যাবেন ধরাছোঁয়ার বাইরে।অবশ্য সম্প্রতি দীপিকার নিজেরই একটি অধরা স্বপ্ন পূরণ হয়েছে। গত ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া আব্বাস-মাস্তান পরিচালিত ছবি রেইস টু ১০০ কোটি রুপি ঘরে তুলেছে। আর এ ছবির মাধ্যমে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করলেন দীপিকা। সেই সঙ্গে দীপিকা-সাইফ জুটি। বাস্তবের জুটি কারিনা-সাইফও যেখানে পর্দায় একের পর এক ব্যর্থতার কাহিনি লিখেছেন, দীপিকা-সাইফ সেখানে দিনের পর দিন সফলতার সিঁড়ি বেয়ে নিজেদের ইতিহাসের সাক্ষী করে রাখছেন। লাভ আজকাল, ককটেল, রেইস টু—দীপিকা-সাইফের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে কারিনা কাপুর খানও নাকি জ্বলেপুড়ে ছারখার হচ্ছেন! এ প্রসঙ্গে অবশ্য দীপিকা স্মিত হেসে জানান, ‘কারিনা বুদ্ধিমতী মেয়ে। তিনি ভালো করেই জানেন, পর্দার রসায়ন আর বাস্তবের রসায়ন এক নয়। সত্যিটা হলো, সাইফ-কারিনা দুজন দুজনকে পেয়ে খুশি।’ যেমনটি খুশি দীপিকা রণবীর সিংকে পেয়ে। বলিউডের গরম খবর—দীপিকা-রণবীর সিং নাকি রামলীলা ছবির শুটিং করতে গিয়ে প্রেমলীলায় মত্ত হয়েছেন। রণবীর কাপুর হাতছাড়া হয়েছে, চিন্তা নেই। আরেক রণবীর তো আছে। রণবীর সিংয়ের বাহুডোরেই শেষ পর্যন্ত বন্দী হয়েছেন পাড়ুকোন-কন্যা। সাংবাদিকদের সামনে অবশ্য দীপিকা বরাবরের মতো নীরব। সরব হয়েছেন আনুশকা শর্মা—রণবীর সিংয়ের সাবেক প্রেমিকা। তিনি ভীষণ চটে আছেন দীপিকার ওপর। কোনো পার্টিতে দীপিকা থাকলে আনুশকা হাজির হচ্ছেন না। এত দিন রণবীর সিংয়ের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখলেও এখন তাঁর মুখ দর্শনেও নারাজ আনুশকা। দীপিকা অবশ্য এসব ব্যাপারে ভাবলেশহীন। তাঁর স্পষ্ট জবাব, ‘আমি আমার অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে চাই, অন্য কিছু নিয়ে নয়।’ ককটেল ছবিতে দীপিকার অভিনয় দেখে বাবা প্রকাশ পাড়ুকোন আবেগাপ্লুত হয়ে তাঁর পুরোনো একটি ক্রেস্ট উপহার দিয়েছেন দীপিকাকে। এটি অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন দীপিকা। সালমান খান, হূতিক রোশনের বিপরীতে কিংবা করণ জোহর, রাজকুমার হিরানির পরিচালনায় কাজ করতে চাইলেও শাহরুখ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা দীপিকার অভিনয় ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছে বলে তিনি মনে করেন। চেন্নাই এক্সপ্রেস ছবির ফটোসেশন করার জন্য শাহরুখ নিজে তাঁর লুঙ্গি, শার্ট পরতে দিয়েছেন দীপিকাকে। তামিল তরুণীর চরিত্রে দীপিকার ‘লুক’ নিয়ে ভেবেছেন স্বয়ং কিং খান। দীপিকা বলেন, ‘২০১৩ সালে দর্শক নতুন দীপিকাকে দেখতে পাবেন। রেইস টু দিয়ে আমার “রেইস” শুরু হয়েছে। আশা করছি বছর শেষে এই দৌড়ের যোগ্য ফলাফল পাব।’ রুম্মান রশীদ খানবলিউড টাইমস, বলিউড হাঙ্গামা, ফিল্মফেয়ার, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, মাসালা বলিউড, কোই মোই, বলিউড ওয়ার্ল্ড, বক্স অফিস ইন্ডিয়া অবলম্বনে