দীপিকার বরাতে টুইটারে ফিরলেন শাহরুখ
অবশেষে টুইটারে ফিরলেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। গত জানুয়ারি মাসে অভিমানভরা এক টুইটার বার্তা প্রকাশের পর থেকে তিনি সামাজিক যোগাযোগ রক্ষার এই জনপ্রিয় খুদে ব্লগসাইটে অনুপস্থিত ছিলেন। সম্প্রতি ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির শুটিং শেষ করার পর দীপিকা পাড়ুকোনের এক টুইটের জবাব দেওয়ার মাধ্যমে টুইটারে ফিরে এসেছেন জনপ্রিয় এ তারকা অভিনেতা। অ্যাকশন-কমেডি ঘরানার ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির শুটিং শেষ হয়েছে সম্প্রতি। ছবিটি মুক্তি পাবে আগামী ৮ আগস্ট। রোহিত শেঠির পরিচালনায় এ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় দীপিকা লিখেছেন, ‘শেষ করলাম “চেন্নাই এক্সপ্রেস” ছবির শুটিং। পরিচালক রোহিত শেঠি শুটিংয়ের শেষ দিন সবাইকে যেভাবে ভালোবাসা জানিয়েছিলেন, ঠিক সেভাবেই ভালোবাসা প্রকাশ করছি তাঁর ও শাহরুখের প্রতি।’টুইটার বার্তার পাশাপাশি ‘এক্সপ্রেসিং লাভ অন দ্য লাস্ট ডে’ শিরোনামে মজার একটি ভিডিও ফুটেজও পোস্ট করেছেন ২৭ বছর বয়সী এ অভিনেত্রী। দীপিকার টুইটের জবাব দেওয়ার মাধ্যমেই চার মাস পর টুইটারে ফিরেছেন শাহরুখ খান। অবশ্য তিনি নিজে কিছু লেখেননি। কেবল দীপিকার লেখা বার্তাটিরই পুনরাবৃত্তি করেছেন। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই। গত ৯ জানুয়ারি সর্বশেষ টুইটার বার্তায় শাহরুখ লিখেছিলেন, অন্তর্জালে প্রকাশিত বিভিন্ন মন্তব্যে ধর্মীয় বিদ্বেষ, অতিস্বদেশি মনোভাব ও একপেশে সব মতামত দেখে তিনি মর্মাহত। তিনি আগে মনে করতেন, শক্তিশালী এ মাধ্যমটি মানুষের সংকীর্ণ মনোভাব বদলে দেবে। কিন্তু আদতে তা হয়নি।