দীর্ঘ বিরতির পর ফিরে এলেন শিল্পী মিতা হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী মিতা হক
সংগীতশিল্পী মিতা হক

চলছে ফেব্রুয়ারি মাস। টিভি চ্যানেলগুলোতে চলছে ভাষা আন্দোলনের ইতিহাস, প্রেক্ষাপট, আলোচনা-সমালোচনা ও বইমেলাকে ঘিরে নানা অনুষ্ঠান। ৫ ফেব্রুয়ারি রাত ৯টা ৩০ মিনিটে বিটিভিতে প্রচারিত হলো ‘একুশের প্রামাণ্যচিত্র’। এতে একে একে তুলে ধরা হলো ভাষাশহীদদের আত্মদানের প্রামাণ্য বিবরণ এবং ভাষা আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তিত্বদের অবদানের কথা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. আনিসুজ্জামান, আহমদ রফিক, মুর্তজা বশির, ড. রফিকুল ইসলাম প্রমুখ। বায়ান্নর ভাষা আন্দোলনের মূল্যবান তথ্য-প্রামাণ্য ও ইতিহাস তুলে ধরা হয় এ অনুষ্ঠানে। এমন তাৎপর্যপূর্ণ ও প্রাসঙ্গিক একটি অনুষ্ঠান প্রচার করার জন্য বিটিভিকে সাধুবাদ।

 একই দিন রাত ১০টায় মালিহা মেহনাজ শায়েরীর উপস্থাপনায় একুশে টিভিতে প্রচারিত হয় প্রামাণ্য অনুষ্ঠান ‘আমার বাংলাদেশ’। বাংলাদেশের ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়াই এ অনুষ্ঠানের লক্ষ্য। অনুষ্ঠানের পরিকল্পনা ও ধারাবর্ণনা আন্তরিক।

 এবারে চলে যাই আমাদের নিয়মিত আলোচনা নাটক প্রসঙ্গে। ৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে আশরাফ চঞ্চলের রচনা ও আবু রায়হান জুয়েলের পরিচালনায় দেশ টিভিতে প্রচারিত হলো ছুটির দিনের নাটক, বিলম্বিত বিরহে । প্রধান চরিত্রে ছিলেন রিয়াজ, নাদিয়া ও মাজনুন মিজান।

নাটকটির গল্পের কাঠামোটি অত্যন্ত দুর্বল, যে কারণে বিরহ, প্রেম কোনো কিছুই দর্শককে স্পর্শ করতে পারেনি।

এবার গানের অনুষ্ঠান। ৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে বিটিভির সরাসরি গানের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শিল্পী মিতা হক। মাঝে আড়াই বছর বিরতির পর এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আবার গাইলেন তিনি। এ দীর্ঘ বিরতির কারণ অবশ্য তিনি উল্লেখ করেননি। অনুষ্ঠানে অনেকগুলো রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী। একের পর এক দর্শকদের অনুরোধে কোনোটি পূর্ণ, কোনোটা বা খণ্ডিত পরিবেশন করেন। তবু তিনি চেষ্টা করেন দর্শকদের অনুরোধ রাখতে। দুঃখের সঙ্গে লক্ষ করা গেল, বিরতির পর এই মিতা হক যেন আগের মিতা হক থেকে অনেকটা আলাদা। তাঁর কণ্ঠের সেই বলিষ্ঠতা ও সুরের মিষ্টতা যেন অনেকটাই ছিল অনুপস্থিত। তাঁর দমেও সমস্যা বোঝা যাচ্ছিল। বিশেষ করে অনুষ্ঠানের শেষ গান, ‘মোদের গরব মোদের আশা’তে ‘কী জাদু বাংলা গানে’র জায়গাটিতে তিনি যেন টানতেই পারছিলেন না। আমরা কামনা করি তাঁর কণ্ঠে আবার আগের সেই তেজ এবং তান ফিরে আসুক।

 ৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১১টায় বৈশাখী টিভিতে সরাসরি প্রচারিত হয় আরেকটি গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’। এ অনুষ্ঠানে শিল্পী ছিলেন মুজিব পরদেশি এবং তাঁর ছেলে সজীব পরদেশি। বর্তমান সংগীত জগতে মুজিব পরদেশি কিছুটা লোকায়ত হলেও অনন্য। নিজে গান লেখেন, সুর করেন এবং পরিবেশন করেন। এ অনুষ্ঠানেও অধিকাংশ গান তিনি পরিবেশন করেন নিজেরই লেখা ও সুর করা। তাঁর কিছু কিছু গান প্রাণ ছুঁয়ে যায়। বয়সের কারণে গলায় তেজ না থাকলেও, পরিবেশনা ও ভঙ্গিটি ছিল সতেজ। বলা যায়, বর্তমান টেলিভিশনে নাটকের চেয়ে গানের অনুষ্ঠানগুলোই অধিক জনপ্রিয় ও সার্থক।