
ঘরের ওপর টিনের চাল। সূর্যের উত্তাপ গিলে ঘরটা তাতিয়ে রাখে সেই চাল। বিকেল হলে সেখানে হাজির হন নাট্যলোকের লোকেরা। খুলনা শহরে যৎসামান্য রোজগেরে আর টিউশনি করা ছেলেমেয়েরা চাঁদা দিয়ে দলটি বাঁচিয়ে রেখেছেন। গেল মে মাসে সেই দেলর ২০ বছর পূর্তি উদ্যাপন করেছেন তাঁরা। এখন তাঁদের ২৫টি নাটক।
খুলনা শহরে তেমন মিলনায়তন নেই। থাকলেও কী! লোকে যদি নাটকের টিকিট না কেনে, একগাদা টাকায় হলভাড়া নিয়ে লাভ কী? তবে পথনাটকে কিন্তু লোক হয়। পরিবেশ বিপর্যয়, শিশু নির্যাতন, গণতন্ত্র, সুশাসনসহ বিভিন্ন বিষয়ে সচেতন করতে ১০টিরও বেশি পথনাটকের দুই শতাধিক প্রদর্শনী করেছে নাট্যলোক।
এ ছাড়া বেতারে দুটি নাটক ও ১৩টি প্রসেনিয়াম নাটকের একাধিক মঞ্চায়ন করেছে তারা। সেগুলোর মধ্যে ইকারুসের ডানা, মানুষ, মেরাজ ফকিরের মা, ফলাফল নিম্নচাপ, স্বপ্নমঙ্গল, ময়নার চর, দুই বিঘা জমি, মানুষ ভূত ও বোধন উল্লেখযোগ্য। খুলনায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মারক নাট্য উত্সবসহ বিভিন্ন নাট্যোৎসবের আয়োজন করেছে দলটি। অংশ নিয়েছে রাজধানীসহ বিভিন্ন জেলার নাটক প্রদর্শনীতে।
সমাজ বদলে কাজ করার প্রচ্ছন্ন আকাঙ্ক্ষা থাকলেও দলটির কর্মীরা আসলে নাটককে ভালোবাসেন। ১৯৯৬ সালের ১০ মে প্রতিষ্ঠার পর থেকে তাঁরা যে শুধু নাটকই করেছেন তা নয়। শহরের সাংস্কৃতিক আন্দোলনে অন্যদের সঙ্গে ভূমিকা রেখেছেন তাঁরাও। দলের সদস্যদের নিয়মিত কণ্ঠ ও দৈহিক অনুশীলন, নতুন নাটক মঞ্চায়নের আগে কর্মশালা করানো ছাড়াও একটি গান ও নাচের স্কুল চালায় দলটি। বন্যার্ত মানুষদের ত্রাণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে এসেছে তারা।
প্রতিষ্ঠালগ্ন থেকে এই দলে যাঁরা কাজ করেছেন তাঁদের এক মিলনমেলা বসেছিল গত ১৩ মে বয়রার বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অডিটোরিয়ামে। সারা দিন স্মৃতিচারণা, কবিতা আবৃত্তি ও গান করেছেন প্রায় শ খানেক নতুন-পুরোনো সদস্য। অতিথি হিসেবে গান করেছেন শিল্পী কফিল আহমেদ, অভিলাষ দাসসহ আরও অনেকে। মাহবুব-ই রসুলের সভাপতিত্বে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যজন স্বপন গুহ, খুলনা নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ, হুমায়ুন কবির, খায়রুজ্জামান, মাসুদ পারভেজ, নাট্যলোক সভাপতি এস এম সেলিম আখতার প্রমুখ। শেষে মঞ্চস্থ হয় নাটক ঈগলের ডিম।
শিগগিরই হয়তো দুঃখ ঘুচবে নাট্যলোকসহ খুলনার নাটকের দলগুলোর। সেখানে নির্মিত হচ্ছে জেলা শিল্পকলা একাডেমি। এ নিয়ে নাট্যলোকের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের খানিকটা শঙ্কা রয়েই গেছে। স্থায়ী নাট্যমঞ্চ না হয় পাওয়া যাবে, কিন্তু কোটি কোটি টাকা ব্যয়ে যে মঞ্চটি হবে, সেটার ভাড়া না জানি কত হবে! সেই ভাড়া বহন করে কি নাটক করতে পারবে নাটকের দরিদ্র দলগুলো? শহরে তো টিকিট কেনার লোক নেই। নাট্যমঞ্চের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, মানববন্ধন, প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারকলিপি পেশ করেছেন খুলনার সংস্কৃতিকর্মীরা। ফল ভোগ করতে পারবেন তো তাঁরা? সংস্কৃতির জন্য যে বরাদ্দ, তার সবটাই তো ঢাকাকেন্দ্রিক। মফস্বলের নাট্যদলগুলো কবে থেকে পাবে খানিকটা সহায়তা?