
বিস্তীর্ণ সৈকতের রুপালি বালুকাবেলায় মন পাগলকরা সূর্যাস্ত আর ঝমঝম বৃষ্টি। সেই বৃষ্টিতে ভালোবাসার খেলায় মত্ত হয়ে ভিজতে থাকা এক জুটিকে দেখে আপনার পুরোনো দিনের কোনো স্মৃতি মনে আসতেই পারে, যেমনটি এসেছিল আরোহীর। নিজের ভালোবাসা রাহুলের স্মৃতিচারণায় আরোহী যখন অপলক তাদের দিকে তাকিয়ে থাকে, তখন ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা অরিজিত সিংয়ের ‘তুম হি হো’ গানের সঙ্গে বুঁদ হয়ে থাকা দর্শকও ক্ষণিকের জন্য হয়তো ভুলে যান—বড় পর্দার কোনো ছবির শেষ দৃশ্য এটি। রাহুল আর আরোহীর সেই অন্তমিলহীন ভালোবাসার গল্প এখন পুরোনো। চার মাস পেরিয়ে গেছে, আশিকি টু ঝড় সেই কবেই থেমেছে। কিন্তু সত্যি কি প্রেমের ঝড় থেমেছে আশিকি টুর জুটি আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরের মনের ভেতরে?
আশিকি টুর পুরোনো গল্প আর নয়, চলুন এবার শুনি সেই দুই ‘আশিকি’র গল্প।
শক্তি কাপুরের মতো বদখত চেহারার একটা লোকের মেয়ে এত সুন্দর হলো কী করে, শ্রদ্ধা কাপুরকে দেখে এ প্রশ্নটা আপনার মাথায় আসতেই পারে। কিন্তু অভিনয় যে তাঁর রক্তে মিশে আছে, সে তো প্রায় ৫০০ ছবির অভিনেতা বাবার জন্যই! মাসি পদ্মিনী কোলাপুরীও ছিলেন একসময়ের জনপ্রিয় নায়িকা। মুম্বাইয়ে স্কুল-কলেজজীবন শেষ করে যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটিতে থিয়েটার স্টাডিজ বিষয়ে ভর্তি হন শ্রদ্ধা আর সেখানেই হয় মন বদল, ‘সব বাদ। বলিউডই আমার আসল ঠিকানা।’ কিছুদিন পড়াশোনার পর অভিনয়ের হাতছানিতে ফিরে আসেন মুম্বাইয়ে।
২০১০ সালে মাত্র ২১ বছর বয়সে শ্রদ্ধা তিন পাত্তি ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। ছবিতে হলিউডের স্যার বেন কিংসলে, বলিউডের অমিতাভ বচ্চন থাকার পরও বক্স অফিসে তিন পাত্তির বাত্তি জ্বলেনি। শ্রদ্ধা ভালো অভিনয় করলেও রয়ে যান আলোচনার বাইরে। এরপর ২০১১-তে তাঁর আরেক ছবি লাভ কা দি এন্ডও ফ্লপ হয়। তবে ছবিটি শ্রদ্ধার ক্যারিয়ারের ‘দি এন্ড’ হয়নি। যদিও ছবি দুটির চরম ব্যর্থতায় তিনি চলে গিয়েছিলেন সবার চোখের আড়ালে। অবশেষে শিকে ছিঁড়ল। আনলাকি থার্টিন বলা হলেও ২০১৩ সালেই সৌভাগ্য ধরা দিল শ্রদ্ধার কপালে। আশিকি টু ছবিতে নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটা তাঁর জন্য ছিল হতাশা ও ব্যর্থতার পর আশার আলোর মতোই।
এ ছবির কল্যাণে ‘বেকারত্বের’ সাইনবোর্ড ভেঙে শ্রদ্ধার গায়ে ‘ব্যস্ত নায়িকা’র তকমা এখন লাগি লাগি করছে।
২.
আদিত্য রায় কাপুরের শুরুর গল্পও শ্রদ্ধার মতো ‘ফ্লপ’ দিয়েই। যারা চ্যানেল ভির নিয়মিত দর্শক, তাদের কাছে ভিজে হিসেবে আদিত্য রায় কাপুর পরিচিত মুখ হলেও বলিউডে তাঁর অভিষেক হয় ২০০৯ সালে লন্ডন ড্রিমস ছবির মাধ্যমে। প্রথম ছবি হিট হবে—আদিত্যের এই ড্রিম সত্য হয়নি। ২০১০-এ ড্রিম গার্ল ঐশ্বরিয়া থাকার পরও অ্যাকশন রিপ্লে ও গুজারিশ ছবি দুটিও বক্স অফিসে সাড়া জাগাতে ব্যর্থ হয়। বেশির ভাগ দর্শকের কাছে অচেনাই রয়ে যান আদিত্য।
বড় ভাই ইউটিভি মোশন পিকচারের সিইও সিদ্ধার্থ রায় কাপুর ও নায়িকা বিদ্যা বালানের ছোট দেবর আদিত্যের জন্য তাই আশিকি টু ছবিটি ছিল বড় এক চ্যালেঞ্জ। ছবিটি যদি দর্শকপ্রিয়তা পায়, তাহলে কপাল খুলে যাবে আদিত্যের। অবশ্য ভাইয়ের হাত ধরে নয়, ভাট ভ্রাতৃদ্বয়ের কারণেই তিনি চোখে পড়েছেন দর্শকদের। আশিকি টুর পর এ বছরের আরেক ব্যবসাসফল ছবি ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানিতেও নিজের দ্যুতি ছড়িয়ে তরুণীদের কাছে রীতিমতো ক্রেজে পরিণত হয়েছেন আদিত্য।
৩.
পর্দার প্রেম থেকে বাস্তবে প্রেমের জুটি গড়েছেন—বলিউডে এমন সংখ্যা নেহাত কম নয়। শুধু প্রেম নয়, প্রেমের সম্পর্ককে বিয়েতে পরিণত করেছেন এমন জুটিও রয়েছে এখানে। আদিত্য-শ্রদ্ধা—আশিকি-জুটির পর্দার প্রেম কি তবে বাস্তবে পরিণত হচ্ছে? বলিউড-পাড়ায় এখন এই প্রশ্ন। গণমাধ্যমের বদৌলতে বিষয়টি সবার জানা যে তাঁরা এখন একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছেন। শুধু সময় কাটানোই নয়, রেস্তোরাঁয় গিয়ে দুজনে ছবিও তুলছেন। সম্প্রতি মুম্বাইয়ের এক নৈশক্লাবে এই জুটিকে অন্তরঙ্গভাবে দেখা গেছে। সারা রাতই নৈশক্লাবে নেচেছেন আদিত্য ও শ্রদ্ধা—এক মুহূর্তের জন্য হাত ছাড়েননি একে অপরের।
আশিকি টুর ভক্তরা মনে হয় খুব শিগগির সুখবর পেতে চলেছেন। কথায় বলে, যা রটে তার কিছু তো বটেই!
সাজিদুল হক
মুম্বাই মিরর, জিনিউজ, ইন্ডিয়া টাইমস, বলিউড হাঙ্গামা, হিন্দুস্তান টাইমস, রেডিফ, দ্য টেলিগ্রাফ, উইকিপিডিয়া অবলম্বনে