দুই উৎসবে 'অনিল বাগচীর একদিন'

মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’ ছবিটি দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে। শ্রীলঙ্কায় কলম্বো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৬ নভেম্বর। চলবে থেকে ১১ নভেম্বর পর্যন্ত। আর থাইল্যান্ডে ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ব্যাংকক অনুষ্ঠিত হবে ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত।
ছবির নির্বাহী প্রযোজক এন রাশেদ চৌধুরী জানিয়েছেন, কলম্বোতে ছবিটি প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে। অবশ্য ব্যাংককের উৎসবটি প্রতিযোগিতামূলক নয়। তিনি জানান, আগামী বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে ছবিটি।
হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস। আগামী ১১ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রাক্কালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অনিল বাগচীর একদিন’।
‘অনিল বাগচীর একদিন’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরেফ সৈয়দ, গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, মিশা সওদাগর প্রমুখ। এ ছবির চিত্রগ্রহণের কাজ করেছেন অপু রোজারিও, শব্দ পরিকল্পনা ও সম্পাদনায় ছিলেন রতন পাল, সংগীত পরিচালনা করেছেন সানী জুবায়ের ও শিল্প নির্দেশনা দিয়েছেন অশোক কুমার ঘোষ।