দুই উৎসবে 'জালালের গল্প'

ফ্রান্স ও রাশিয়ায় দুটি উৎসবে দেখানো হবে আবু শাহেদ ইমন পরিচালিত ছবি ‘জালালের গল্প’। এর মধ্যে ফ্রান্সের প্যারিসে এশীয় ছবি নিয়ে অনুষ্ঠিত উৎসব ‘ফেস্টিভ্যাল দু ফিল্ম দ’আসিয়া দু সুদ’-এ ‘ফোকাস বাংলাদেশ’ বিভাগে প্রদর্শিত হবে ছবিটি। এই বিভাগে বাংলাদেশ থেকে আরও অংশ নিচ্ছে ‘টেলিভিশন’, ‘মাটির ময়না’, ‘মেহেরজান’ ছবিগুলো। পাশাপাশি উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিটি। গেল ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসবটি শেষ হবে ২৫ অক্টোবর। উল্লেখ্য, এই উৎসবে আন্তর্জাতিক অন্যান্য জুরির পাশাপাশি বিশ্বখ্যাত শিল্পী শাহাবুদ্দিন আহমেদও আছেন জুরি হিসেবে।
এই উৎসবটি শেষ হওয়ার পরের দিনই রাশিয়ার উফা শহরে শুরু হচ্ছে ‘সিলভার আকবুজাত এথনিক ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’। এই উৎসবেও দেখানো হবে ‘জালালের গল্প’। ২২টি দেশের প্রায় ৩০০-র মতো ছবি থেকে বাংলাদেশের পাশাপাশি মঙ্গোলিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান ও রাশিয়ার তিনটি সহ মোট আটটি ছবিকে মূল প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচন করা হয়েছে।
দুটি উৎসবেই আমন্ত্রণ জানানো হয়েছে পরিচালক আবু শাহেদ ইমনকে। যোগ দেওয়ারও কথা রয়েছে তাঁর।