দুই কাকার লড়াই
পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের ‘কাকাবাবু’ নিয়ে এখন কলকাতায় রমরমা অবস্থা! মিসর রহস্য নামের সেই ছবিতে কাকাবাবু চরিত্রটিতে অভিনয় করছেন প্রসেনজিৎ। শুটিংও হচ্ছে মিসরে। তাই ব্যাপারটা নিয়ে বেশ রোমাঞ্চিত সবাই। কাকাবাবুকে নিয়ে টালিউডে এমন হাই বাজেটের ছবি বোধহয় এই প্রথমবারই হচ্ছে। তারই মাঝে সবাইকে চমকে দিলেন পরিচালক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাপস পালকে তিনি বেছে নিয়েছেন কাকাবাবু হিসেবে। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ গল্পটি ধরে ছবিটি বানাবেন অঞ্জন। দর্শক তাহলে দুই কাকাবাবুকে পাচ্ছেন ছবির পর্দায়! তবে দুই কাকাবাবু দুই চরিত্রের। এক কাকাবাবু সাদামাটা, সাজগোজের বেশি খেয়াল নেই। আরেক কাকাবাবু বেশ স্টাইলিশ। এই স্টাইলিশ কাকাবাবু মিসরে অভিযান করছেন, সাদামাটা কাকাবাবু ভারতের সিকিমে। এখন পরিচালক থেকে অভিনেতা, হাড্ডাহাড্ডি লড়াই আর তালে তাল মিলিয়ে রেস করে কোন কাকাবাবু জিতে নেবেন দর্শকের মন, সেটাই দেখার বিষয়।