দুই কালের ‘জন্মসূত্র’
দুটি ভিন্ন সময়ের কাহিনি। এক অংশে ব্রিটিশ আমল, অন্য অংশে স্বাধীনতা-উত্তর কাল। ঘটনার পরম্পরায় মিলেছে একসূত্রে। তা-ই নিয়ে থিয়েটার আরামবাগের নতুন নাটক জন্মসূত্র। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে হলো এর উদ্বোধনী প্রদর্শনী।জন্মসূত্র নাটকের প্রথম অংশের কাহিনি শুরু হয় একটি লঞ্চঘাট নিয়ে। পরে এর সঙ্গে জড়িয়ে যায় মকসুদপুর নামের একটি গ্রামের ঘটনাপ্রবাহ। নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত। মানবজাতি আজ নানা ভাগে বিভক্ত। সৃষ্টি হয়েছে জাতি-উপজাতিতে ভেদাভেদ ও বৈষম্য। জন্মকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে বিভক্তি, তা-ই এক বিশেষ দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে এ নাটকে। এটি থিয়েটারের ৩৪তম প্রযোজনা।গতকাল সন্ধ্যা সাতটায় পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটি শুরুর আগে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। সংস্কৃতিসচিব হেদায়েত উল্লাহ আল মামুন প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী।বইয়ের বিচিত্র ভুবনসবে সন্ধ্যা নেমেছে। ঢাকা আর্ট সেন্টারে ঢুকতেই কানে ভেসে এল বাঁশির সুর। বারান্দা পেরিয়ে গ্যালারির ভেতরে নজর দিয়ে মনে হলো সেখানে যেন বইয়ের এক বিশাল ভুবন।গতকাল থেকে এখানে শুরু হয়েছে জার্মানিপ্রবাসী শিল্পী ওয়াকিলুর রহমানের ‘বুকস, ইউ ক্যান রিড’ শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনী।দুই কক্ষজুড়ে থাকা শিল্পকর্মের বিষয়বস্তু হলো বই। শিল্পী ওয়াকিলুর রহমান জানালেন, ‘আমাদের জীবনে নানাভাবে জড়িয়ে আছে বই। কিছু বই আমাদের আনন্দ দেয়, কিছু ব্যথিত করে। কোনো কোনো বই আলোড়িত করে। মানুষ বই পড়ে প্রকাশ্যে, আবার কখনো গোপনে। একেক সময় একেক অনুভূতি।’ মানুষের সঙ্গে বইয়ের এই সম্পর্ককেই তিনি এবারের প্রদর্শনীতে তুলে ধরেছেন।উদ্বোধনের কোনো আনুষ্ঠানিকতা ছিল না। ঠিক সন্ধ্যা সাতটায় দরজা খুলে দেওয়ার পরপর শিল্পানুরাগীদের উপস্থিতিতে প্রদর্শনীকক্ষ ভরে ওঠে। দর্শকের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে বাঁশি ও গিটারের সুর।নানা আকৃতির, নানা রকমের বইয়ের ব্যবহার করেছেন শিল্পী তাঁর কাজে। কোনো বইয়ের অক্ষরগুলো কেটে দিয়েছেন, কোনোটিতে মুছে দিয়েছেন সাদা রং দিয়ে। কিছু বইয়ে দেখা গেল কোনো রকমের অক্ষর কিংবা রেখার অস্তিত্ব নেই। আধপোড়া বইও তাঁর শিল্পকর্মের অনুষঙ্গ হয়েছে। প্রতিটি শিল্পকর্ম দর্শকমনে আলাদা ভাবনা সৃষ্টি করে। তবে শিল্পকর্মগুলোর আলাদা কোনো শিরোনাম দেননি শিল্পী।শিল্পী ওয়াকিলুর রহমান দীর্ঘদিন ধরে জার্মানিতে বসবাস করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন চীন থেকে। প্রদর্শনীটি চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।চিত্রা থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকীনড়াইল প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সুলতান মঞ্চে চিত্রা থিয়েটারের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনটি ‘জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে’ স্লোগান নিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সকালে গণকবর, বধ্যভূমি ও শিল্পী এস এম সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শোভাযাত্রা, বিকেলে একক অভিনয় প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ইভ টিজিংয়ের ওপর আসাদুর রহমানের রচনা ও নির্দেশনায় নাটক দ্য নিরর।অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বভাবকবি বিপিন সরকার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন থিয়েটারের সভাপতি মুন্সি মোহাম্মদ হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চিত্রা থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যকার কচি খন্দকার, প্রদ্যোৎ ভট্টাচার্য, নাট্যকার মিলন ভট্টাচার্য ও নাজমুল হাসান।