দুই ঘণ্টার সফরে ঢাকায় সঞ্জয়, ফারদিন ও সুনীল শেঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুই ঘণ্টার সফরে আজ সন্ধ্যা ছয়টায় ঢাকা সফরে আসছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, সুনীল শেঠি ও ফারদিন খান। তবে কোনো সিনেমা কিংবা স্টেজ শোতে অংশ নেওয়ার জন্য নয়। আজ সন্ধ্যা ছয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের পৌঁছানোর কথা। বহুজাতিক কোম্পানি ভিএইচ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান উত্তরা ফুডসের কয়েকটি পণ্যের প্রচার ও প্রসারের জন্য তাঁদের বাংলাদেশে আগমন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানটি সম্পন্ন হবে। দুই ঘণ্টার এ সফরে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, সুনীল শেঠী ও ফারদিন খান সরাসরি বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে এসে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে ফিরতি ফ্লাইটে তাঁরা ঢাকা ছাড়বেন বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। অনুষ্ঠান সম্পর্কে ভিএইচ গ্রুপ আরও জানায়, বাংলাদেশে নিজেদের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড সম্প্রসারণের অংশ হিসেবে এ আয়োজন করা হচ্ছে। এবার বলিউড তারকাদের সফরটা বাণিজ্যিক হলেও ভবিষ্যতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে বলেও জানা গেছে।