দুই ছবির আইটেম গানে এলিটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলিটা
এলিটা

সংগীতশিল্পী এলিটা ২০০৯ সালে প্রথম চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। হূদয় খানের সুর ও সংগীতে ছবিটির নাম ছিল ‘আই লাভ ইউ’। ছবিটির গানে এলিটার সহশিল্পী হিসেবেও ছিলেন হূদয়। সম্প্রতি একসঙ্গে দুটি চলচ্চিত্রের আইটেম গানে কণ্ঠ দিলেন এলিটা। ছবি দুটি হলো ফুয়াদ আল মুক্তাদিরের সুরে ‘মোস্ট ওয়েলকাম টু’ এবং অদিতের সুরে ‘রাজত্ব’। ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘রাজত্ব’ ছবির গান দুটির কথা লিখেছেন যথাক্রমে শাহান কবন্ধ ও রবিউল ইসলাম জীবন।
‘রাজত্ব’ ছবির গানটি প্রসঙ্গে এলিটা বলেন, ‘অদিতের একটা ভিন্নধর্মী স্টাইল আছে। রাজত্ব ছবির গানটিতে সেই স্টাইলের একটা ছাপ থাকছে। শুনেছি গানটিতে টেকনো মিক্স করা হবে। গানটি গাইতে গিয়ে শুরুতে খুব টেনশন হচ্ছিল। পরে খুব মজা করে গেয়ে ফেলেছি। সব মিলিয়ে অভিজ্ঞতাটা দারুণ!’
আর ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবিতে ফুয়াদের সুর করা গানটি নিয়ে এলিটা বলেন, ‘এই গানে কণ্ঠ দিয়ে ভালো লেগেছে। আশা করছি, গানটি শুনে সবার ভালো লাগবে।’
অদিত বলেন, ‘অন্তহীন’ ও ‘অন্তহীন-টু’সহ কয়েকটি অ্যালবামে এলিটার সঙ্গে কাজ করেছি। এবারের কাজটি ছিল একেবারেই অন্য রকম। দুজনই খুব এনজয় করেছি।’
উল্লেখ্য, এলিটা ও মাহাদীর ‘অন্তহীন-টু’ অ্যালবামটি প্রকাশের অপেক্ষায়। আসিফ ইকবালের কথায় এ অ্যালবামের সব গানের সুর ও সংগীত করেছেন অদিত।