দুই দশক পর আবার...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দশক পর আবার চলচ্চিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। সরকারের অনুদান পাওয়া এই ছবির নাম কাজলের দিনরাত্রি। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি করছেন সজল খালেদ। ১৫ জুন ছবিটির শুটিং শুরু হবে। এরই মধ্যে সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।আফজাল সর্বশেষ অভিনয় করেছিলেন আবদুল্লাহ আল-মামুনের দুই জীবন ছবিতে। এর আগের ছবিটি ছিল আবদুল লতিফ বাচ্চুর নতুন বউ। এর মাঝে আরও দুটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি—সৈয়দ সালাউদ্দিন জাকীর বরফ এবং উদয়ন চৌধুরীর ডাক দিয়ে যায়। এই ছবি দুটির কাজ মাঝপথেই থেমে যায়।সত্তর, আশি ও নব্বইয়ের দশকে টিভি ও মঞ্চে দারুণ জনপ্রিয় ছিলেন আফজাল হোসেন। আর তখনই বাণিজ্যিক ধারার ছবিতে অভিনয়ের অনেক প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু এই চারটি ছবির পর আর বড় পর্দায় কাজ করার ব্যাপারে আগ্রহী হননি। বললেন, ‘বড় পর্দায় কাজ করার ব্যাপারে আমার যে একেবারেই আগ্রহ ছিল না, তা নয়। একসময় দোটানায় পড়ে গিয়েছিলাম। কিন্তু যে ধরনের ছবির প্রস্তাব পেয়েছিলাম, তাতে কাজ করার ব্যাপারে আপত্তি ছিল।’কাজলের দিনরাত্রি ছবিতে অভিনয়ের ব্যাপারে তিনি বললেন, ‘আমি তো এখন এমনিতেই কম অভিনয় করি। তার ওপর চলচ্চিত্রে তো অনেক বছর একেবারেই কাজ করছি না। আর সময়ও তেমন পাই না। কাজলের দিনরাত্রি ছবির পরিচালক আমাকে খুবই অনুরোধ করেছেন। তিনি চান, তাঁর প্রথম ছবিতে আমি যেন অভিনয় করি। চিত্রনাট্যের একটা কপি দিয়েছেন। তাঁর সঙ্গে অভিনয়ের ব্যাপারে আলোচনা হয়েছে।’পরিচালকের মতে, কাজলের দিনরাত্রি শিশুতোষ ছবি। আফজাল বললেন, ‘শিশুতোষ কিংবা বড়দের ছবি বলে আমি আলাদা কিছু বলতে চাই না। আমার কাছে চলচ্চিত্র মানেই চলচ্চিত্র। আর আমি সেখানে অভিনয়শিল্পী। শুধু ছোটরা নয়, বড়রাও ছবিটি দেখতে পারবেন।’