দুই দিন পেছাল চ্যানেল আই-রবীন্দ্রমেলা

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৮ মে চ্যানেল আই কার্যালয়ে দিনব্যাপী রবীন্দ্রমেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল সোমবারের সংবাদ সম্মেলনেও তেমনটাই জানানো হয়েছিল। কিন্তু সময় ও ভেন্যু অপরিবর্তিত থাকলেও ৮ ও ৯ মে হরতালের কারণে শেষ পর্যন্ত রবীন্দ্রমেলার অষ্টম আসরের দিনব্যাপী অনুষ্ঠান হবে ১০ মে।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানিয়েছেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি খুব একটা ভালো না। এর মধ্যে আবার হরতাল। নিরাপত্তার কথা ভেবেই রবীন্দ্রমেলার এবারের আসরের দিনটি পিছিয়ে দিতে হয়েছে।’
এদিকে অষ্টম রবীন্দ্রমেলা পরিচালনা কমিটির অন্যতম পরিচালক আমীরুল ইসলাম বলেন, ‘বরাবরের মতো এবারও আমরা নানা আয়োজনে দিনব্যাপী রবীন্দ্রমেলা পালনের উদ্যোগ নিয়েছি। অনুষ্ঠানে দেশের গুণী ব্যক্তিত্বদের পাশাপাশি শিশুদেরও অংশগ্রহণ থাকবে। তিনি বলেন, হরতালের কারণে পুরো আয়োজনের সৌন্দর্যটা অনেকাংশে কমে যেত। পাশাপাশি মেলায় আগত অতিথিদের নিরাপত্তার কথা ভেবেই ছুটির দিনে রবীন্দ্রমেলা পালনের সিদ্ধান্ত নিতে হয়েছে।’
রবীন্দ্র-সৃষ্টিকর্ম নিয়ে গবেষণার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য চ্যানেল আইয়ের এবারের রবীন্দ্রমেলার আজীবন সম্মাননা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।