নজরুলজয়ন্তী উপলক্ষে এসেছে ইয়াসমিন মুশতারীর নতুন অ্যালবাম ‘প্রাণের মেলায়’। নজরুলসংগীতের এই অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। কথা হলো ইয়াসমিন মুশতারীর সঙ্গে। প্রাণের মেলায় অ্যালবামের কাজ কবে করেছিলেন?এ মাসেরই গোড়ার দিকে। প্রস্তুতিটা আগে থেকেই ছিল। কিন্তু হঠাৎ সুযোগ পেয়ে চলে গেলাম ভারতের কলকাতায়। ওখানে স্টুডিও থ্রিতে মাত্র দুই দিনে ১২টি গানে কণ্ঠ দিয়েছি। পুরো অ্যালবামের সংগীতায়োজন করেছেন রাহুল চট্টোপাধ্যায়। তিনি প্রখ্যাত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ের জামাই।এটি আপনার কততম একক অ্যালবাম?৮ নম্বর। এর মধ্যে একটি ছিল মৌলিক আধুনিক গানের। অন্যগুলো নজরুলসংগীতের। নতুন অ্যালবামের গানগুলো নিয়ে কিছু বলুন।এই অ্যালবামে যে গানগুলো গেয়েছি; এর আগে টিভি, বেতার কিংবা মঞ্চে কখনোই তা গাওয়া হয়নি। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনেছি, কিন্তু গাওয়ার সাহস করিনি। কারণ ওগুলো ওনাদের কণ্ঠেই শুনতে দারুণ লাগত। যেমন, ‘কেন মনোবনে’ গানটি সেই ছোটবেলা থেকে আমার বড় বোন শবনম মুশতারীর কণ্ঠে শুনেছি। ফেরদৌসী রহমানের কণ্ঠে খুব ভালো লাগত ‘কথা কও’। ধীরেন্দ্রচন্দ্র মিত্রের মধুঝরা কণ্ঠে ‘নীলাম্বরী’ গানটি শুনলে মনে হতো, আর কেউ ওভাবে গাইতে পারবে না। এ ছাড়া নীলুফার ইয়াসমীনের গাওয়া ‘মনে পড়ে’ আমার খুব পছন্দের গান। পাশাপাশি খুব অপরিচিত গানও করেছি, ‘আমি সূর্যমুখী’, ‘সেদিন ছিল কি’, ‘ডেকে ডেকে কেন’।কিছুদিন আগে শুনেছিলাম, আপনি আধুনিক গানের অ্যালবাম করছেন। ওটার কী খবর?সাতটা গান হয়ে গেছে। আরও দুটো করব। সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন শান্তনু। আসলে নানা কাজে ব্যস্ত থাকায় ওই দুটো গান শেষ করতে দেরি হচ্ছে। আশা করছি জুলাই নাগাদ এটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব। আমার প্রথম অ্যালবামের নাম সেদিনের এক বিকেলে। ওটা খুব প্রশংসিত হয়েছিল। তাই এবার একটু সময় নিয়ে কাজ করছি। আর কোনো অ্যালবামের খবর আছে?উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী মেহেদী হাসান ঢাকায় এসেছিলেন ১৯৮৭ সালে। তখন তিনি বাবার বাসায় আমার গান শুনে খুব প্রশংসা করেছিলেন। তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য একটি অ্যালবাম করেছি। এই অ্যালবামে মেহেদী হাসানের গাওয়া ১২টি গজল গেয়েছি। এ বছর এটাও বের করার ইচ্ছা আছে।