দুই দেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মুক্তি পাচ্ছে মনের মানুষ। ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে ছবিটি মুক্তি পাবে। এদিকে মনের মানুষ ছবিটি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ৪১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। গতকাল বৃহস্পতিবার উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে আছে৪০ লাখ রুপি, ক্রেস্ট ও সনদপত্র।সমাপনী অনুষ্ঠানে মনের মানুষ ছবির পরিচালক গৌতম ঘোষ, প্রযোজক হাবিবুর রহমান খান, অভিনেতা প্রসেনজিৎ ও প্রিয়াংশু চ্যাটার্জি উপস্থিত ছিলেন। ছবিটির অন্যতম প্রযোজক ইমপ্রেস টেলিফিল্মের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাস অবলম্বনে এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, চম্পা, চঞ্চল চৌধুরী, তাথৈ, রোকেয়া প্রাচী, পাওলি দাম প্রমুখ।জানা গেছে, ছবিটি একই দিনে বাংলাদেশ ও ভারতে মুক্তি দেওয়া হচ্ছে। আর এ ছবির প্রচারণা চালাতেই আগামীকাল শনিবার ঢাকায় আসছেন প্রসেনজিৎ।ছবির মুক্তি উপলক্ষে চঞ্চল বললেন, ‘আমি আসলে আর কিছু সময়ের জন্য অপেক্ষা করছি। বলতে পারেন এটি ছিল আমার একটি স্বপ্ন। সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। ছবিতে কালোয়া মীর্জা হতে আপ্রাণ চেষ্টা করেছি।’চম্পা এ ছবিতে লালন শাহের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। ‘চরিত্রটি অল্প, তবে গৌতম ঘোষের অনবদ্য এই সৃষ্টির একজন হতে পারাটাও যেকোনো শিল্পীর জন্যই সম্মানের।’ বলছিলেন চম্পা।মনের মানুষ ছবিতে লালনের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। এই একটি ছবিতে অভিনয় করার জন্য কলকাতায় প্রসেনজিৎকে বাণিজ্যিক ছবির কাজ বন্ধ রাখতে হয়েছে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময়। লালনের বেশ ধরার জন্য লোকালয় ছাড়তে হয়েছে প্রসেনজিৎকে। শুটিং করতে প্রসেনজিৎ বাংলাদেশে এসেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘একটি মনের মানুষের সঙ্গে ১০টি ছবির তুলনা করা চলে না। মনের মানুষ উপন্যাসটির কথা যখন গৌতম ঘোষ বললেন, আমি এক বাক্যেই বলেছি, রাজি। আর এ জন্য যা যা করতে হয়, তা-ই করব। করেছিও।’ মনের মানুষ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র।