দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন সদস্যরা নৃত্য পরিবেশন করে। ছবি: জুয়েল শীল
বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন সদস্যরা নৃত্য পরিবেশন করে। ছবি: জুয়েল শীল

সেলফি আর সেলফি। ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত সেলফি, পাহাড়ের কিনারায়, বিয়ে অনুষ্ঠানের শেষে কান্নারত অবস্থায় শ্বশুরবাড়ি যাওয়ার পথেও সেলফি। এমনকি শৌচাগারেরও সেলফি তোলা। এ রকম হুজুগের প্রবণতা নিয়ে ‘সেলফিস সেলফি’ শীর্ষক মূকাভিনয় পরিবেশন করেন বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের সদস্য সাজু রায় ও সাদিয়া জান্নাত। তাঁরা এই মূকাভিনয় পরিবেশন করেন ভারতের গুজরাট টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে।

মাইম পরিবেশন করছেন বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন সদস্যরা
মাইম পরিবেশন করছেন বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন সদস্যরা

বাংলাদেশ থেকে এক শ তরুণকে আট দিনের ভারত সফরে নিয়ে যায় ভারত সরকার। সফরের সময় ৪ থেকে ১১ ডিসেম্বর ছিল নানা আয়োজন। এতে ভারতের সংস্কৃতি, জাদুঘর, স্থাপনা ও ব্যবসা সম্পর্কে ধারণা দেওয়া হয়। ছিল রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানও। সফরের পঞ্চম দিনে গুজরাট টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দুই দেশের সংস্কৃতি আদান-প্রদানের অনুষ্ঠান হয়। প্রায় চার ঘণ্টার অনুষ্ঠানে প্রথমে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রথমে গোল করে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে যায়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে বসে সংস্কৃতি বিনিময়ের আসর।
গুজরাটি রাগে ‘মা সরস্বতী সাদরে’ শীর্ষক আরতি গান পরিবেশনের মাধ্যমে এই পর্ব শুরু হয়। এরপর গুজরাটের নিজস্ব ঢঙে ‘বুশ না ভান মা থায়ে ভাটো পাবানানি’ শীর্ষক সরগম সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। এরপর চিত্রাঙ্কন করতে মঞ্চে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়দীপ বানাদ। শুরু থেকে এই চিত্রাঙ্কনের বিষয়বস্তু সবার কাছে অস্পষ্ট থাকলেও কয়েক মিনিট পর বোর্ডটি উল্টে দিলে দেখা যায় সেটা আইনস্টাইনের ছবি। সবাই দাঁড়িয়ে ও করতালি দিয়ে এই চিত্রকরকে অভিনন্দন জানান। এরপর রবিন জোসেফ নামের এক শিক্ষার্থী মুখ দিয়েই বিভিন্ন যন্ত্রের সুর তোলেন। তাঁকেও সবাই করতালি দিয়ে অভিনন্দন জানান। এরপর গানের ছন্দে দলীয়ভাবে গুজরাটের স্থানীয় নাচ করেন শিক্ষার্থীরা।
গুজরাটিদের পর মঞ্চে ওঠেন বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের সদস্যরা।
‘আমি বাংলায় গান গাই’ গানের মাধ্যমে এই পর্ব শুরু করে বাংলাদেশের শিল্পীরা। ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী’, ‘আমরা করব জয়’, ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ এ রকম বহুল পরিচিত দেশাত্মবোধক গান করেন শিল্পী দেবলীনা, রাজু, সুরাইয়া শাকিলা ও অপু।
শেষের দিকে ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’ পরিবেশনের সময় মঞ্চের সামনে নাচতে আসন ছেড়ে উঠে আসেন গুজরাটের শিক্ষার্থীরাসহ বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের সদস্যরা। পরে আবৃত্তি পরিবেশন করেন আরিক আনাম খান, কাজী নজরুল ইসলাম ও মাহিদুল ইসলাম। এরপর দলীয় নৃত্যে অংশ নেন মাহতারিমা শারমীন, নাজিবা বাশার, প্রিষুতি চাকমা, শারমিন জুয়াইরিয়া ও উম্মে সালমা। সবশেষে সবাই একসঙ্গে মূল মাঠে গানের তালে নেচে অনুষ্ঠান শেষ হয়। পরে গুজরাট শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের সদস্যরা ফেসবুক আইডি আদান-প্রদান করেন। তোলা হয় সেলফি।