
আগামী ঈদে দেশজুড়ে চারটি ছবি মুক্তি পাচ্ছে। তার মধ্যে তিনটি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে দুজন নবাগত নায়ক-নায়িকার অভিষেক ঘটতে যাচ্ছে ঢালিউডে। একজন শাকিব খানের নায়িকা শবনম বুবলি, আরেকজন পরীমনির নায়ক রোশান। এর মধ্যে শাকিব খানের বিপরীতে ঈদের দুই ছবি বসগিরি ও শুটার-এর নায়িকা হিসেবে রুপালি পর্দায় অভিষেক হবে বুবলির। প্রথম ছবিই ঈদে মুক্তি, তা-ও একসঙ্গে দুটি। দুই ছবিতেই আবার শাকিব খানের বিপরীতে অভিনয়। এ যেন এক অন্য রকমের অভিষেক বুবলির। রোমাঞ্চিত বুবলি বলেন, ‘নতুন হিসেবে এত বড় পাওয়া ঢাকার চলচ্চিত্রে আর কেউ পেয়েছেন বলে আমার জানা নেই।’ বুবলি মনে করেন, তাঁর জন্য চলচ্চিত্রে রাজকীয় অভিষেক এটি। বুবলি বলেন, ‘শাকিব খানের কারণে দর্শকেরা প্রেক্ষাগৃহমুখী হবেন। সেই ছবির নায়িকা হিসেবে দ্রুতই দর্শকের কাছে পৌঁছাতে পারব। সত্যি আমি ভাগ্যবতী।’

বুবলি ছিলেন টেলিভিশন সংবাদ পাঠিকা। এখন হয়েছেন চলচ্চিত্রের নায়িকা। এত দিন দর্শককে সংবাদ পরিবেশন করলেও এখন নিজেই সংবাদের শিরোনাম হয়ে উঠেছেন। বিষয়টি বুবলির কাছে অপ্রত্যাশিত ছিল। আর এ জন্য তিনি শাকিব খানের কাছে কৃতজ্ঞও। বুবলি বলেন, ‘তাঁর সহযোগিতার কারণেই আমি আজ নায়িকা হওয়ার সুযোগ পেয়েছি।’
প্রথম কাজ বসগিরি ছবিতে। এরপর শুটার। দুটি ছবির মধ্যে কোনটাকে এগিয়ে রাখতে চান বুবলি? তাঁর মতামত, দুটি ছবিই সন্তানের মতো। সমান মনোযোগ দিয়েই কাজ করেছেন তিনি। তারপরেও বসগিরিকে এখানে এগিয়ে রাখলেন এই নবাগত নায়িকা।
এরই মধ্যে ছবিটির প্রচার-প্রচারণায়ও নেমে পড়েছেন শাকিব-বুবলি জুটি। বিভিন্ন চ্যানেল, পত্রিকা অফিসে ছুটছেন। প্রচার কাজে যমুনা টেলিভিশন থেকে মাছরাঙা যাওয়ার পথে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘ছবির শুটিংয়ে তো অনেক কষ্ট করলাম। এখন ছবির প্রচার-প্রচারণা নিয়ে এইটুকু কষ্ট করি। কষ্ট করলে নাকি কেষ্ট মেলে।’
বড় পর্দায় নিজেকে প্রথম কোন প্রেক্ষাগৃহে বসে দেখবেন—জানতে চাইলে বুবলি বলেন, ‘ঈদের দিন ব্লকবাস্টারে প্রথম বসগিরি ছবিটি দেখব। এরপর শুটার।’
অন্যদিকে যৌথ প্রযোজনার রক্ত ছবি দিয়ে ঈদে বড় পর্দায় প্রথম আবির্ভাব হবে আরেক নবাগত রোশানের। বুবলির দুটি ছবির শুটিং শেষ হলেও রোশানের রক্ত ছবির গানের দৃশ্য এখনো বাকি। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এর মধ্যেই গানের কাজ শেষ হয়ে যাবে। এদিকে ছবি মুক্তির আগেই রক্ত ছবির গান পর্যায়ক্রমে ইউটিউবে মুক্তি দেওয়া হচ্ছে। রোশান মনে করছেন, ছবি মুক্তির আগেই ইউটিউবের গান দিয়েই দর্শকের কাছে পৌঁছে যাবেন তিনি। বলেন, ‘ছবির সবগুলো গানই দারুণ।’
কিন্তু গল্প তো লেডি অ্যাকশনধর্মী। তাহলে ছবিতে রোশানের জায়গা কতটুকু? তিনি বলেন, ‘লেডি অ্যাকশনের ছবি হলেও ছবিজুড়ে আমার আর পরীমনিকে প্রায় সমানভাবেই পাবেন দর্শকরা।’
প্রথম ছবিই যৌথ প্রযোজনায়। আবার ঈদে মুক্তি। বুবলির মতো রোশানও উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমি ভাবতেই পারিনি চলচ্চিত্রে আমার অভিষেক এত ভালোভাবে হবে। এর আগে ছবির প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি অপেক্ষা করেছি। সেই ফল আমি পেয়েছি।’ এরই মধ্যে দুই প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছবি সম্পাদনার সময় ফুটেজে তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন বলে জানান রোশান।