দুই নতুনের সঙ্গে বাপ্পী

নতুন দুই নায়িকার সঙ্গে অভিনয় শুরু করেছেন অভিনেতা বাপ্পী। নতুন এ ছবির নাম ‘মিসডকল’। পরিচালনা করছেন সাফি উদ্দিন। এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে। এফডিসি ও উত্তরার একটি বাড়িতে চলছে শুটিং। বাপ্পীর সঙ্গের নতুন দুই নায়িকার নাম মুগ্ধতা ও তামান্না।
নতুন দুই নায়িকার সঙ্গে অভিনয় প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘নতুনদের সঙ্গে অভিনয় করা নিয়ে আমার মধ্যে জড়তা কম। আমি চাই নতুনেরা চলচ্চিত্রে আসুক।’
নতুনদের নিয়ে বরাবরই কাজ করেন সাফি উদ্দিন। বললেন, ‘নতুন এ দুই নায়িকার মধ্যে আমি সম্ভাবনা দেখেছি। আমার কাছে মনে হয়েছে এই দুজন হতে পারে আগামী দিনের তারকা। তাই তাঁদের নিয়ে শুরু করলাম সিনেমাটি।’
নতুন দুই নবাগতার মধ্যে মুগ্ধতা ইংরেজি সাহিত্যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। কাজ করেছেন বেশ কয়েকটি টিভি নাটকে। আর তামান্না সম্প্রতি ভর্তি হয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
পরিচালক নতুন ছবিটির গল্প প্রসঙ্গে জানালেন, ‘একটি মিসডকল ঘিরেই গড়ে উঠেছে এর গল্প। মিসডকল ঘিরে কত ধরনের বিড়ম্বনা হতে পারে তা-ই দেখবে দর্শক।’
এদিকে অভিনেতা বাপ্পীর এরই মধ্যে ১৭টি ছবি মুক্তি পেয়েছে। আসছে ১৬ অক্টোবর মুক্তি পাবে তার ‘আজব প্রেম’ নামে আরও একটি ছবি। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন পরীমনি।