দুই নদীর পাড়ে 'আলতাবানু'র শুটিং

আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে অরুণ চৌধুরীর প্রথম চলচ্চিত্র আলতাবানুর শুটিং। এফডিসি কিংবা কোনো শুটিংবাড়ি নয়, আলতা ও বানু নামে দুই বোন ঘুরে বেড়াবে দেশের দুই নদীর পাড় ধরে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছেন পরিচালক। গতকাল রোববার জানালেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালিগঙ্গা নদীর পাড়ে শুটিং শুরু হবে ৬ জুলাই থেকে। চলবে ২২ জুলাই পর্যন্ত। তিন-চার দিনের বিরতির পর আলতাবানুর ক্যামেরা ছুটবে কুমিল্লায়। সেখানে গোমতী নদীর পাড়ে বেশ কয়েক দিন শুটিং চলবে।
আলতা ও বানু নামের দুই বোনের জীবনের নানা ঘটনা নিয়ে এগিয়েছে চলচ্চিত্রটির গল্প। আলতা চরিত্রে অভিনয় করবেন জাকিয়া বারী মম এবং বানু চরিত্রে অভিনয় করবেন ফারজানা রিক্তা। ছবিতে আরও আছেন আনিসুর রহমান মিলন, দিলারা জামান, আহসানুল হক ও সাবেরি আলম।
গল্প প্রসঙ্গে অরুণ চৌধুরী বললেন, বড় বোনের বিয়ের ঘটনার সূত্র ধরে হঠাৎ করে হারিয়ে যায় ছোট বোন বানু। ছোট বোনকে খুঁজতে বের হয় আলতা। এ নিয়েই সিনেমাটির গল্প।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিতব্য ছবিটির শুটিং শেষ হবে ২৫ দিনের মধ্যে। সম্পাদনাসহ আনুষঙ্গিক কাজ শেষ করে এ বছরই ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক।