দুই নাটক নিয়ে ভারত সফরে উদীচী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হাফ আখড়াই’ নাটকের একটি দৃশ্য
‘হাফ আখড়াই’ নাটকের একটি দৃশ্য

ভারতের বর্ধমানে আয়োজিত গঙ্গা-যমুনা নাট্য উৎসবে আমন্ত্রিত দল হিসেবে দুটি নাটক নিয়ে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচীর এই দুটি নাটক হলো— ‘হাফ আখড়াই’ এবং ‘বৌ-বসন্তি’। উদীচীর ৩০ সদস্যের একটি দল আজ ভারতের উদ্দেশ্যে রওনা হচ্ছে বলেই জানিয়েছেন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার।
আগামীকাল শুক্রবার বর্ধমানের সংস্কৃতি মঞ্চে উদীচী পরিবেশন করবে তাদের নাটক ‘হাফ আখড়াই’। এর পরদিন, ৩ অক্টোবর শনিবার একই মঞ্চে পরিবেশিত হবে উদীচীর নাটক ‘বৌ-বসন্তি’।
উদীচীর কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম এ সফরে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দুটি নাটকেরই নাট্যকার উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক রতন সিদ্দিকী এবং নির্দেশক আজাদ আবুল কালাম।
‘হাফ আখড়াই’ নাটকটির গল্প উনিশ শতকের গোড়ার দিকের বাংলা টপ্পা গানের একটি দলকে ঘিরে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, নারীর প্রতি সে সময়ের সমাজের দৃষ্টিভঙ্গি, ধনী-গরিব বৈষম্য প্রভৃতি বিষয়ই এ নাটকটির মূল প্রতিপাদ্য। নাট্যকার রতন সিদ্দিকী জানিয়েছেন, ‘১৮০৪ সালে বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত কলকাতায় প্রতিষ্ঠা করেন আখড়াই।
নিজস্ব পদ্ধতিতে সংগীত শিক্ষা প্রচলনের মাধ্যমে রামনিধি গুপ্ত দ্রুত কলকাতার অভিজাত শ্রেণির দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু, বয়সের কারণে শিষ্য মোহন চাঁদের কাছে দায়িত্ব হস্তান্তরের পরই ধীরে ধীরে পাল্টাতে থাকে তাঁর প্রতিষ্ঠিত আখড়াইয়ের চেহারা। গুরু-শিষ্যের দ্বন্দ্বের একপর্যায়ে মোহন চাঁদ গঠন করেন আলাদা দল। যার নাম ‘হাফ আখড়াই’। এই দ্বন্দ্বই অত্যন্ত সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে ‘হাফ আখড়াই’ নাটকে।

নাটকটির পরিচালক আজাদ আবুল কালামের মতে, মোহন চাঁদের হাতে দলের দায়িত্ব যাওয়ার পর বাংলা টপ্পা গানের আরেক বাঁক পরিবর্তন দেখা দেয়। এ পরিবর্তন বাংলা গানকে গণমুখী করেছিল। তাঁর কথায়, ‘ঐতিহাসিক উপাদান এখানে মূল উপজীব্য নয়’।
অন্যদিকে, উদীচীর ‘বৌ-বসন্তি’ নাটকটির সময়কাল ১৯৭১ সাল। তৎ​কালীন পূর্ব পাকিস্তানে নাটকের আরম্ভ আর বাংলাদেশে এসে সমাপ্তি। দেশ স্বাধীন হওয়ার আগে যেমন স্বাধিকার প্রমত্ত বাঙালি ছিল। যখন স্বাধীন দেশ, তখনো দেশের বাঙালিদের মধ্যে লুকিয়ে আছে কতিপয় স্বাধীনতা বিরোধী। এই রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষাপটে কোনো এক গ্রামীণ জনপদের জীবন বৈচিত্র্য প্রকাশ পেয়েছে ‘বৌ-বসন্তি’ নাটকে।
‘বৌ-বসন্তি’ নাটকটির গল্প ঘুরপাক খায় গ্রামের চোর বদর ও মনুর জীবনের নানা কর্মকাণ্ডকে কেন্দ্র করে। বদর একই গ্রামের ভিক্ষুকের মেয়েকে ভালোবাসলেও প্রত্যাখ্যাত হয়। পরে, সালিসে গ্রামছাড়া হয়ে গঞ্জে গিয়ে আরেকজনকে বিয়ে করলেও নতুন বউয়ের নানা বায়না মেটাতে হিমশিম খায় সে। একপর্যায়ে তার সেই স্ত্রী-ও পাকিস্তানি হানাদার বাহিনীর মদদদানকারী ধূর্ত প্রতারক মঈনের হাত ধরে পালিয়ে যায়।
সম্পর্কের এই টানাপোড়েনের পাশাপাশি ‘বৌ-বসন্তি’ নাটকটিতে মহান মুক্তিযুদ্ধের সময়কার নানা ঘটনা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় শহর ছেড়ে মানুষের গ্রামে ছুটে চলা, বাজারে নিত্যপণ্যের হাহাকার, রাজাকারদের নানা কর্মকাণ্ড ফুটিয়ে তোলা ছাড়াও দেখানো হয়েছে কীভাবে গ্রামের সহজ-সরল মানুষদের নানা কূটকৌশলে বিভ্রান্ত করা হতো।