টানা ৭২ ঘণ্টার হরতালের আগের বিকেল। যুদ্ধাপরাধীর বিচারকে কেন্দ্র করে এই হরতালের মধ্যে সবখানে কেমন একটা গুমোট পরিবেশ। তার আঁচ লেগেছে এফডিসিতেও। এফডিসির প্রধান ফটক ফাঁকা। ৮-১০ জন পুলিশ পাহারা দিচ্ছে ফটকটি। তবে ভেতরে শুটিং বন্ধ নেই। ভেতরে গিয়ে দেখা গেল, ৯ নম্বর ফ্লোরের সামনে একদল মানুষ। জটলা। এর মধ্যে মানুষজনের ভিড় ঠেলে ৯ নম্বর ফ্লোর থেকে হঠাৎ বের হলেন শাকিব খান। তাঁর শরীরে পুলিশের পোশাক। রাস্তা পার হয়ে ৪ নম্বর ফ্লোরের দিকে হাঁটছেন। এবার শাকিবের পিছু ধাওয়া করতে হলো। কিন্তু হঠাৎই আবার গ্রিনরুমে গিয়ে ঢুকলেন তিনি। সেখানে ঢুঁ দিতেই দেখি, মেকআপে ব্যস্ত নায়ক। এর ফাঁকেই একগাল হাসি দিয়ে হাই-হ্যালো পর্ব সারলেন। এরপর তাঁর সঙ্গে শুরু হলো গল্প। কী ছবির শুটিং করছেন? ‘ফুল অ্যান্ড ফাইনাল। এখানে আমি একজন পুলিশ কর্মকর্তা। পরিচালক মালেক আফসারী।’ শাকিব বললেন।দ্বিতীয় প্রশ্ন: আপনাকে বিধ্বস্ত দেখাচ্ছে কেন? ‘এ ছবিতে গডফাদারের আস্তানায় হানা দিতে গিয়ে গডফাদারের পোষা মাস্তান বাহিনীর সঙ্গে অনেক মারামারি-গোলাগুলি করতে হয়েছে। দৃশ্যটি শুরু হয়েছে গতকাল সন্ধ্যা থেকে।’ কথা বলতে বলতে আবার মেকআপে ব্যস্ত হলেন ঢালিউডের খান। সেখান থেকে পাততাড়ি গুটিয়ে আবার যাত্রা ৯ নম্বর ফ্লোর। স্টুডিওর ভেতরে পৌঁছে কপালে উঠল চোখ—ফ্লোরজুড়ে বিশাল সেট ফেলা হয়েছে। এখানেই চলছে ফুল অ্যান্ড ফাইনাল ছবির শুটিং। ভেতরের এক কোণের দেয়ালে বড় হার্ডবোর্ড সাঁটানো। তার মধ্যে বারবার জ্বলছে-নিভছে অসংখ্য লাল-নীল-সবুজ বাতি। বাতিগুলোর পাশেই লেখা ‘ডেঞ্জারজোন’। স্টুডিওর মাঝামাঝি বিরাট টেবিল। তার ওপরে ছোট পলিথিন ব্যাগে ময়দা ভরে তৈরি করা হয়েছে হিরোইনের প্যাকেট। পাশে সারবেঁধে বড় কাচের ড্রামে রঙিন পানি। বোঝা গেল, এটি আন্ডারওয়ার্ল্ভ্র গডফাদারের আস্তানা।একটু দূরে অমিত হাসানকে দেখা গেল। মনিটরে চোখ। হঠাৎ চিৎকার করে বললেন, ‘ওহ, দারুণ! রিয়েল গডফাদার।’ কিছুক্ষণ আগে ধারণ করা দৃশ্যগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন তিনি। ছবিটিতে তাঁর চরিত্র সম্পর্কে জানতে চাইলে বললেন, ‘আমি এখানে পুলিশ কমিশনার। কিন্তু রাতের অন্ধকারে আবার আন্ডারওয়ার্ল্ডের স্মাগলারও।’চারদিকে ততক্ষণে সন্ধ্যা নেমেছে। ক্যানটিন চত্বরের আঙিনায় দেখা হলো নিরবের সঙ্গে। সঙ্গে গেইম ছবির পরিচালক রয়েল অনিক। এ চলচ্চিত্রে দুই নায়কের একজন নিরব। তিনি বললেন, ‘গেইম-এর পরবর্তী শুটিংয়ের কাজ মিলিয়ে নিচ্ছি।’ এর মধ্যে সেখানে হাজির হলেন ছবির আরেক নায়ক ইরফান খান। এসেই তিনি নিরবকে বললেন রসালো ভঙ্গিতে, ‘পরিচালক আর নায়ক মিলে আমার বিরুদ্ধে গেইম হচ্ছে না তো?’ এরপর সবার একসঙ্গে হাসি—হো হো হো। হাসি থামিয়ে নিরব দুষ্টুমির ছলে ইরফানকে বললেন, ‘ঠিক আছে, পরিচালক সাক্ষী। চলেন, আমরা দুজন পাঞ্জা লড়াইয়ে নামি। গেইমের হার-জিত পাঞ্জায় নির্ধারিত হবে।’ এই মজার খেলায় ইরফানের সায় না দেওয়ার কোনো কারণই নেই। ক্যানটিনের টেবিলেই যুদ্ধে নামলেন দুজন—কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান। শেষে পাঞ্জা খেলার রণে ভঙ্গ দিলেন তাঁরা—দুজনই বিজয়ী।