দুই পদাতিকের ৩২ বছর
১৯৭৮ সালের ২১ জানুয়ারি পদাতিক নাট্য সংসদের যাত্রা শুরু। দীর্ঘ পথচলার পর ২০০৫ সালে এসে দলের কিছু কর্মীর মধ্যে মতবিরোধ দেখা দেয়। ২০০৬ সালে এসে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মধ্যস্থতায় পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ ও পদাতিক নাট্য সংসদ টিএসসি নামে আলাদা হয়ে যায়। তবে তখন থেকে দুটি দলই একই দিনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছে। এবারও দুই পদাতিক ২১ জানুয়ারিকে ধরে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ৩২ বছর পালন করছে। পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ ২৩ জানুয়ারি শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে ‘আনন্দ উত্সব’ নামে এক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অন্যদিকে পদাতিক নাট্য সংসদ টিএসসি আজ নাটক সরণিতে প্রতিষ্ঠার ৩২ বছর উদ্যাপন করছে। পদাতিক নাট্য সংসদ বাংলাদেশের অনুষ্ঠানে দলের নাটক, গানের পাশাপাশি আগরতলার নৃত্যের দলও অংশ নিচ্ছে। দুই পর্বে অনুষ্ঠানমালাকে সাজানো হয়েছে। এ দিন বিকেল পাঁচটায় মূল মিলনায়তনের বাইরে দলীয় কর্মীদের ঢোল, বাঁশি, কাঁসির মাধ্যমে আনন্দ নৃত্য, সাড়ে পাঁচটায় থাকছে দলের প্রতিষ্ঠাতা সভাপতি কুতুবুদ্দিন জাং চৌধুরীর আনন্দ শুভেচ্ছা বক্তব্য এবং এর পরই থাকছে দলীয় কর্মীদের পরিবেশনায় দলের একাধিক নাটকের গান এবং আগরতলা থেকে আগত নৃত্যদলের পরিবেশনায় আনন্দ নৃত্য। এ পর্বে সব শেষে থাকছে ৩০ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বের এক আলোর মিছিল। মিছিলটি মিলনায়তনের বাইরে থেকে মঞ্চে যাত্রা করবে। এরপর মঞ্চে শুরু হবে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আয়োজন। এখানে অনুষ্ঠানের শুরুতে তামান্না রহমানের নেতৃত্বে নৃত্য পরিবেশিত হবে। এরপর বক্তব্য দেবেন আয়োজক দলের দলনেতা সেলিম শামসুল হুদা চৌধুরী। মূল অনুষ্ঠানে বক্তব্য দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইটিআই কেন্দ্রীয় কমিটির সভাপতি রামেন্দু মজুমদার। শেষে থাকছে পদাতিক নাট্য সংসদ বাংলাদেশের প্রযোজনা মূকাভিনয় দিনলিপি। অন্যদিকে পদাতিক নাট্য সংসদ টিএসসির আজকের অনুষ্ঠানমালায় রেখেছে বিকেল তিনটায় আনন্দ শোভাযাত্রা। বিকেল চারটায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সৈয়দ শামসুল হক। এখানে স্বাগত বক্তব্য দেবেন দলের সহসভাপতি নিহাদ কবির, প্রধান অতিথি হিসেবে থাকবেন ম. হামিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ঝুনা চৌধুরী, হাসান আরিফ। বিকেল পাঁচটায় থাকছে দলের কর্মীদের থিয়েটার আড্ডা, নাটকের গান, স্মৃতিচারণা ইত্যাদি। সবশেষে মঞ্চস্থ হবে পল্লিকবি জসীমউদ্দীনের সোজন বাদিয়ার ঘাট নাটকটি।দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কর্মী ও দর্শককে শুভেচ্ছা জানিয়ে পদাতিক নাট্য সংসদ বাংলাদেশের দলীয় প্রধান সেলিম শামসুল হুদা চৌধুরী বলেন, ‘দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রম আর দর্শকের ভালোবাসার কারণেই আমরা এ পর্যন্ত আসতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘বাংলার শেকড়ের সন্ধানে শুদ্ধ সংস্কৃতিতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে আমরা আজীবন কাজ করে যেতে চাই।’গত ৩২ বছরে দুই পদাতিক নাট্য সংসদ প্রায় ২৭টি প্রযোজনা মঞ্চে এনেছে। এর মধ্যে সোজন বাদিয়ার ঘাট, মনসার পালা, ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল, ক্ষেত মজুর খইমুদ্দিন, জলবালিকা, চন্দ্রবতী, বল্লভপুরের রূপকথা, মা, তারামন বিবিসহ একাধিক প্রযোজনা আলোচিত হয়েছে।