চট্টগ্রামের শিল্পী নাঈমা পারভীনের প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী ‘মনছবি’র আয়োজন ছিল দৃক গ্যালারির দ্বিতীয় তলায়।
অটিজমে আক্রান্ত ছেলেসহ শরিফার কয়েকটি ছবি নিয়ে নাঈমা তৈরি করেছেন একটি ফটো স্টোরি, যেখানে তাঁদের একখণ্ড জীবন উঠে আসে। ছেলেটি খেলছে, মায়ের সাহায্য নিয়ে পড়ছে, মাকে আদর করছে। চারদিকে আরও কত ছবি। ময়লার স্তূপের ওপর দাঁড়িয়ে শিশুরা ঘুড়ি ওড়াচ্ছে। একটি কাকের ডানা ধরে সেটিকে উড়িয়ে দিচ্ছে। এমন আরও অনেক জীবনের ছবি—মানুষের, পশুপাখির। মোট ৫০টি। প্রদর্শনী শেষ হচ্ছে আজ।
দৃক গ্যালারির তৃতীয় তলায়ও আরেকটি আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে বৃহস্পতিবার। রেইনড্রপ মিডিয়া কমিউনিকেশনের আয়োজনে প্রদর্শনীর শিরোনাম ‘রেইনড্রপ ফটো এক্সিবিশন ২০১৫’।
প্রদর্শনীর জন্য আয়োজকেরা তরুণ আলোকচিত্রীদের বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও শিল্পের দৃশ্যপট নিয়ে আলোকচিত্র পাঠাতে বলেছিলেন। পাঠানো ছবি থেকে বাছাই করা ৯৯টি আলোকচিত্র প্রদর্শনীতে জায়গা পেয়েছে। আজ প্রদর্শনীর শেষ দিনে সেরা ছবিগুলোকে পুরস্কার দেওয়া হবে।