‘দুই বছর আগে লোকটা নারীদের এসব কুৎসিত কথা বলত!’

নায়িকা মাহিয়া মাহিকে কেন্দ্র করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ঢালিউড তারকা মামনুন ইমনের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে
কোলাজ : সংগৃহীত

ফোনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কুরুচিপূর্ণ কথাবার্তা ও ভয়ভীতি দেখান তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। একই সময়ে ফোনে ঢালিউড তারকা মামনুন ইমনকে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আসতে বলেন। তাঁদের কথোপকথনের সেই অডিও ক্লিপ ফাঁস হয়েছে। ঢালিউডের দুই জনপ্রিয় অভিনয়শিল্পীকে নিয়েও মানহানিকর মন্তব্যে সরব হয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তাঁরা ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন।

‘ভবিষ্যতে সব লুটেরা, ঘুষখোর, লম্পটের বিরুদ্ধে আপনার এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকুক’– বলেন তারানা হালিম
ছবি: সংগৃৃহীত

তারানা হালিম, অভিনেত্রী
মুরাদ হাসান, আপনি কর্মক্ষেত্রে যা করেছেন, তা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট, আপনি যে ভাষায় কথা বলেছেন, তা বিকৃত রুচির, অশালীন, নারীর প্রতি অবমাননাকর। আপনি দলের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন, শাস্তি আপনার প্রাপ্য। রাসুলে করিম (সা.) বলেছেন, ‘ভালো মানুষ নারীকে সম্মান করে।’ তাই আপনি দোষী থাকবেন দুনিয়াতে ও আখেরাতে। আমরা যারা দলকে ভালোবাসি, তারা জানি, এই সিদ্ধান্ত নেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কঠিন, কঠোর হতে হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যার কাছ থেকে এটাই আশা করি আমরা। ভবিষ্যতে সব লুটেরা, ঘুষখোর, লম্পটের বিরুদ্ধে আপনার এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকুক। এই দৃষ্টান্ত যেন সকলের জন্য শিক্ষার কারণ হয়। যখন টাইপ করছিলাম, তখন শিরোনাম দিয়েছিলাম ‘এটা অন্যায়’, জনাব মুরাদকে উদ্দেশ্য করে। এর মাঝে ফোনে জানলাম, তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাই শিরোনামটি বদলালাম। লিখলাম, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী’।

মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

মোস্তফা সরয়ার ফারুকী, চলচ্চিত্র নির্মাতা
আগের দিন দেখলাম, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনিকে নিয়ে অশ্লীলতম ভাষায় প্রজাতন্ত্রের একজন চাকর কথা বললেন। তার পরদিন সেই একই লোক এক অনুষ্ঠানে গিয়ে পুলিশ ভাইদের নসিহত করলেন, যাতে তাঁরা কারও সঙ্গে ব্যবহার খারাপ না করেন। তার পরদিন শুনলাম, উনি রেপ করার থ্রেট দিচ্ছেন কাউকে। এখন আপনারাই বলেন, এমন দেশটি কোথায় খুঁজে পাবেন? এই সব দেখিয়া–শুনিয়া একজন নাগরিক হিসাবে আমি যারপরনাই ক্ষুব্ধ। আমি বিশ্বাস করতে চাই, মন্ত্রিসভার অন্য সদস্যরাও এই লোকের সঙ্গে এক টেবিলে বসতে লজ্জাই বোধ করবেন। এই ছোট্ট জীবনে আমার সুযোগ হইছে দুয়েকজন মন্ত্রী দেখার। তাঁদের কারও কারও প্রশংসা করে আমি লিখছিলামও। আমি বিশ্বাস করি, তাঁরা কেউই চাইবেন না এই লোক তাঁদের বিজ্ঞাপন হয়ে উঠুক।

ছবি: ফেসবুক

ওমর সানী, চলচ্চিত্র অভিনেতা
আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, ইমনের ফোনটাকে ধন্যবাদ, ইমনকে নয়, আর মাহি ওই মুহূর্তে কীবা করার থাকে কীবা বলার থাকে বলুন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আমি একজন শিল্পী।

আশফাক নিপুণ
ছবি: ফেসবুক

আশফাক নিপুণ, নাট্যনির্মাতা
দুই বছর আগে লোকটা নারীদের এসব কুৎসিত কথা বলত ফোনে, দুই বছর পরে লাইভে এসে। এই দুই বছরে উচ্চপর্যায়ের কেউ কি জানত না এই লোকের নারীর প্রতি মনোভাব আর মুখের ভাষা এ রকম? নাকি তখনো তাঁকে ভুল বোঝানো হয়েছিল?
মেহের আফরোজ শাওন, অভিনয়শিল্পী
বৃষ্টিভেজা সুন্দর এই সকালটা শুরু হলো কুৎসিত এক কল রেকর্ড শুনে!