দুই বছর পর নতুন নাটক
থিয়েটার আরামবাগ পাংশু নাটকটি মঞ্চে এনেছিল দুই বছর আগে। আটটি প্রদর্শনী হয়েছে নাটকটির। এবার নতুন নাটক মঞ্চে আনছে থিয়েটার আরামবাগ, নাম জন্মসূত্র।দুই সময়ের দুটি ঘটনা নিয়ে জন্মসূত্র নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত।রাকায়েত জানান, নাটকের প্রথম ঘটনা ব্রিটিশ শাসনামলের এবং পরেরটি বর্তমান সময়ের। মাঝরাতে স্টিমারঘাটে একজন দারোগা ও তাঁর স্ত্রীর নদী পার হওয়া নিয়ে ঘটে কিছু ঘটনা। বর্তমান সময়ের ঘটনায় ড্যানিয়েল আলফ্রেড তাঁর জন্ম-পরিচয়ের খোঁজ করতে আসেন মকসুদপুর গ্রামে। কিন্তু মকসুদপুর নামে আছে তিনটি গ্রাম। দুটো ঘটনা দুই সময়ের হলেও পুরোটাই অভিন্ন সূত্রে গাঁথা।জন্মসূত্র নাটকটি থিয়েটার আরামবাগের ৩৪তম প্রযোজনা। দলের সাধারণ সম্পাদক রেজাউল একরাম বলেন, ‘দলের অভ্যন্তরীণ কিছু ব্যাপার এবং শিল্পীদের টিভি নাটকে ব্যস্ততার কারণে এত দিন নতুন কোনো নাটক মঞ্চে আনা সম্ভব হয়নি।’তিনি জানান, অ্যারেনা আঙ্গিকের এই নাটকটির কারিগরি মঞ্চায়ন হবে কাল বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে। বৃহস্পতিবার একই মিলনায়তনে নাটকটির অন্দরমহল মঞ্চায়িত হবে।