দুই বছর পর পরিচালনা
২০০৯ সালের রোজার ঈদে প্রচারিত হয়েছিল শাওন পরিচালিত নাটক নয়া রিকশা। দুই বছর পর আবারও নাটক পরিচালনা করেছেন শাওন। তাঁর এবারের নাটক স্বপ্ন এবং স্বপ্নভঙ্গ। পয়লা বৈশাখে চ্যানেল আইয়ে দেখানো হবে নাটকটি। লিখেছেন হুমায়ূন আহমেদ। ওসমান সাহেব নামের একজন লেখকের জীবন নিয়ে নাটকের গল্প। তাঁর প্রতিটি লেখাই বাংলাদেশের কোনো একটি পরিবারের সঙ্গে হুবহু মিলে যায়। এ নিয়ে চরম দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন লেখক। চলে যান পার্কে। আর সেখানেই দেখা হয় তাঁর লেখার সঙ্গে মিলে যাওয়া এক পরিবারের সদস্যের সঙ্গে। শাওন বলেন, ‘শুরুতে নাটকটি পরিচালনা করার কথা ছিল হুমায়ূন আহমেদের। কিন্তু লেখালেখির ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত তিনি পারেননি। তাই কাজটা আমাকেই করতে হয়েছে। অনেক দিন পর পরিচালনার কাজ করে ভালোই লেগেছে।’তিনি আরও বলেন, ‘এখন অভিনয়ের চেয়ে পরিচালনার কাজটাই বেশি করছি। মাঝে দুই বছর পারিবারিক কারণে তা নিয়মিত করতে পারিনি। শিগগিরই হুমায়ূন আহমেদের জোছনা ও জননীর গল্প উপন্যাস নিয়ে একটি ধারাবাহিক তৈরির কাজ শুরু করব।’২০০৮ সালে জোছনা ও জননীর গল্প ধারাবাহিকের নির্মাণ শুরু করেন হুমায়ূন আহমেদ। বিটিভিতে তখন তিনটি পর্ব প্রচারিত হয়। বিমানবন্দর এলাকায় লালন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে হুমায়ূন আহমেদ নাটকটি বিটিভি থেকে প্রত্যাহার করে নেন।