দুই বছর পর পরিচালনায় শাওন
মেহের আফরোজ শাওন পরিচালিত সর্বশেষ নাটক ‘নয়া রিকশা’ প্রচারিত হয়েছিল ২০০৯ সালের রোজার ঈদে। প্রায় দুই বছর পর শাওন পরিচালিত নতুন নাটক ‘স্বপ্ন এবং স্বপ্নভঙ্গ’ প্রচারিত হবে চ্যানেল আইতে, পয়লা বৈশাখের অনুষ্ঠানমালায়। নাটকটি লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। নাটকের গল্প গড়ে উঠেছে ওসমান সাহেব নামের এক লেখকের জীবনকে কেন্দ্র করে; যাঁর প্রতিটি লেখা বাংলাদেশের কোনো একটি পরিবারের সঙ্গে হুবহু মিলে যায়। এ নিয়ে চরম দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে থাকেন লেখক। আশ্রয় নেন পার্কে। আর সেখানেই দেখা হয় ঘটনার সঙ্গে মিলে যাওয়া সেই পরিবারের সদস্যের সঙ্গে। কিন্তু কেউ কাউকে চিনতে পারেন না। এভাবেই এগোতে থাকে ‘স্বপ্ন এবং স্বপ্নভঙ্গ’ নাটকের গল্প।পরিচালনা সম্পর্কে শাওন জানান, এটা আসলে হঠাত্ই করা। প্রথমদিকে নাটকটি বানানোর কথা ছিল হুমায়ূন আহমেদের। কিন্তু লেখালেখির ব্যস্ততার কারণেই তিনি না করায় সেটা আমাকেই করতে হয়েছে। অনেক দিন পর পরিচালনার কাজ করে বেশ ভালোই লেগেছে। শাওন আরও বলেন, ‘আমি এখন অভিনয়ের চেয়ে পরিচালনার দিকেই বেশি মনোযোগী। মাঝের দুই বছর শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত পরিচালনার কাজটা করা হয়নি। খুব শিগগিরই শুরু করব হুমায়ূন আহমেদের ‘জোছানা ও জননীর গল্প’ উপন্যাস নিয়ে ধারাবাহিক নাটক। উল্লেখ্য, ২০০৮ সালে ধারাবাহিকটির নির্মাণকাজ শুরু হয়ে তিনটি পর্ব বিটিভিতে প্রচারিতও হয়েছিল। বিমানবন্দর এলাকায় লালন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে হুমায়ূন আহমেদ নাটকটি প্রত্যাহার করে নেন। তখন অবশ্য নাটকটি পরিচালনা করেছিলেন হুমায়ূন আহমেদ নিজেই।