এ সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুর্ধর্ষ প্রেমিক ছবিটি। পরিচালনা করেছেন এম বি মানিক। অভিনয় করেছেন শাকিব খান। চলচ্চিত্র আর তাঁর ব্যক্তিজীবন নিয়ে কথা হলো শাকিবের সঙ্গে।ব্যাংকক থেকে কবে ফিরলেন?শুক্রবার রাতে। মাই নেম ইজ খান ছবির শুটিং করেছি। শুটিংয়ে লিমুজিনের নতুন মডেলের একটি গাড়ি ব্যবহার করেছি। গানের দৃশ্যের কাজ করেছি ব্যাংককের একটি স্টেডিয়ামে। ‘দুর্ধর্ষ প্রেমিক’ ছবিটি কেমন ব্যবসা করছে?মধুমিতা প্রেক্ষাগৃহ থেকে গত শনিবার জানতে পেরেছি, এই প্রেক্ষাগৃহে ছবিটি প্রথম দিনে এক লাখ ৩০ হাজার টাকা ব্যবসা করেছে। অন্যান্য প্রেক্ষাগৃহেও প্রায় একই চিত্র। এখন ছবির ভালো ব্যবসা মানে হচ্ছে, দিনে ৮০-৯০ হাজার টাকা। সেদিক থেকে দুর্ধর্ষ প্রেমিককে অনেক ভালো বলা যায়। শিগগিরই বাংলাদেশে ভারতের একাধিক হিন্দি ছবি আসার কথা শোনা যাচ্ছে। ব্যাপারটিকে আপনি কীভাবে দেখছেন?ভারতীয় ছবি আমদানির বিরুদ্ধে শুরু থেকেই নানা কর্মসূচি হাতে নিয়েছিলাম। তখন সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়, ছবিগুলো আমদানির ব্যাপারে নাকি ২০১০ সালে ঋণপত্র খোলা হয়েছে। এরপর আর কোনো ছবি আমদানি করা হবে না। সম্প্রতি বাংলাদেশের প্রেক্ষাগৃহে তিনটি ভারতীয় বাংলা ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে কোনোটাই সাফল্য দেখাতে পারেনি। চলচ্চিত্রশিল্প কিন্তু আমাদের একার নয়, সরকারের পাশাপাশি সবাইকে তা নিয়ে ভাবতে হবে।অনেকেই বলছেন, বলিউডের ছবি আসার পর এখানে প্রতিযোগিতা হবে, ভালো মানের ছবি তৈরি হবে...।ধারণাটা ঠিক নয়। বলিউডের একটি ছবির জন্য যে পরিমাণ খরচ হয়, তা দিয়ে বাংলাদেশে ৭০ থেকে ৮০টি ছবি নির্মাণ করা সম্ভব। আর আমরা কারিগরি এবং প্রযুক্তিগত দিক থেকে খুবই দুর্বল। এ অবস্থায় কারও সঙ্গে প্রতিযোগিতা সম্ভব? আগে আমাদের ভালোভাবে দাঁড়ানোর সুযোগ দিন। এবার অন্য প্রসঙ্গ, বিয়ে করছেন কবে?দুই বছর পর বিয়ে করব। এই দুই বছর ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই।