দুই বছর পর সালমার গান
দুই বছর আগে সর্বশেষ আরটিভির সরাসরি গানের অনুষ্ঠানে গান করেছিলেন ক্লোজআপ তারকাখ্যাত সালমা। এরপর স্বামী, সংসার ও সন্তানের কারণে টেলিভিশনের কোনো সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নিতে পারেননি সালমা। প্রায় দুই বছর পর আজ শুক্রবার টেলিভিশনের সরাসরি গানের অনুষ্ঠানে হাজির হচ্ছেন তিনি।বৈশাখী টেলিভিশনের ‘সময় কাটুক গানে’ শিরোনামের অনুষ্ঠান দিয়ে সরাসরি গানে ফিরছেন সালমা। অনুষ্ঠানটি নিয়ে কিছুটা নার্ভাস হলেও প্রস্তুতিটা ভালো বলেই জানালেন সালমা। তিনি বলেন, ‘ঈদে কুষ্টিয়ায় গিয়েছিলাম। সেখানে ভালোই শীত। আর তাই গলাটা খানিকটা বসে গেছে। এরপরও চেষ্টা থাকবে ভালো কিছু গান উপহার দেওয়ার।’ সালমা জানালেন, ‘সময় কাটুক গানে’ অনুষ্ঠানের ব্যাপারে ফারহানা নিশোর সঙ্গে দেড় বছর আগে তাঁর কথা হয়েছিল। তাই বিরতির পর যখন সরাসরি গানের চিন্তা করেছেন, তখন বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠানটিকে সঠিক মনে হয়েছে বলে জানালেন তিনি।অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারহানা নিশো। বৈশাখী টেলিভিশনে আজ রাতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। জানা গেছে, এ অনুষ্ঠানে সালমা লালনের গানের প্রতি জোর দিচ্ছেন বেশি। এ ছাড়া থাকবে নিজের অ্যালবামের জনপ্রিয় কিছু গান। সালমার সর্বশেষ অ্যালবাম প্রকাশিত হয় গত রোজার ঈদে। ‘প্রেমের জানাজা’ শিরোনামের এই অ্যালবামে গান গেয়েছেন সালমার স্বামী শিবলী সাদিকও। বর্তমান ব্যস্ততা সম্পর্কে সালমা বলেন, ‘সামনে আমার এইচএসসি টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে। এখন পড়াশোনায় অনেক সময় দিতে হচ্ছে। তাই নতুন কোনো একক অ্যালবাম বা মিশ্র গানের অ্যালবামের কথা ভাবছি না। আগে ভালোভাবে পরীক্ষাটা দিতে চাই। এরপর নতুন কিছু গান নিয়ে মিউজিক ভিডিও করার পরিকল্পনা আছে।’