সূর্য দীঘল বাড়ী প্রথম সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্র। মসিহ্উদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী পরিচালিত এ ছবির চিত্রগ্রাহক ছিলেন আনোয়ার হোসেন। সম্পাদনা করেছিলেন সাইদুল আনাম টুটুল। তাঁরা দুজন ভালো বন্ধুও বটে। প্রথমজন সুদূর ফ্রান্সে বাস করলেও নাড়ির টানেই প্রতিবছর একবার দেশে আসেন। এবার তিনি দেশে আসার পর দেখা হয় পুরোনো বন্ধু সাইদুল আনাম টুটুলের সঙ্গে। তাঁদের মুখোমুখি আড্ডায় উঠে এসেছে চলচ্চিত্র নিয়ে স্মৃতিচারণা এবং আরও প্রাসঙ্গিক কিছু বিষয়।সাইদুল আনাম টুটুল: নাড়ির টানে এসেছিস, না বাড়ির টানে?আনোয়ার হোসেন: দুটোই। কারণ, আমি এতই ব্যস্ত থাকি যে বাংলাদেশে আসা হয়ে ওঠে না। ৪৫টি দেশ ঘুরেছি। কিন্তু বাংলাদেশে বছরে দু-তিনবার না এলে কিংবা তিন থেকে ছয় মাস না থাকলে আমার মন ভরে না। আমি অস্থিরতা অনুভব করি। সৌভাগ্য যে সূর্যদীঘল বাড়ীর কারণে হোক, আর বাংলাদেশের সুস্থ ধারার চলচ্চিত্র প্রবাহের জন্যই হোক, এখনো দেশে সুস্থ ধারার চলচ্চিত্র হয়, এখনো পাখি গান গায়, এখনো নদী বয়ে যায়। যে কারণে প্রতিবছর ভালো একটা প্রকল্পের চেষ্টা চলে। তখন আমার একটু ডাক পড়ে। সন্তান-সন্ততি রেখে চলে আসি।সা আ টু: এটা তোর একটা ভালো গুণই বলব। নাড়ির টান আছে বলেই তুই বারবার আসিস। যারা মনে করে, আনোয়ার হোসেন হলে আমার ছবির মানটা বাড়বে সবদিক থেকে, তারাই কিন্তু ডেকে ডেকে নিয়ে আসতে চায়। এর দরকারও আছে। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের জন্য, যারা ফটোগ্রাফিতে আসছে।আ হো: নাড়ির টান ছিন্ন করে শিল্প হয় না। সা আ টু: এই জায়গায় তোর সঙ্গে আমার খুব মিল। যদি চারকোল দিয়ে জয়নুল আবেদিন সেই বিখ্যাত ছবিগুলো আঁকতে পারেন, তো আমাদের ভাঙাচোরা ক্যামেরাতেও ভালো ছবি তোলা যাবে। আমরা সূর্যদীঘল বাড়ী চলচ্চিত্র তৈরি করতে কি অত্যাধুনিক ক্যামেরা দিয়ে কাজ করেছি?আ হো: না, তা করিনি। কিছুদিন আগেই এ বিষয়টি আলোচনা করেছি। এখন যে ছবিটি তৈরি করব, সেটি সজল খালেদের কাজলের দিনরাত্রি, মুহম্মদ জাফর ইকবালের লেখা কিশোর উপন্যাস অবলম্বনে। খুব আশা করে আছি, একটা নতুন দল নিয়ে, অর্থাৎ যুবক-কিশোরদের নিয়ে কাজ করব। সজল নিজেও যুবক। ছবিটি সরকারি অনুদানপ্রাপ্ত। এ ছবিতে আমরা যে ক্যামেরা ব্যবহার করব, সেটি সনির ১০০০ পিক্সেল। বাংলাদেশ বা পৃথিবীর সবচেয়ে সস্তা ক্যামেরা। একটি কথা বলি, সূর্যদীঘল বাড়ী যখন তৈরি করি, তখন বাজারে বিএল ছিল। তোর মনে আছে, ছবিটা যখন তৈরি করি, তখন এফডিসিতে অনেকেই আমাদের রসিকতা করে বলত, ওই যে সূর্যদীঘল বাড়ীরা যায়। তখন ওখানে আমরা পরিচিত ছিলাম না। আমাদের পয়সাটাও যেহেতু কম ছিল। আমি, তুই, নিয়ামত ভাই, শাকের অপেক্ষা করতাম, যতক্ষণ না অন্য ইউনিটগুলো বেরিয়ে যায়। পরিষ্কার মনে আছে, ক্যামেরা ডিপার্টমেন্ট আমাকে একটু স্নেহ করত বা বুঝত, কিন্তু যারা অগ্রিম টাকা জমা দিয়ে রেখেছে, যারা বাণিজ্যিক ছবি নির্মাণ করছে, তাদের ক্যামেরা দেওয়ার পর আমরা ক্যামেরা পেতাম। অর্থাৎ ১৭-১৮টির পর ১৯ নম্বর ক্যামেরা নিয়েই আমরা শুটিং করতে গেছি। সূর্যদীঘল বাড়ীর ৫০ শতাংশ কাজই সবচেয়ে খারাপ ক্যামেরা, সবচেয়ে খারাপ লেন্সটি দিয়ে করা হয়েছে।সা আ টু: আমরা পয়সার অভাব থেকে যখন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারতাম না, তখন টুকরো টুকরো করে এর ওর কাছ থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসতাম। ধারাবাহিক মান রক্ষায় এটি ক্ষতি করে, আমরা জানি। তার পরও ফাইনালে গিয়ে আমরা ওই পার্থক্য খুঁজে পাইনি। ওই কাজগুলো আন্তরিক পরিবেশের মধ্য দিয়ে হয়েছিল।আ হো: আমার সৌভাগ্য হয়েছে বিদেশে কিছু কিছু চলচ্চিত্র উৎসবে যাওয়ার। আমি নিজেও বিদেশে থাকি। সূর্যদীঘল বাড়ী ও চাকার পরে তানভীর মোকাম্মেলের সঙ্গে বেশ কিছু ছবির কাজ করেছি। মনে আছে, ইতালিতে যখন আমি বললাম, মাত্র ২১ দিনে সূর্যদীঘল বাড়ী ছবির শুটিং শেষ করেছি, তখন তারা বলে, ২১ দিন, না ২১ সপ্তাহ। আমি বললাম, আমি সময়ের এ পার্থক্য বুঝি। তারা তো বিশ্বাসই করতে চায় না। বলে, পর্দায় দেখে তো মনে হয় না যে এটা এত অল্প সময়ে করা। তখন আমি আমাদের অর্থনৈতিক দুরবস্থার কথা বলি।সা আ টু: সূর্যদীঘল বাড়ীর প্রসেসিং, প্রিন্টিং, কারেকশন—কাজগুলো তো বাংলাদেশের ল্যাবেই করা। ইদানীং বেশ কিছু ছবির কাজ দেশের বাইরে ভালো ল্যাবে করার চেষ্টা করছে। তাতে করে চিত্রগ্রাহকেরা অনেক সুবিধা পেয়ে থাকে। কারণ প্রসেসিং ভালো, কেমিক্যাল ভালো, অভিজ্ঞ লোক দিয়ে কাজটা হয়, বিশেষ করে চেন্নাইতে। আমাদের এখান থেকে ওখানে যাওয়া সহজ।আ হো: আমি দুটি অভিযোগ করব। সূর্যদীঘল বাড়ীর সময় ল্যাব ১৫ দিন বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা অনেকেই জানে না, তবে আজকে বলা যায়। সূর্যদীঘল বাড়ী ডুবে যেত। ল্যাবে যে রেজাল্ট বেরিয়েছিল, তাতে ফিল্ম প্রায় ব্ল্যাঙ্ক ছিল। আমি আর খালেদ সালাউদ্দীন ব্যাপারটা জানতাম। ল্যাব বন্ধ করা হয়েছিল দুই সপ্তাহের জন্য। ব্যাপারটা কাউকে বলা হয়নি। বলা হলো, ল্যাব নষ্ট। বাকি দুই সপ্তাহে সব অ্যাডজাস্ট করা হলো। বাংলাদেশে একই যন্ত্র ব্যবহার করে, একই বালতি ব্যবহার করে এবং একই টাইম চেইন ব্যবহার করে অসাধারণ নেগেটিভ বেরিয়েছিল। আমরা প্রমাণ করেছি, আমরা পারি। ওই ল্যাবের লোকগুলো খুবই খুশি হয়েছিল। অন্যরা কেন পারেনি, আমি জানি না।সা আ টু: ঠিক একই কারণে আধিয়ার ছবি আমি মাদ্রাজে নিয়ে যাইনি প্রসেসিং করতে। এটা ছিল অনুদানের ছবি। ল্যাবের ছেলেগুলো যখন আমাকে চ্যালেঞ্জ করল, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তারা তাদের প্রায় সবটুকু সামর্থ্য দিয়ে সহযোগিতা করল। যখন ছবির কাজ শেষ হলো, তখন সবাই প্রচুর প্রশংসা করল। এত চমৎকার নেগেটিভ, কেউ বিশ্বাসই করতে চাইল না যে এটা ঢাকায় করা। তার মানে হলো, আমাদের ছেলেরা চেষ্টা করলেই পারে। আ হো: সূর্যদীঘল বাড়ীর পর আরও ১৪টি ছবির কাজ করলাম। কিন্তু আজ পর্যন্ত কোনো পরিচালকই আমাকে দেশের বাইরে কাজ করতে পাঠাননি।সা আ টু: আমি কিন্তু আমার ছবিগুলোয় ক্যামেরাম্যানকে পাঠিয়েছি। আমি বলেছি যে আমার তো গিয়ে কাজ নেই। তোমার কাজ আছে, তোমাকে প্রশ্ন করবে, তুমি বরং যাও।সা আ টু: কী মনে হয় তোর, আমাদের শুরুটা আমরা যেমন দেখেছি, আর বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র কতটুকু এগিয়েছে?আ হো: স্বাধীনতার পর সূর্যদীঘল বাড়ী, এমিলের গোয়েন্দা বাহিনী, তারও আগে ধারাপাত, সূর্যস্নান, জীবন থেকে নেয়া, কাচের দেয়াল ভালো ভালো ছবি হয়েছে। ৭৮-৮০ সালে যখন সূর্যদীঘল বাড়ীর কাজ হয়, তখন আমাদের সমাজে যে অনুভূতি দেখেছিলাম, সেটা দ্রুত হারিয়ে গেছে। গেছে অবনতির দিকে। এর সঙ্গে আমাদের রাজনৈতিক ও সামাজিক কাঠামোটা জড়িত।সা আ টু: এর সঙ্গে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা জড়িত। যেকোনো শিল্প এবং যেকোনো আন্দোলনে অবশ্যই সমাজের মানুষের জীবনধারা প্রতিফলিত হতে হবে। কিন্তু আমাদের দেশে শিল্প দাঁড়ানোর জায়গাটি খুঁজে পাচ্ছে না। আমরা তেমন সুযোগ-সুবিধা পাই না। আমাদের দেশটা তো ধনী নয়। আমাদের ছেলেমেয়েরাও তেমন ধনী নয়। এটা আমাদের একটা ক্ষতি করেছে। একটা ছবি ভালো করার যে অনুষঙ্গ দরকার, তা আমরা পাই না।আ হো: হ্যাঁ। শুনতে খারাপ লাগছে। আমার এক বন্ধু আমাকে একবার বলেছিল, আনোয়ার, এখন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়, সেটা পুরস্কার নয়, তিরস্কার। এ পুরস্কারটা এখন তিরস্কারের পর্যায়ে পড়ে গেছে।সা আ টু: পুরস্কার মানেই তো স্বীকৃতি।আ হো: অবশ্যই। এর সঙ্গে একটা ছবি ভালো করার জন্য বা নির্মাতাদের সব ধরনের সহযোগিতা দেওয়া না হলে তো ভালো ছবি আসবে না। যে ছবিগুলো জাতীয় পুরস্কারপ্রাপ্ত বা অনুদানে তৈরি হয়েছে, এমন ছবিগুলো হতে হবে করমুক্ত। সেই ছবিগুলো দেশের প্রতিটি সিনেমা হলে হলমালিকেরা এক সপ্তাহ দেখাতে বাধ্য থাকবেন। যে চারটি ছবি অনুদান পেল বা যে ছবিগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল, সেগুলো কেন এক বছরের মধ্যে ছয় সপ্তাহ বাংলাদেশের সিনেমা হলগুলো দেখাতে বাধ্য থাকবে না—এ আইন করতে সরকারের অসুবিধা কোথায়?সা আ টু: এটা না হলে সত্যিই হবে না, হচ্ছে না। আলমগীর কবির থাকতে বেশ কিছু চিন্তা-ভাবনা হয়েছিল। জেলা পর্যায়ের কমিউনিটি হলগুলোয় কী করে চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা যায়। আর কিছুক্ষণ আগে যে কথা হচ্ছিল, চলচ্চিত্র পুরস্কার সত্যিই পুরস্কার, না তিরস্কার। এখন পুরস্কার দেওয়ার জন্য ছবি নির্বাচনের প্রক্রিয়াটা রাজনৈতিক হয়ে গেছে। ভাবা হচ্ছে, এ অমুক সরকারের সময় অনুদান পেয়েছে। একে দেওয়া যাবে না। তারেক মাসুদের মাটির ময়না ছবিটিকে এ কারণেই পুরস্কার দেওয়া হয়নি। এই যে রাজনৈতিক করে ফেলা হয়, এটাকে অবস্থাতেই বন্ধ করতে হবে।আ হো: বিষয়টির সঙ্গে আমিও একমত। রাজনৈতিক স্বচ্ছতা, শিল্প-সংস্কৃতিকে আলাদা থাকতে না দিলে, নিজস্ব সত্তায় বেড়ে উঠতে না দিলে সবকিছুই বৃথা হয়ে যাবে। একটা দেশে তো দু-পাঁচজন লোক থাকেন, যাঁরা সত্য কথা বলেন। যাঁরা বরেণ্য, যাঁরা বাংলা ভাষাকে ভালোবাসেন, যাঁরা শিল্পকে ভালোবাসেন—এ লোকগুলো যদি চলচ্চিত্র নিয়ে বেশি সচেতন হতেন, তবে আমাদের চলচ্চিত্রের এই বেহাল অবস্থা হতো না।সা আ টু: এ কথা থেকে আমার আরও একটি কথা মনে হচ্ছে। আমরা একটা সাংস্কৃতিক বলয় তৈরি করতে যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যান, শিল্পকলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমীতে। সব মিলিয়ে কেন সেখানে প্রথম থেকেই চলচ্চিত্রের জন্য একটা চিন্তা করা হলো না। চলচ্চিত্র কেন তথ্য মন্ত্রণালয়ের অধীনে থাকবে, চলচ্চিত্র হবে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীন। শিল্পকলায় চলচ্চিত্র ও নাটক নামে একটা অনুষদ আছে। কিন্তু ওখানে চলচ্চিত্র ও নাটক কিছুই দেখতে পাই না। শিল্পকলা একাডেমীতে নাটকের জন্য থিয়েটার ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হয়েছে। কিন্তু চলচ্চিত্রের জন্য কি একটা ১৫০-২০০ আসনের একটা হল করা যেত না?আ হো: আমি মনে করি, এখানে শুদ্ধতার অভাব ছিল। শুদ্ধতার অভাব মানে আমি বাংলাদেশের বেশ কিছু গুণীজনের কথা বলব। আমি মনে করি, নাট্যকলা ও অন্যান্য শিল্পের কিছু কিছু ব্যাপারে তাঁদের উপস্থিতি, অনুভূতি কিছুটা একান্ত ব্যক্তিগত ছিল। তাঁদের অবস্থানকে সুদৃঢ় করার জন্য তাঁরা মুখোশ পরেছেন। লক্ষ করলে দেখা যাবে, এ জাতীয় লোক সমাজের সবচেয়ে ধনী। তাঁরা পুঁজিবাদের চরম ব্যাপারগুলো ঘষা-মাজায় ব্যস্ত। তাঁদের দিয়ে চলচ্চিত্রের উন্নয়ন আসলেই অসম্ভব। তাঁরা যে নাট্যান্দোলন করেছেন, তার কতটুকু তাঁরা অন্তর থেকে করেছেন, এ ব্যাপারে আমার সন্দেহ আছে। কারণ, পার্থক্যটা দিন আর রাত। দিন না থাকলে রাত হয় না, আর রাত না থাকলে দিন হয় না। কিন্তু একই আকাশের দিকে তাকিয়ে আমরা অর্ধেক দিন আর অর্ধেক রাত দেখি। অর্ধেক দিন ও অর্ধেক রাত নিয়ে তাঁদের পুঁজিবাদের চরম ব্যবসা করা এবং পাশাপাশি শিল্প ও মানুষ থাকবে এটা হয় না। তাহলে অশুদ্ধতা থাকবেই।সা আ টু: হ্যাঁ, পাশাপাশি নিজেকেই আবার পণ্য করে তুলছে। নিজের দাম কতটা বাড়ানো যায়, সেই কাজে ব্যস্ত।আ হো: সূর্যদীঘল বাড়ীর যে ইউনিট তুই, আমি, শেখ নিয়ামত আলী, শাকের বা ডলি সবাই মিলে কঠোর পরিশ্রম করেছি। তখন যে নিষ্ঠা, শুদ্ধতা ছিল সেটা ফোকাস ছিল বলেই সূর্যদীঘল বাড়ী তৈরি হয়েছে। তখন যদি আমি অর্ধেক ব্যস্ত থাকতাম বা তুই ব্যস্ত থাকতি, ইউনিটের অন্য সবাই যদি বিভিন্ন কাজের অজুহাত দিত কিংবা ব্যস্ত থাকত, তাহলে সূর্যদীঘল বাড়ী হত না। এসবের অভাব আছে বলেই এখন আর ওই ধরনের ছবি হয় না। বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা পকেট, পেট, ইগো, ব্যাংক ব্যালান্স আগে সামলান, তারপর শিল্প। তাঁদের মধ্যে শুদ্ধতা নেই। এগুলো নিয়ে পৃথিবীতে কোনো মহৎ শিল্প হয়নি। এর জন্য একটা শুদ্ধ মন দরকার। সা আ টু: হ্যাঁ, এটা অবশ্যই। ওই ছবির স্মরণীয় একটি মুহূর্ত মনে পড়ছে। সাভার থেকে একটা তালগাছ নিয়ে আসা হয়েছিল। অনেক লম্বা। সূর্যদীঘল বাড়ীর ভিটেটা চেনাই যেত ওই তালগাছ দেখে। উপন্যাসে যেটার কথা আছে। ওই তালগাছটা দুটি নৌকায় বেঁধে দেওয়া হয়েছিল। তখন আমরা মানিকগঞ্জে যে জায়গায় শুটিং করছিলাম, সেখানে আনতে আনতে গাছের ভরে নৌকা গেল মাঝখানে ভেঙে। তারপর তো দুদিন ধরে খোঁজ নেই তালগাছের। আমরা উল্টো পথে নৌকা নিয়ে রওনা দিই। তারপর দেখা পাওয়া গেল তালগাছের। মাঝি তো মহা ক্ষিপ্ত। বলল, তালগাছের ভারে আমার নৌকা ভেঙে গেছে, আর আপনারা কেউ তালগাছের খোঁজ নেন না কেন? যাই হোক, তাকে ক্ষতিপূরণ দিয়ে আমরা সেই তালগাছটা নিয়ে এসেছিলাম। আনোয়ার, তুই তো সেই তালগাছের ওপরে মাচা করে সেখান থেকে দৃশ্যগুলোর শট নিয়েছিলি।আ হো: আমার যে দৃশ্যটা খুবই পছন্দ, সেটা হলো কাসু। পাকিস্তানি ছেলেটা। একটা দৃশ্য এমন—ও গাছের ওপর উঠে পাকিস্তানি পতাকা টানাচ্ছে। পাকিস্তান সময়কার ঘটনা। ও যখন পতাকাটা টানাচ্ছে, তখন জয়গুন (কাসুর মা) এসেছে। জয়গুন নিচে থেকে তাকিয়ে বলছে, কী হয়েছে। ও বলছে, মা বলো, পাকিস্তান জিন্দাবাদ। কিন্তু গরিব মা তো আর সে কথা ভাবছে না। সে বলছে, তুই ওই পতাকাটা বানালি কেমনে। সে বলল, কেন, তোমার শাড়ি কাইট্যা। দাও দিয়া কাইট্যা বানাইছি। জয়গুনের সবুজ ও সাদা শাড়ি ছিল। তখন জয়গুন বলল, ‘তুই, পাকিস্তান রাইখ্যা গাছ থেকে নাম।’ খুবই চমৎকার।সা আ টু: তুই দেশের বাইরে থাকিস। মাঝে মাঝে আসিস, মনে হয় আমাদের আনোয়ার আছে। আমাদের বাদল ভাইকে আমরা কয়েক দিন আগে হারিয়ে ফেললাম। এই বাদল ভাইয়ে সঙ্গে কিন্তু তুই একটা ছবি করেছিস।আ হো: হ্যাঁ, এমিলের গোয়েন্দা বাহিনী।সা আ টু: এই এমিলের গোয়েন্দা বাহিনী বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র। চমৎকার কাজ হয়েছিল। বাদল রহমান এ ছবি করে আমাদের মধ্যে থাকলেন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসেই থাকলেন। আচ্ছা, তুই আর কত দিন পর চলে যাবি?আ হো: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ যাব।সাইদুল আনাম টুটুল: নতুন কোনো পরিকল্পনা আছে?আ হো: এই অক্টোবরের পর আমি কী করব, জানি না। আমার জীবনটাই এ রকম। বাংলাদেশে যদি ভালো কাজ হয়। কেউ যদি ডাকে, অবশ্যই আসব। যত দিন শরীরে কুলোয়, আমি অবশ্যই আসব। বাংলাদেশে ভালো ছবির জন্য চেষ্টা করব। আমার যতটুকু অবদান রাখার রাখব, তবে শহর আমার ভালো লাগে না। আমি গ্রামেগঞ্জে ঘুরে বেড়াই। কাজলের দিনরাত্রি শেষ করে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাচ্চাদের কাছে চলে যাব।সা আ টু: আবার দেখা গেল প্যারিসে গিয়ে সেখান থেকে কাজে অন্য জায়গায় যেতে হলো। পাশাপাশি চলচ্চিত্র ও স্থিরচিত্র নিয়ে কাজ করছিস?আ হো: হ্যাঁ, স্থিরচিত্র আমাকে বাঁচিয়ে রেখেছে। যখন চলচ্চিত্রে কাজ না করি, তখন কাজের ফাঁকে ছবি তুলি।সা আ টু: যেমন আমরা চলচ্চিত্রে কাজ না করে বেশির ভাগ ক্ষেত্রে ভিডিও চিত্র নিয়ে কাজ করছি। আমি একটা কথা বলি—কমিটমেন্ট যদি রাখার ইচ্ছা থাকে আমি যেকোনো কাজে তা রাখতে পারি। স্থিরচিত্র সেখানে যেমন হবে ডিজিটাল ক্যামেরায়, ভিডিও ক্যামেরায় নাটকও করি, সেখানেও আমাকে পাওয়া যাবে। কারণ আমার বিশ্বাস, চিন্তা-চেতনা, আদর্শ ও মেধা কাজের মধ্যে পাওয়া যাবে।আ হো: আমি আরও এক ধাপ এগিয়ে কথা বলতে চাই। আমি তো বিভিন্ন মাধ্যমে কাজ করি, ছবি তুলি, ছবি আঁকতাম, নিজে একজন স্থপতি ইত্যাদি। আমি মনে করি, মাধ্যম ও যন্ত্র—এ দুটি অবলম্বনমাত্র। রবীন্দ্রনাথ বা শামসুর রাহমান শুধু একটা কলম ব্যবহার করে অসাধারণ সৃষ্টি করতে পারেন, জয়নুল আবেদিন যদি কয়লা ও চাড়কল দিয়ে অসাধারণ কিছু করতে পারেন, তাহলে ক্যামেরা দামি না সস্তা, এটা মোটেই কোনো বড় ব্যাপার নয়। আমরা কী বলতে চাচ্ছি, সেই ছবি, চলচ্চিত্র, ভিডিও ফুটেজ সমাজকে কী বার্তা দিল, কী অনুভূতি দিল, সেটাই আসল ব্যাপার। শ্রুতিলিখন: শাফিউল হাসান