দুই বাংলার আয়োজনে ‘গীতাঞ্জলি ১০০’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির শতবর্ষ পূর্তি হচ্ছে এ বছর। গীতাঞ্জলি লিখে সাহিত্যে এশিয়ার প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি ১৯১৩ সালে। কবিগুরুর নোবেল পুরস্কার প্রাপ্তির শতবর্ষ পূর্তি উপলক্ষে দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে ‘গীতাঞ্জলি ১০০’ শীর্ষক দুই দিনের সাংস্কৃতিক উৎসব। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, সমাপনী অনুষ্ঠান হবে ঢাকায় বাংলা একাডেমীতে।গতকাল বৃহস্পতিবার উৎসবের আয়োজকেরা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন। যৌথভাবে এই উৎসবের আয়োজন করছে বাংলাদেশের সংগঠন অতন্দ্র একাত্তর এবং কলকাতার ফ্রেন্ডস অব বাংলাদেশ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অতন্দ্র একাত্তরের আহ্বায়ক কবি বেলাল চৌধুরী। সংগঠনের কার্যক্রম ও উৎসবের কর্মসূচি তুলে ধরেন যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আবেদ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, ফ্রেন্ডস অব বাংলাদেশের নির্বাহী সভাপতি টি আর গোস্বামী ও কলকাতার শিল্পীদের সমন্বয়ক তপশ্রী গুপ্তা। সঞ্চালনা করেন অতন্দ্র একাত্তরের সদস্যসচিব মুজতবা আহমেদ মুরশেদ।উদ্যোক্তারা জানান, যেহেতু গীতাঞ্জলির অনেক রচনার সঙ্গেই শিলাইদহের নিবিড় সম্পর্ক রয়েছে, সে কারণে কবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতেই ১৮ জানুয়ারি বেলা তিনটায় উৎসবের উদ্বোধন হবে। প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রধান আলোচক থাকবেন কথাশিল্পী হাসান আজিজুল হক ও রবীন্দ্র গবেষক সনৎ সাহা। এরপর কলকাতা ও বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরা সংগীত ও আবৃত্তি করবেন। এ উপলক্ষে একটি পিঠামেলাও করা হবে। বাংলা একাডেমীতে ১৯ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ ও বিশেষ অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন।বাংলাদেশের শিল্পীদের মধ্যে আবৃত্তি করবেন বাংলাদেশের আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, লায়লা আফরোজ, শিমুল মুস্তাফা ও আহকামউল্লা। গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, ফাহিম হোসেন চৌধুরী, বুলবুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী, শারমিন সাথী ইসলাম, লাইসা আহমেদ, অদিতি মহসিন প্রমুখ। ভারতের পক্ষে ইন্দ্রনীল সেন, শান্তনু রায় চৌধুরী, প্রমীতা মল্লিক, মৌসুমী রায় চৌধুরী, শুভ্রনীল চট্টোপাধ্যায় ও শাহেদ চট্টোপাধ্যায়, সত্যম রায় চৌধুরী মল্লিকা মজুমদারসহ অনেকে।রমনা বটমূলে আজ পৌষমেলাপৌষের হাড় কাঁপানো শীত। তার মধ্যে চলছে পিঠাপুলির আয়োজন। বাংলার লোকজীবনে পৌষ বরাবরই আনন্দ-উৎসবের মৌসুম। সেই ঐতিহ্য অনুসরণ করেই রমনা বটমূলে আজ শুরু হচ্ছে তিন দিনের পৌষমেলা। এবার মেলার স্লোগান, ‘জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে ঘাটে মাঠে বাঁকে’।আইলা জ্বালিয়ে সকাল সাড়ে সাতটায় মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর। বটমূল চত্বরে বসবে পিঠাপুলি আর ঐতিহ্যবাহী কারুপণ্যের মেলা। মঞ্চে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে পরিবেশিত হবে বাউল গান, যাত্রাপালা, কিচ্ছা-কাহিনি, আবৃত্তি, নাচ—এসব। মেলার মঞ্চে আজ শুক্রবার ও কাল শনিবার প্রভাতি অধিবেশন সকাল সাড়ে সাতটা থেকে বেলা ১১টা এবং বৈকালিক অধিবেশন বিকেল সাড়ে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। রোববার অনুষ্ঠান হবে শুধু বিকেলে।যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে জাতীয় কবিতা উৎসবএবার জাতীয় কবিতা উৎসবে কবিরা তুলবেন যুদ্ধাপরাধীদের বিচারের দাবি। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে বসবে এই কবিতার আসর। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ২৭তম জাতীয় কবিতা উৎসব হচ্ছে এবার। উৎসবের স্লোগান ‘যুদ্ধাপরাধের বিচার দাবি আজ কবিতার’। পরিষদের প্রধান উপদেষ্টা লেখক সৈয়দ শামসুল হক উৎসব উদ্বোধন করবেন। পরিষদের সুহূদ কবি সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে এবারের উৎসব নিবেদিত হবে। দেশ-বিদেশের প্রায় চার শ কবি উৎসবে অংশ নেবেন।গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে কবিতা পরিষদ উৎসবের কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি কবি হাবিবুল্লাহ সিরাজী, সাধারণ সম্পাদক আসলাম সানী, উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক কবি মুহাম্মদ সামাদ, যুগ্ম আহ্বায়ক তারিক সুজাত, পরিষদের কার্যনির্বাহী সদস্য কবি আসাদ চৌধুরী, কাজী রোজী, বুলবুল মহলানবীশ প্রমুখ।বিগত উৎসবগুলোর মতো এবারও এর কার্যক্রমে থাকবে একুশের গান, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, কবিতার গান, সেমিনার ও প্রদর্শনী। এ ছাড়া বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিকদের জন্য ‘অন্য ভাষার কবিতা’ নামে একটি আলাদা অধিবেশন থাকবে।ছায়ানটে লোকসংগীতলোকসংগীতানুষ্ঠানের আয়োজন করেছে ছায়ানট। নিজস্ব মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ অনুষ্ঠানের শুরু হয়। এবারের অনুষ্ঠানে মনমোহন দত্ত, মহেশচন্দ্র রায়, শেখ ভানু, পাঞ্জু শাহ্ ও দূরবীন শাহ্র গান পরিবেশিত হবে। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে লোকগীতিকবি মনমোহন দত্তকে।গ্রন্থ আলোচনাকবি সাজ্জাদ শরিফ অনূদিত ফেদরিকো গারসিয়া লোরকার নির্বাচিত কবিতার বই রক্ত ও অশ্রুর গাথা নিয়ে আলোচনা অনুষ্ঠান হবে আজ শুক্রবার বিকেল চারটায়। পরীবাগের পথিকৃৎ ফাউন্ডেশনে (সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র) এই অনুষ্ঠানের আয়োজন করেছে আট কুঠুরি।