বাংলা ভাষার জয়গান গাইলেন দুই বাংলার কবিরা। স্বরচিত ও দুই বাংলাতেই খ্যাতিমান কবিদের কবিতা পাঠের মধ্য দিয়ে তাঁরা ব্যক্ত করলেন বাংলা ভাষার মহিমা। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বসেছিল কবিদের এ আসর। জাতীয় কবিতা পরিষদ, ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র যৌথভাবে ‘বাংলাদেশ-ভারত কবিতা বাসর’ শীর্ষক এ আসরের আয়োজন করে। এতে দুই বাংলার ৪০ জনের বেশি কবি অংশ নেন। আসরের উদ্বোধন করেন কবি সৈয়দ শামসুল হক। উদ্বোধনকালে তিনি বলেন, ফেব্রুয়ারি মাস বলেই নয়, ভাষার জন্যই সবাই রাষ্ট্রসীমানা ভুলে একত্র হয়েছেন। সৈয়দ শামসুল হক বলেন, ‘ঈশ্বর স্বয়ং ভাষার শক্তিতে বিস্মিত হয়েছিলেন, ঈর্ষান্বিত হয়েছিলেন। আর বাংলা ভাষার শক্তি কত বেশি, তা এই উপস্থিতি থেকেই প্রমাণিত হয়।’ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে পাঠের মধ্য দিয়ে কবিতা পাঠ শুরু হয়। এরপর একে একে কবিরা তাঁদের পছন্দের কবিতা পাঠ করেন। বাংলাদেশের কবিদের মধ্যে ছিলেন: রফিক আজাদ, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, মুহম্মদ নূরুল হুদা, অসীম সাহা, কাজী রোজী, মুহম্মদ সামাদ, আসলাম সানী, টোকন ঠাকুর, শাহ্নাজ মুন্নী, তারিক সুজাত প্রমুখ। ওপার বাংলার কবিদের মধ্যে ছিলেন: আশীষ সান্যাল, উত্তম দাস, চন্দ্রকান্ত মরাশিং, পীযূষ রাওত, মৃণাল বসু চৌধুরী, স্বপন সেনগুপ্ত, সুব্রত সরকার, পঙ্কজ শাহা, অপূর্ব দত্ত, বীথি চট্টোপাধ্যায় প্রমুখ। কবিতা আসরের সঞ্চালনা করেন শাহাদাত হোসেন ও ডালিয়া আহমেদ। এর আগে স্বাগত বক্তব্য দেন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের সচিব অভিজিৎ চট্টোপাধ্যায়।