চ্যানেল আইতে আজ রাতে প্রচারিত হবে গান নিয়ে প্রতিযোগিতার অনুষ্ঠান ‘মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ’। এ প্রতিযোগিতার বিচারক হুমায়ূন আহমেদ ও মেহের আফরোজ। কথা হলো মেহের আফরোজের সঙ্গে।সংগীত-প্রতিযোগিতায় এবারই প্রথম বিচারকের দায়িত্ব পালন করছেন?হ্যাঁ, বিচারকাজ আসলেই খুব কঠিন। আমি নিজেও ছোটবেলায় অসংখ্য প্রতিযোগিতায় অংশ নিয়েছি। মঞ্চে দর্শকদের সামনে কিন্তু নাচ বলুন, আর গানই বলুন, খুব সহজ মনে হয়। কিন্তু বিচারক মানেই মনে হতো অন্য কিছু। আমি কিন্তু এই প্রতিযোগিতার সব ছেলেমেয়েকে বলেছি, আমাকে কখনোই বিচারক ভাববে না। মনে কোরো আমি একজন দর্শক।প্রতিযোগিতায় তো নানা মানের শিশু অংশ নিচ্ছে। বাদ পড়ার পর তাদের মনের ওপর তো নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। এটা কেমন মনে হয়?প্রভাব পড়ার সম্ভাবনা থাকেই। কিন্তু এটা তো প্রতিযোগিতা, বাদ পড়াকে মেনে নিতেই হবে। এ ক্ষেত্রে আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করব। শিশুমনের ওপর তাঁরা যেন কখনোই কিছু চাপিয়ে না দেন। এই তো সেদিন বাদ পড়ার পর একটা বাচ্চা খুব কান্নাকাটি করছে। ওকে শান্ত করতে গিয়ে জানতে পারলাম, ওর মা নাকি বকা দেবেন। আবার এর বিপরীত চিত্রও দেখেছি। আমাদের অনুষ্ঠানটি হচ্ছে স্পোর্টস জোনে। আরেকটা বাচ্চাকে বাবা-মা নিয়ে গেছেন খেলার দিকে। বলেছেন, যতক্ষণ খুশি তুমি খেলা করো। এটা সবাইকে বুঝতে হবে।আপনার অভিনয়ের খবর কী?থিসিস নিয়ে ব্যস্ত থাকার কারণে ছয়-সাত মাস কোনো কাজ করিনি। এখন আবার করছি। হুমায়ূন আহমেদের লেখা দিঘীর জলে কার ছায়া গো ধারাবাহিকে কাজ করছি। এক ঘণ্টার নাটকও করেছি।আপনি তো নাটক পরিচালনা করেছিলেন। ওটা কি শেষ হয়েছিল?এই মেঘ এই রৌদ্রছায়া নাটকের বেশির ভাগ কাজই বছরখানেক আগে শেষ করেছি। এখন আবার শুরু করেছি। এটি আমার দ্বিতীয় ধারাবাহিক। গল্পটি গ্রামভিত্তিক। এখন কাজ করছি মুন্সিগঞ্জে।গানের কথা বলুন।দুই বাংলার চার গীতিকবির লেখা গান নিয়ে অ্যালবামের কাজ শুরু করেছি। এখানে আমার জন্য গান লিখেছেন হুমায়ূন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার ও নির্মলেন্দু গুণ। গানগুলোর সুর করছেন এস আই টুটুল।বিনোদন প্রতিবেদক