দুই বাংলার ছবিতে রঙের হিমি

‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ ২০১৪’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিমি এবার অভিনয় করেছেন দুই বাংলার ছবিতে। পুরো নাম জান্নাতুল সুমাইয়া। বাংলাদেশ আর ভারতের যৌথ প্রযোজনার এই ছবির নাম ‘হঠাৎ দেখা’। বাংলাদেশে ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম আর ভারতে রেশমি পিকচার্স। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন রেশমি মিত্র। ‘রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা...’-এর মাঝেই লুকিয়ে আছে এ ছবির গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর স্পষ্ট করে বলেননি অনেক কিছু, শুধু আভাস দিয়েছেন; পাঠককে এগিয়ে দিয়েছেন কল্পনার জগতে। সেই ভাবনা তুলে ধরা হয়েছে সেলুলয়েডের ফিতায়।
হিমি জানিয়েছেন, ছবির শুটিং শেষ। নভেম্বরে শুটিং হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম আর গাজীপুরে, ডিসেম্বরে ভারতের কলকাতার বেলগাছিয়া রাজবাড়িতে। ছবির বেশির ভাগ গল্পই বলা হয়েছে ফ্ল্যাশব্যাকে। এই অংশে অভিনয় করেছেন হিমি, তাঁর সঙ্গে আছেন দীপ ভট্টাচার্য। তাঁদের বর্তমান অংশে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন ও দেবশ্রী রায়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ বাংলাদেশ ও ভারতে মুক্তি দেওয়া হবে ছবিটি।

রঙের প্রতিযোগিতার পর হিমি দেশের ছোটপর্দায় দুটি বড় ধারাবাহিকে অভিনয় করেছেন। চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছে অরুণ চৌধুরীর ‘মোহর আলী’ আর এটিএন বাংলার জন্য রাজিবুল ইসলাম রাজিব তৈরি করেছেন ‘বারো ঘরের এক উঠান’।
‘হঠাৎ দেখা’ ছবিতে অভিনয় প্রসঙ্গে হিমি বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম ‘মানসী’। শুটিংয়ের আগে খুব নার্ভাস ছিলাম ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার চরিত্র, তাই চাপটা একটু বেশি ছিল ৷ ছবিতে আমাকে ওই সময়ের একটা চরিত্র হয়ে উঠতে হয়েছে। সেটা মাথায় রাখতে হয়েছে। শুটিংয়ের আগে রেশমিদি (রেশমি মিত্র) গ্রুমিং করিয়েছেন, তাতে অনেক উপকার হয়েছে ৷ পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি নিয়ে তৈরি কয়েকটি ছবিও দেখেছি৷ ’
হিমি জানালেন, সামনে ‘কাদম্বরী’র চরিত্রেও অভিনয় করতে চান তিনি ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের এই ‘নতুন বৌঠান’ চরিত্রটি তাঁকে খুব স্পর্শ করে।
হিমি এখন ব্যস্ত পড়াশোনা নিয়ে। ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ ২০১৪’ প্রতিযোগিতায় হিমি যখন অংশ নিয়েছিলেন, তখন তিনি ছিলেন দশম শ্রেণির ছাত্রী। আর এখন পড়ছেন উচ্চ মাধ্যমিকে, ক্যামব্রিয়ান কলেজে।