দুই বাংলার তারকাদের পুরস্কার দেওয়া হবে ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের টিভি, চলচ্চিত্র ও সংগীতের সেরা তারকাদের পুরস্কার দেওয়া হবে ঢাকায়। ২৪ জুলাই মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে এ অনুষ্ঠান। ‘বৈশাখী-স্টার জলসা-আনন্দদিন ২০১১’ নামের এই পুরস্কার দেওয়া হবে ১৮টি বিভাগে। প্রতিটি বিভাগে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের একজন করে তারকাকে এ পুরস্কার দেওয়া হবে। গতকাল রোববার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এখানে উপস্থিত ছিলেন বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, স্টার জলসার অনুষ্ঠান বিভাগের প্রধান শুভঙ্কর ব্যানার্জি ও আনন্দদিন পত্রিকার সম্পাদক বাশারুল ইসলাম। অনুষ্ঠানে থাকবে দুই বাংলার শিল্পীদের এক ডজন পরিবেশনা।