দুই বাংলার নাট্যমেলা
রাজধানী ঢাকাকে এখন উৎসবের নগর বললে অত্যুক্তি হবে না। আন্তর্জাতিক নাট্যোৎসবসহ পর পর বেশ কয়েকটি উৎসবের আয়োজন করা হয়েছে। দেশব্যাপী সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক সংগঠনগুলোকে অর্থ বরাদ্দ দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। নিয়ম অনুযায়ী, চলতি বছরের ৩০ জুনের মধ্যে এ টাকা খরচ করতে হবে। এ কারণে উৎসব আয়োজনের মিছিল। এ মিছিলে গেল সপ্তাহে যোগ হয়েছে জাতীয় নাট্যোৎসব ও দুই বাংলার নাট্যমেলা। ‘বাংলা নাটক করবে বিশ্ব ভ্রমণ’ স্লোগান নিয়ে ১৫ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। উৎসবে ভারতের কলকাতা, উডিশা ও বহরমপুরের তিনটি দলসহ বাংলাদেশের ২৭টি দল অংশ নিচ্ছে। ৩ জুন শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। উৎসবের পর উৎসব। এই ব্যস্ততায় দর্শক কি ক্লান্ত নন? কেমন হচ্ছে চলতি আয়োজন? গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব ঝুনা চৌধুরী সন্তুষ্ট। বললেন, এখন গ্রীষ্মকাল। ঝড়-বাদলের সময়। তবুু নাটককে ভালোবেসে প্রতিদিনই প্রচুর দর্শক আসছেন। দেশ-বিদেশের আলোচিত নাটকগুলো দেখতে ভিড় করছেন নানা বয়সের দর্শক। বাস্তবেও তা দেখা গেল। গত কয়েক দিন উৎসবস্থলে গিয়ে দেখা গেল আগ্রহী দর্শকের ভিড়। প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাটক প্রদর্শিত হচ্ছে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন এবং পরীক্ষণ থিয়েটারে। ১০০ ও ৫০ টাকা মূল্যের টিকিট কিনে দর্শক উপভোগ করছেন নাটক। প্রসঙ্গত, নাট্যকর্মী ও শিক্ষার্থীরা বিশেষ ছাড়ে ২০ টাকার টিকিটে নাটক উপভোগ করতে পারছেন উৎসবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘পর পর কয়েকটি উৎসবের ব্যাপক সাড়া প্রমাণ করে, মঞ্চনাটকের ব্যাপারে দর্শকদের আগ্রহ বাড়ছে। আমরাও এবারের উৎসবে দর্শকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি।’এবারের উৎসবে বড় প্রাপ্তি কী? সোমবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সিঁড়িতে দাঁড়িয়ে একজন দর্শককে প্রশ্ন করা হয়েছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ রহমান জবাব দিলেন, ‘উৎসবে পুরোনো কিছু নাটক দেখার সুযোগ হয়েছে। সঙ্গে বড় প্রাপ্তি—তিনটি নতুন নাটক দেখা গেল।’ ৬ জুন সোমবার পরীক্ষণ থিয়েটারে ছিল মহাকাল নাট্যসম্প্রদায়ের নতুন নাটক নিশিমন-বিসর্জন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন-এর কাহিনি অবলম্বনে নাটকটি নির্মাণ করেছে মহাকাল। এটি তাদের ২৭তম প্রযোজনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান এর নাট্যরূপ দিয়েছেন। নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের প্রভাষক আশিক রহমান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাট্য প্রযোজনায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্পের আর্থিক সহযোগিতায় নিশিমন-বিসর্জন নির্মিত হয়েছে। একই দিন জাতীয় নাট্যশালায় লোকনাট্যদল (বনানী) মঞ্চায়ন করে বৈকুণ্ঠের খাতা ও বশীকরণ। বৈকুণ্ঠের খাতা নাটকটির এর আগে একটি প্রদর্শনী হলেও বশীকরণ নাটকের সেদিন ছিল প্রথম মঞ্চায়ন। আজ উৎসবের সপ্তম দিন। জাতীয় নাট্যশালায় রয়েছে চট্টগ্রামের থিয়েটার ওয়ার্কশপ, নাটক বেধুয়া। পরীক্ষণ থিয়েটারে ঢাকা পদাতিক মঞ্চস্থ করবে পাইচো চোরের কিস্সা। ১৫ দিনের এ উৎসব চলবে ১৭ জুন পর্যন্ত।