দুই বাংলার নাট্যমেলা ও নাট্যভ্রমণ

বিশ্বাসে ও শোণিতপ্রবাহে ধারণ করে প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা ২০১৭-এর আয়োজন হয়েছিল ১০ থেকে ১৮ মার্চ জাতীয় নাট্যশালায়। বাংলাদেশ ছাড়া শুধু ভারতের পশ্চিমবঙ্গে নয় কোটি বাংলাভাষী মানুষ আছে এবং পশ্চিমবঙ্গজুড়েই থিয়েটার চর্চার এক উন্মাতাল ব্যাপকতা ও ঐতিহ্য আছে। সঙ্গে আমরা বাংলাদেশে প্রায় ১৭ কোটি। থিয়েটার চর্চারও ব্যাপকতা আর ঐতিহ্যের গর্বিত দাবিদার আমরাও। তাই এই দুই বঙ্গের নাট্য সংস্কৃতির আদান-প্রদানের ভ্রাতৃত্ব আর বন্ধুত্ব নিশ্চিতভাবেই আমাদের নাট্য সংস্কৃতিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে—এই বিশ্বাস থেকেই এই নাট্যসেতু নির্মাণের প্রয়াস। বাংলাদেশের পাঁচটি অনন্য প্রযোজনার সঙ্গে তাই ভারতের পশ্চিমবঙ্গ ও দিল্লি থেকে যুক্ত হয়েছিল চারটি অসাধারণ প্রযোজনা। দেবেশ চট্টোপাধ্যায় রচিত ও নির্দেশিত ব্রেন, চন্দন সেন রচিত ও নির্দেশিত ওরা আটজন, অঞ্জন কাঞ্জিলাল রচিত ও নির্দেশিত অসুখ এবং বাংলা সাহিত্যের বাংলা নাটকের অনন্য সম্পদ সৈয়দ শামসুল হকের সাড়াজাগানো নাটক নুরলদীনের সারাজীবন—যে নাটকটি কিশোর সেনগুপ্তের নির্দেশনায় করেছে পশ্চিমবঙ্গের কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র। পাঠককে জানানো প্রয়োজন, ভারতের প্রথম কোনো নাট্যদল এই প্রথম সৈয়দ শামসুল হকের নাটক করল। যার সার্থক মঞ্চায়ন বাংলাদেশের দর্শক নাট্যজনেরা হল উপচে পড়া ভিড় করে উপভোগ করল বিগত ১৮ মার্চ নাট্যমেলার সমাপনী সন্ধ্যায়। দর্শক আসনে উপস্থিত ছিলেন বাংলাদেশে আলী যাকের নির্দেশিত ও নুরলদীন চরিত্রে অভিনীত নাগরিক নাট্য সম্প্রদায়ের সাড়াজাগানো প্রযোজনার সঙ্গে যুক্ত অধিকাংশ কলাকুশলী। উপস্থিত ছিলেন আনোয়ারা সৈয়দ হক ও সৈয়দ শামসুল হকের শোণিতপ্রবাহ দ্বিতীয় সৈয়দ হক। সৈয়দ হক যে কলম দিয়ে নাটকটি লিখেছিলেন, সে কলমটি দ্বিতীয় সৈয়দ হক সঙ্গে করে এনেছিলেন দর্শক ও কলাকুশলীদের দেখানোর জন্য। সে-ও ছিল এক অনন্য দর্শন।
দীর্ঘ ছয় মাসের প্রস্তুতি আর কর্মের ফসল ছিল দুই বাংলার নাট্যমেলা। ওই ক্লান্তির ঘাম না শুকাতেই ডাক এল শ্রীমঙ্গল উদীচীর আয়োজন নীহারেন্দুকর নাট্য উৎসবের। শ্রীমঙ্গলে ২২ মার্চ সন্ধ্যায় আওরঙ্গজেব মঞ্চায়ন করে দর্শক ভালোবাসায় সিক্ত হয়ে সেই রাতেই একটায় সিলেট থেকে আসা উপবন এক্সপ্রেসে ছুটতে হলো সৈয়দ শামসুল হকের বেড়ে ওঠার শহর কুড়িগ্রামের উদ্দেশে। সেখানে প্রচ্ছদ কুড়িগ্রাম আয়োজন করেছিল আট দিনের সৈয়দ শামসুল হক নাট্যোৎসব। এ আয়োজন বোধ করি কুড়িগ্রামের সংস্কৃতিজনদের দায় ছিল, কারণ জীবিতকালের শেষ ইচ্ছায় কুড়িগ্রামের মাটিতেই শেষ শয়নশয্যার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার সৈয়দ শামসুল হক। দীর্ঘতম এক যাত্রার অবসান হলো আমাদের শ্রীমঙ্গল থেকে কুড়িগ্রাম পৌঁছে ২৩ মার্চ রাত সাড়ে ১০টায়। স্বাগত জানালেন প্রচ্ছদ কুড়িগ্রামের প্রধান পুরুষ শ্যামল ভৌমিক। ৩১ সদস্যের দল উঠলাম কুড়িগ্রাম বাসস্ট্যান্ড-সংলগ্ন অর্ণব প্যালেসে। কুড়িগ্রামে পৌঁছেই এক অদ্ভুত বিপন্ন বিষণ্নতায় হু হু করে উঠল দলের সবার মন। এই ভাবনায় যে আমাদের প্রিয় নাট্যকার এই মাটিতেই শেষ শয্যা পেতেছেন। তাই পরদিন সব কাজের আগে দলের সবারই ভেতরের তাড়নাতেই ছুটে গেলাম কুড়িগ্রাম চিলমারী সড়কের পাশে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে, যেখানে অনন্ত অশেষ ঘুমে নিদ্রাব্রত আমাদের নাট্যকার। সন্ধ্যায় পৌর মিলনায়তনের দর্শকপূর্ণ প্রেক্ষাগৃহে কনডেমড সেল মঞ্চায়িত হলো। কুড়িগ্রামের বরেণ্যজনসহ ঢাকা থেকে ছুটে গিয়েছিলেন আনোয়ারা সৈয়দ হক ও দ্বিতীয় সৈয়দ হকও।
পরের দিন, অর্থাৎ ২৫ মার্চ সকালেই কুড়িগ্রাম থেকে ছুটতে হলো ৪০ কিলোমিটার দূরের জেলা লালমনিরহাটের উদ্দেশে। সেখানে জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান ও জেলা প্রশাসক আবুল ফয়েজ আলাউদ্দীন দুজনে মিলে ২৫ মার্চ গণহত্যা দিবসে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে আওরঙ্গজেব ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চে কনডেমড সেল নাটকের একটি করে প্রদর্শনীর আয়োজন করেছিলেন। দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন দর্শকদের সামনে টানা চারটি সফল প্রদর্শনী করে দর্শকদের ভালোবাসায় ভাসতে ভাসতে ২৭ মার্চ জ্যাম আর ধুলোবালিতে একাকার হয়ে টানা ১৬ ঘণ্টার জার্নির পরও ক্লান্তি যেন ধরাই পড়ছিল না দলের কারোর চোখেমুখে, কারণ এর পরই ২৯ মার্চ শো আছে মাদারীপুর জেলার শিবচরে। ২৯ মার্চ দুপুরে শিবচরে পৌঁছালাম। শিবচর থিয়েটারের প্রধান তুহিন রেজা স্বাগত জানালেন। ছোট্ট উপজেলা শহর নবীন সব নাট্যজন লড়ছেন সেখানে নাটক নিয়ে। আয়োজন আর আন্তরিকতায় অনন্য তাঁরা। রাতে ফিরতি ফেরিতে পদ্মার বুকে ভাসতে ভাসতে দলের সব সদস্যেরই প্রাণের গভীরে একই বিষাদের আহাজারি। সেটা হচ্ছে, আহা! নাটক নিয়ে এমন ব্যস্ততায় যদি সারা বছর কাটত!
কবে আসবে সে সুদিন?
লেখক: অভিনেতা ও নির্দেশক