দুই বাংলার মৈত্রী দৃঢ় করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা, শিল্প-সাহিত্য, সাংস্কৃতিক আদান-প্রদান আরও জোরালো করে দুই বাংলার মৈত্রী সম্পর্ক দৃঢ়তর করার আহ্বান জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ও এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের নবনির্বাচিত ফেলো অধ্যাপক তপন রায়চৌধুরী।গতকাল মঙ্গলবার ঢাকায় এশিয়াটিক সোসাইটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তপন রায়চৌধুরী এ আহ্বান জানান। সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তাঁকে এশিয়াটিক সোসাইটির আজীবন ফেলো নির্বাচন করা হয়েছে। এ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে তপন রায়চৌধুরী বলেন, ‘বাঙালি সংস্কৃতির ব্যাপারে ঘরকুনো। তবে এখন সেটি বদলাচ্ছে। পৃথিবীর কাছ থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে, আবার দেওয়ারও আছে। না দিলে পাওয়া যাবে না। বাংলার সাহিত্য-সংস্কৃতি বিশ্বকে আরও সমৃদ্ধ করতে পারে। এ জন্য দুই বাংলাকে একসঙ্গে কাজ করতে হবে।’ তিনি দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক ছাত্র-শিক্ষক বিনিময়ের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের গণমাধ্যম ও সাহিত্যের প্রশংসা করে বলেন, বাংলাদেশের সাংবাদিকতায় এক ধরনের নির্বিঘ্নতা আছে। এ ঐতিহ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের পরিচয় হওয়া দরকার।অনুষ্ঠানে এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজা খানম উপস্থিত ছিলেন।ভায়োলিনে বেথোফেন-মোৎসার্টমিলনায়তনের ভেতর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিল্পীরা। বাইরে ভায়োলিন অনুরাগীদের ভিড়। নির্ধারিত সময়ে ফটক খুলে দিলে মুহূর্তেই সব আসন পূর্ণ হয়ে যায়। এ চিত্র গতকাল সন্ধ্যার জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের। উপলক্ষ ‘ক্লাসিক্যাল ভায়োলিন ও পিয়ানো কনসার্ট’। জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের আমন্ত্রণে এ কনসার্টে ভায়োলিনে সুর তোলেন জার্মানির ভায়োলিনবাদক ফ্লোরিয়ান সনলাইটনার। তাঁকে পিয়ানো বাজিয়ে সহযোগিতা করেন ইয়াসুকো মাদসুদা। তিনিও জার্মানির নাগরিক।কেন্দ্রের পরিচালক অ্যাঞ্জেলা গ্রুনার্টের স্বাগত বক্তব্যের পর শুরু হয় ভায়োলিন বাদন। মোৎসার্টের ‘অ্যালেগ্রো মডার্যাটো’ বাজানোর সঙ্গে সঙ্গে মিলনায়তনে নেমে আসে নীরবতা। ফ্লোরিয়ান পরপর মোৎসার্টের তিনটি সুর বাজান। এরপর চারটি বেথোফেন ও চারটি ব্রাহ্মস বাজিয়ে শোনান।অধুনা থিয়েটারের ২০ বছর পূর্তিনিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জানান, কুমিল্লার নাট্য সংগঠন অধুনা থিয়েটারের ২০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে ১০ দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সম্মাননা প্রদান, প্রদীপ প্রজ্জ্বালন, জারি গান, কুমিল্লার আঞ্চলিক গান, গাজীর পট ও নারায়ণগঞ্জের সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নিজস্ব পরিবেশনা।বাগেরহাটে চলচ্চিত্র উৎসব শুরুবাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে গতকাল সপ্তাহব্যাপী বাংলা চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। এর আয়োজন করে বাগেরহাট ফিল্ম সোসাইটি। বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন ভারতের চলচ্চিত্র নির্মাতা অঞ্জন দাস। ফিল্ম সোসাইটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আকরাম হোসেন ও পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম।রংপুরে সাহিত্য আসরনিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, তিস্তা নন্দিনী সাহিত্য সংগঠনের আয়োজনে রংপুর টাউন হলে বিকেলে দুই বাংলার কবি-সাহিত্যিকদের সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ এর উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি এম এ বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন কলকাতার গঙ্গা নন্দিনী সংগঠনের সভাপতি বরুণ চক্রবর্তী, সম্পাদক ঋতা বসু, কলকাতার কবি দিলীপ মুখার্জি, গীতা সাহা, সুজাতা পাল, তারক নাথ, শিখা দাস গুপ্ত, বাংলাদেশের সরোজ দেব।