দুই বাংলার রবীন্দ্রনাট্যমেলা
জাতীয় নাট্যশালা চত্বর লোকে লোকারণ্য। নানা রঙের ফেস্টুন আর ঢাকার মঞ্চে আসা রবীন্দ্রনাথের নাটকের নামসংবলিত প্ল্যাকার্ড নানা বৈচিত্র্যে সাজানো হয়েছে করিডর। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল আকৃতির ছবি নাট্যশালার বাইরে দেয়াল ঘেঁষে দাঁড়ানো। মেঝেতে বিভিন্ন ধরনের ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া। জাতীয় নাট্যশালা যেন নতুন দিনের জয়গানে সেজেছে। নাট্যশালায় আসা দর্শকের কণ্ঠে যেন রবীন্দ্রনাট্যমেলার জয়ের ধ্বনি।শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় গতকাল শুরু হয়েছে দুই বাংলার রবীন্দ্রনাট্যমেলা। ‘আপন হ’তে বাহির হয়ে বাইরে দাঁড়া/বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া’ স্লোগান নিয়ে নাটকের দল প্রাঙ্গণেমোর আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন এ সময়ের ১৯ জন সৃজনশীল নাট্যনির্দেশক। অনুষ্ঠানে অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, নাট্যজন মামুনুর রশীদ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী, মহাসচিব ঝুনা চৌধুরী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নাট্যকর্মীদের সংগীত ও নৃত্য পরিবেশনা। একই সঙ্গে শুরু হয় বাবুল বিশ্বাস সংগৃহীত ‘বাংলাদেশের নাট্যচর্চায় রবীন্দ্রনাথের নাটক’ শীর্ষক পোস্টার, আলোকচিত্র ও সুভ্যেনির প্রদর্শনী। উদ্বোধনের পর ভারতের নয়ে নাটুয়া নাট্যদল পরিবেশন করে নানা রঙে রবি নাটকটি। রবীন্দ্রনাথের কবিতা ও গান থেকে সংকলিত এ নাটকটির নিদের্শনা দিয়েছেন গৌতম হালদার। এতে অভিনয় করেন গৌতম হালদার, দেওতী ঘোষ, রিয়া দাস, সস্তিকা ধর, শান্তনু ঘোষ, সুজন মুখার্জি প্রমুখ।১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। এতে জাতীয় নাট্যশালার তিনটি হলে ১৫টি নাটকের প্রদর্শনী হবে। প্রতিদিন নাটক শুরু হবে সন্ধ্যা সাতটায়। এ ছাড়া জাতীয় নাট্যশালার প্রাঙ্গণে বিকেল সাড়ে পাঁচটা থেকে গান, আবৃত্তি, নাচ ও বিভিন্ন নাটকের দলের পরিবেশনা থাকবে। চারুকলার ভাস্কর্য বিভাগের প্রদর্শনীঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শোভা পাচ্ছে নানা রঙ, আকৃতি ও মাধ্যমের ভাস্কর্য। এসবের মধ্যে মানব অবয়ব বেশি। এই মানব অবয়বের কোনোটি দণ্ডায়মান, কোনোটি শায়িত আবার কোনোটি উপবিষ্ট। এ ছাড়াও আছে কিছু পশু ও সামগ্রীর অবয়ব। এসব প্রদর্শিত হচ্ছে চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের বার্ষিক প্রদর্শনী ২০১০-এর আওতায়। প্রদর্শনীতে ভাস্কর্য বিভাগের ৭০ জন শিক্ষার্থীর প্রায় ১০০ ভাস্কর্য থেকে নির্বাচিত ৪০টি ভাস্কর্য স্থান পেয়েছে। গতকাল এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন ভাস্কর্য বিভাগের প্রধান হামিদুজ্জামান। আলোচনায় অংশ নেন লালারুখ সেলিম ও মুকুল কুমার বাড়ৈ। প্রদর্শনী চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।