দুই বাংলার শিল্পীদের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারত যৌথভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপনের উদ্যোগ নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে প্রধান করে গঠন করা হয়েছে জাতীয় কমিটি। জানা গেছে, আগামী ৭ মে নতুন দিল্লির বিজ্ঞানভবনে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপনের সূচনা হবে। আর তা করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজেই। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সোনিয়া গান্ধীসহ দুই দেশের বিশিষ্টজনেরা। দুই দিনের এই অনুষ্ঠানে গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহিম হোসেন চৌধুরী, শামা রহমান, লিলি ইসলাম, অদিতি মহসিনসহ আরও অনেকে।কলকাতায় ৯ মে অনুষ্ঠিত হবে দুই বাংলার যৌথ অনুষ্ঠান। কলকাতার বিজ্ঞাননগরী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন, বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনসহ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে কলকাতার শিল্পীদের সঙ্গে অংশ নেবেন বাংলাদেশের শিল্পী পাপিয়া সারোয়ার, সাদি মহম্মদসহ বিশিষ্ট সংগীত ও নৃত্যশিল্পীরা।