দুই বাংলার শিল্পীদের নিয়ে ‘আমার সোনার বাংলা’
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে ১৫০টি গান নিয়ে রবীন্দ্রসংগীতের অ্যালবাম তৈরি করছে জাগরণ। অ্যালবামের নাম আমার সোনার বাংলা। জাগরণের মোস্তফা তৌহিদ খান বলেন, ‘এই অ্যালবামে বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত শিল্পীরা গান করেছেন। পুরো অ্যালবামে সম্মেলক গান থাকছে ৬০টি আর একক গান ৯০টি।’অ্যালবামটির পরিকল্পনা ও সমন্বয় করছেন মোস্তফা তৌহিদ খান ও ফারাহ্ দীনা গুঞ্জন। তৌহিদ জানান, অ্যালবামে বাংলাদেশের শিল্পীরা হলেন পাপিয়া সারোয়ার, রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, সাদি মহম্মদ, লিলি ইসলাম, তপন মাহমুদ, সাজেদ আকবর, সালমা আকবর, বুলবুল ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী, লাইসা আহমেদ, অদিতি মহসিন, আজিজুর রহমান, হিমাদ্রী শেখর, নাসিমা খান, ফারাহ্ দীনা গুঞ্জন, অনিমা রায় প্রমুখ। ভারতের শিল্পীদের মধ্যে রয়েছেন মোহন সিং, প্রমিতা মল্লিকা, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য্য, ইন্দ্রাণী সেন, শ্রাবণী সেন, সুপ্রতীক ঘোষ, লোপামুদ্রা মিত্র প্রমুখ।অ্যালবামটির সংগীত আয়োজন করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়। তৌহিদ বললেন, ‘ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব সমন্বয় ঘটেছে পুরো সংগীত আয়োজনে।’ আগামী ২২ শ্রাবণ কবিগুরুর মৃত্যুদিনে বের হবে আমার সোনার বাংলা অ্যালবামটি।