দুই বাংলার শিল্পীদের'এশিয়ান মিউজিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ, ঊষা উত্থুপ, নচিকেতা
রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ, ঊষা উত্থুপ, নচিকেতা

ঈদ উৎসবে এশিয়ান টিভির আয়োজনে পাঁচ পর্বের বিশেষ অনুষ্ঠানমালায় সংগীত পরিবেশন করবেন দুই বাংলার জনপ্রিয় ১০ জন কণ্ঠশিল্পী। ‘এশিয়ান মিউজিক’ নামের এই অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীদের মধ্যে আছেন বাংলাদেশের রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিত্, ফাহমিদা নবী ও আঁখি আলমগীর এবং ভারতের নচিকেতা, ঊষা উত্থুপ, রূপঙ্কর, সুরজিত্ ও স্বপন বসু।
গত দুই দিনে কলকাতার টালিগঞ্জের নয় নম্বর স্টুডিওতে দুই বাংলার শিল্পীদের এই অনুষ্ঠানের ধারণকাজ সম্পন্ন হয়েছে বলে এশিয়ান টেলিভিশন সূত্র জানিয়েছে।  
এই অনুষ্ঠানে শিল্পীরা নিজেদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। কেবল গানই নয়, সঙ্গে এই ১০ জন শিল্পী সঞ্চালকের নানান প্রশ্নেরও জবাব দেবেন। ‘এশিয়ান মিউজিক’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়ক ফেরদৌস ও সংগীতশিল্পী আঁখি আলমগীর।

এশিয়ান টিভি সূত্র আরও জানিয়েছে, দুই বাংলার শিল্পীদের কালজয়ী কিছু গান এশিয়ান টেলিভিশনের দর্শকদের উপহার দেওয়ার জন্যই এ আয়োজন। তাদের ইচ্ছে ছিল বাংলাদেশেই অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন করার; কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

অনুষ্ঠানটি নিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী আয়োজন। আমার মনে হয়, দর্শক অনুষ্ঠানটি উপভোগ করবেন।’ কুমার বিশ্বজিত্ বলেন, ‘কাজটি করে আমি আনন্দিত।’

জানা গেছে, ঈদের প্রথম দিন রুনা লায়লা ও ঊষা উত্থুপ, দ্বিতীয় দিন সাবিনা ইয়াসমিন-নচিকেতা, তৃতীয় দিন কুমার বিশ্বজিত্-রূপঙ্কর, চতুর্থ দিন ফাহমিদা নবী-সুরজিত্ এবং পঞ্চম দিন আঁখি আলমগীর ও স্বপন বসুর গান পরিবেশিত হবে।