দুই বাংলার শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রবীন্দ্রনাথকে ছাড়া কোনো বাঙালি নিজেকে ভাবতেই পারেন না। রোগে-শোকে ও আনন্দ-বেদনায় সোচ্চার হওয়ার সময় রবীন্দ্রনাথই আমাদের বড় অবলম্বন। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, আগামী দিনগুলো আন্তর্জাতিকতার দিন। নিজেকে তিনি ঘরের কোণে আটকে রাখেননি। নিজের কথা নয়, তিনি ভেবেছেন জাতির কথা, দেশের কথা, বিশ্বের মানুষের কথা। তাই তো আজ রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ আন্তর্জাতিকভাবে উদ্যাপন করা হচ্ছে। যত দিন বাংলা ভাষা ও বাঙালি থাকবে, তত দিন রবীন্দ্রনাথ থাকবেন সবার হূদয়ে।’ বললেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।‘বিশ্বে বাঙালী’ অনুষ্ঠানটি উদ্বোধনের আগে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করলেন তিনি। এরপর মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিজারুল কায়েস, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হেদায়েত উল্লাহ আল মামুন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। আর বাংলাদেশ ও ভারতের শিল্পীরা গাইলেন ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি।শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজন করা হয় ‘বিশ্বে বাঙালী’ অনুষ্ঠান। রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষে পদার্পণ উপলক্ষে এ আয়োজনটি করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও সুরলোক এবং ভারতের নবপ্রতিশ্রুতি। আর এতে অংশ নিয়েছেন দুই দেশের রবীন্দ্রসংগীতের বরেণ্য ও জনপ্রিয় শিল্পীরা।লোপামুদ্রা মিত্র ছাড়া ভারতের শিল্পী মোহন সিং, সুতপা বন্দ্যোপাধ্যায়, সুপ্রতীক দাস, তিথি দেববর্মণ, নীলাঞ্জনা সেন, দেবশ্রী মুখার্জি, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায়, গোরা চাঁদ রাম ও আবির সিং এসেছিলেন গত বৃহস্পতিবার। লোপা এলেন শুক্রবার সকালে। তাঁর গান করার কথা ছিল সন্ধ্যায়। কিন্তু বিমানবন্দর থেকে সরাসরি চলে এলেন জাতীয় নাট্যশালার মঞ্চে। জানালেন, সবার সঙ্গে জাতীয় সংগীতে অংশ নেওয়ার সুযোগটা হাতছাড়া করতে চাননি।সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীতে কণ্ঠ দিলেন দুই দেশের শিল্পীরা। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। এ আয়োজনে বাংলাদেশের শিল্পীদের মধ্যে ছিলেন পাপিয়া সারোয়ার, তপন মাহমুদ, ইফ্ফাত আরা দেওয়ান, রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, সাদি মহম্মদ, লিলি ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী, সাজেদ আকবর, সালমা আকবর, চঞ্চল খান, লাইসা আহমেদ, বুলবুল ইসলাম, মুজিবুল কাইয়ুম, রোকাইয়া হাসিন, হিমাদ্রী শেখর, শিমুল মুস্তাফা, ডালিয়া আহমেদ, শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও নৃত্যনন্দন।সকালের পর্বটি ছিল দুই ঘণ্টার। মাঝে ঘণ্টা তিনেকের বিরতি। এরপর বিকেলের অনুষ্ঠান শুরু হয় সাড়ে চারটায়। সকালের আয়োজনে মিলনায়তনের অনেক আসনই ছিল খালি। কিন্তু বিকেলে কোনো আসনই আর ফাঁকা পাওয়া যায়নি। সন্ধ্যায় বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান। রাতে প্রথম ম্যাচ। কিন্তু এসবের কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি এ অনুষ্ঠানে। মিলনায়তনের বাইরেও ছিল প্রচুর দর্শক। তাই তো দরজা খুলে রাখতে হয়েছিল পুরোটা সময়।অনুষ্ঠানে দর্শকদের অন্যতম আকর্ষণ ছিল ভারতের শিল্পীদের গান আর আবৃত্তি। গান গাওয়ার ফাঁকে সাদি মহম্মদ বললেন, ‘আমাদের গান তো আপনারা সব সময়ই শোনেন, আসুন, আজ আমরা ভারত থেকে আসা শিল্পীদের গানগুলো শুনি। অনেক বড় মাপের শিল্পীরা আমাদের মাঝে এসেছেন।’রেজওয়ানা চৌধুরী বন্যা বললেন, ‘মঞ্চে দুই দেশের শিল্পীরা একসঙ্গে গান করছেন। এ বন্ধন আমাদের অবিচ্ছেদ্য থাকবে। দিন দিন আরও দৃঢ় হবে।’ওদিকে মঞ্চের পেছনে চলছিল দুই দেশের শিল্পীদের আড্ডা। অনেক দিন পর একে অন্যকে কাছে পেয়ে জড়িয়ে ধরছিলেন। শুধু গান নয়, আড্ডার বিষয় ছিল নানা প্রসঙ্গ। পাপিয়া সারোয়ার বললেন, ‘মোহনদা (মোহন সিং) আমার গুরুভাই। আমরা একই গুরুর কাছে গান শিখেছি।’ মোহন সিং শান্তিনিকেতনের সংগীত ভবনের অধ্যক্ষ। অধ্যাপনা করছেন ১৯৭৮ সাল থেকে। জানালেন, তিনি পাঞ্জাব থেকে এসেছেন। বাড়ি লুধিয়ানায়। ১৯৬৭ সালে শান্তিনিকেতনে এসে আর ফেরেননি। রবীন্দ্রনাথ আর শান্তিনিকেতনকে ভালোবেসে থেকে গেলেন। বাংলাদেশ থেকে যাঁরাই শান্তিনিকেতনে পড়াশোনা করতে গেছেন, সবাই তাঁর ছাত্রছাত্রী। আগ্রা ঘরানার এই শিল্পী উচ্চাঙ্গসংগীতের একজন বরেণ্য ওস্তাদ। তালিম নিয়েছেন ওস্তাদ ফৈয়াজ খাঁ সাহেবের সাগরেদ ওস্তাদ ভি পি যোশীর কাছে।রবীন্দ্রসংগীতের পণ্ডিত মোহন সিং বললেন, ‘এর আগেও বাংলাদেশে এসেছি। অনেক দিন থেকেছি। ঢাকা, রাজশাহী, চট্টগ্রামে গান করেছি। এখানে গান করতে ভালো লাগে। বাংলাদেশে রবীন্দ্রসংগীতের চর্চা তো অসাধারণ। এমন কোথাও হয় না।’রবীন্দ্রসংগীত নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে বললেন, নানা কিছু করছে। পশ্চিমবঙ্গেও হচ্ছে। এতে ঘাবড়ানোর কিছু নেই। ওগুলো কোনোটাই মানুষ নিচ্ছে না। নেবেও না। শেষ পর্যন্ত সনাতনটাই টিকে থাকবে।শুক্রবার সন্ধ্যায় তাঁর নামটি ঘোষণার পর শুরু হয় হাততালি। মনে হলো, শ্রোতারা অনেক্ষণ ধরে অপেক্ষা করে ছিলেন। তিনি গাইলেন পাঁচটি গান। শেষ করার পর দর্শকসারির সবাই দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁকে সম্মান জানায়। এ সময় মোহন সিংয়ের চোখ ভিজে যায়।তৃপ্তি দেববর্মণের ঠাকুরমার ভাই শচীন দেববর্মণ। আগরতলার এই শিল্পী বাংলার পাশাপাশি ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় রবীন্দ্রসংগীত করছেন। এদিন মঞ্চে ‘মনে রবে কি না রবে আমারে’ গানটি গেয়ে শোনালেন বাংলা ও ত্রিপুরার কবরক ভাষায়।সুতপা বন্দ্যোপাধ্যায় টিভি সংবাদ পাঠের সঙ্গে যুক্ত আছেন অনেক বছর। পাশাপাশি আবৃত্তি ও পাঠ করছেন। জানালেন, অনেক বছর আগে তিনিই প্রথম আবৃত্তির সঙ্গে আবহসংগীত হিসেবে মিউজিক ব্যবহার করেন। সেই থেকে শুরু। এখন তা অনেকেই করছেন। মঞ্চে যাওয়ার আগেই আয়োজকদের কাছে জানতে চান, ‘আমি কতটা সময় থাকব?’ আয়োজকদের একজন বললেন, ‘১৫-২০ মিনিট।’এই সময়ের মধ্যেই রবীন্দ্রনাথের কবিতা ও সাহিত্য থেকে তাঁর আবৃত্তি ও পাঠে মুগ্ধ হলো দর্শকেরা।অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিলেন লোপামুদ্রা মিত্র। মঞ্চে এসে বললেন, ‘আমার জনপ্রিয়তা অন্য গানে। কিন্তু আজ আমরা রবিঠাকুরের গান করতে এসেছি।’ এরপর শোনালেন আটটি গান। গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে মজা করতে ভোলেননি। তাঁর শেষ গানটি ছিল, ‘আগুনের পরশমণি’। বললেন, ‘অনেক দুঃখ-কষ্টের ভেতরেও এই গানটির মধ্যে শক্তি খুঁজে পাই। আবার ঘুরে দাঁড়াই। এগিয়ে যাওয়ার প্রেরণা পাই। আসুন, আমরা সবাই মিলে গানটি করি।’ দর্শকসারিতে বসে থাকা অনেকেই গানটিতে লোপা মুদ্রার সঙ্গে কণ্ঠ মেলালেন। অনুষ্ঠান শেষ হলো দুই দেশের জাতীয়সংগীতের মধ্য দিয়ে। রবীন্দ্রনাথের গান সেদিন কিছু সময়ের জন্য সবাইকে ভুলিয়ে দিয়েছিল বিশ্বকাপ ফুটবলের কথা।