দুই বাংলার ‘মনের মানুষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপার বাংলা-ওপার বাংলার প্রকৃতি আর মানুষকে নিয়ে তৈরি হচ্ছে মনের মানুষ। ছবির মূল বিষয়বস্তু লালনের দর্শন এবং তখনকার সমাজব্যবস্থা। ওপার বাংলার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ পদ্মা নদীর মাঝির পর এবার দুই বাংলা নিয়ে নির্মাণ করছেন এ ছবিটি। গত বছরের ডিসেম্বরে ভারতের শিলিগুড়িতে ছবিটির শুটিং শুরু হয়। চলতি মাসের ৪ তারিখ থেকে বাংলাদেশের সুনামগঞ্জে শুটিং করছেন গৌতম ঘোষ। ছবিতে বাংলাদেশের শিল্পীদের তালিকায় আছেন হাসান ইমাম, চম্পা, রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী প্রমুখ। অন্যদিকে ওপার বাংলার শিল্পীদের মধ্যে আছেন প্রসেনজিত্, অনির্বাণ, পাওলি, শুক্লা প্রমুখ। শিলিগুড়িতে বাংলাদেশ থেকে কাজ করতে গিয়েছিলেন চম্পা ও চঞ্চল চৌধুরী। ছিলেন প্রসেনজিত্। কেমন কাজ করলেন তাঁরা—এসব নিয়ে তাঁদের মুখোমুখি হয়েছিল ‘আনন্দ’।এর আগে গৌতম ঘোষের দুটি ছবিতে কাজ করেছেন চম্পা।পদ্মা নদীর মাঝি ও আবার অরণ্যে, এবার তিনি করছেন মনের মানুষ। ছবিতে লীলাবতী চরিত্রে অভিনয় করছেন তিনি। বললেন, ‘হিন্দু বিধবা যে চরিত্রে আমি কাজ করছি, সেটি আমার জন্য নতুন। গত ডিসেম্বরে প্রথম কাজ করলাম। শান্তিনিকেতনের বোলপুরে আমাদের শুটিং সেট তৈরি হয়েছিল। নতুন এক অভিজ্ঞতা। দেখলাম, সেখানে সবকিছুই মাটি দিয়ে তৈরি করা হয়েছে। মাটির ঘর, মাটির খাট, মাটির ড্রেসিং টেবিল, মাটির সোফা। কী সুন্দর যে সেই শিল্পকলা!’ছবিতে কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন, ‘এ ছবিতে আমার চরিত্র অনেক ছোট হলেও গুরুত্বপূর্ণ। আমি তো গৌতমদার কাজ দেখে হতভম্ব। লম্বা একটি ট্রলির দৃশ্য ধারণ করলেন তিনি। এটা আসলে তাঁর মতো নির্মাতার পক্ষেই করা সম্ভব। পুরো ছবিতেই গৌতম ঘোষ সে রকম কিছু চমক রাখছেন। সেখানে আমাকে নিয়েও তিনি কিছু কাজ করছেন। আমি তো মনে করি, অতীতের মতো তৃতীয় ছবিটিও আমি আমার চরিত্রটিকে যথাসাধ্য প্রাণবন্ত করে তুলতে পারব।’বাংলাদেশের অংশে চম্পার শুটিং নেই। ফেব্রুয়ারিতে তিনি আবার যাবেন বোলপুরে শুটিং করতে। ছবিটি সম্পর্কে চম্পার কাছে মূল্যায়ন জানতে চাওয়া হয়েছিল। তিনি এভাবে বললেন, ‘লালনের মতো বিখ্যাত ব্যক্তির ওপর যে ছবিটি হচ্ছে, তা দুই বাংলার মানুষের মনে দাগ কাটবে। আর আমি এই ছবির একজন শিল্পী, এটাই বড় আনন্দের।’ মনপুরা চলচ্চিত্রে কাজ করে আলোচিত হয়েছেন চঞ্চল চৌধুরী। এবার তিনি কাজ করছেন গৌতম ঘোষের এই ছবিতে। কাজ করতে গিয়ে অর্জন করেছেন অনেক অভিজ্ঞতা। ‘আসলে এক কথায় বলব, আমি মন্ত্রমুগ্ধ হয়ে কাজ করেছি। কাজ করতে গিয়ে দেখলাম, ওরা অনেক বেশি আন্তরিক। ওপার বাংলায় আসলে পরিকল্পনার মধ্য দিয়েই সবাই কাজ করে। আমরা এখনো ওই জায়গাটাতে পৌঁছাইনি।’ বলছিলেন চঞ্চল। তবে হুট করে কিন্তু এ ছবিতে অভিনয়ের সুযোগ হয়নি তাঁর।গৌতম ঘোষ একদিন রাঢ়াঙ নাটকটি দেখতে গিয়েছিলেন মঞ্চে। এর পরই ডাক পান চঞ্চল। তিনিমনপুরা ছবিটিও দেখলেন। তারপর চঞ্চলকে বললেন, মনের মানুষ ছবিতে কালোয়া মির্জা নামের একটি চরিত্র আছে, করবে নাকি? খুশিমনেই রাজি হলেন চঞ্চল।জানতে চাওয়া হয়েছিল শুটিং সম্পর্কে। ‘শিলিগুড়ি থেকে আমরা এক জঙ্গলে গিয়ে কাজ করেছি। সেই জঙ্গলে পৌঁছাতে সময় লাগে চার ঘণ্টা। জঙ্গলের ভেতর হাতি, হরিণ, ময়ূর সবই দেখেছি। ভোররাত চারটায় কনকনে শীতের মধ্যে খালিগায়ে শুটিং করতে হয়েছে।’ জানালেন চঞ্চল। মনের মানুষ তৈরি হচ্ছে লালনের দর্শন, তাঁর পারিপার্শ্বিক অবস্থা ও সমাজপতিদের স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষদের নিয়ে। কালোয়া মির্জা প্রথম ব্যক্তি, যে সমাজপতিদের বিরুদ্ধে প্রতিবাদ করে। কালোয়া মির্জা চরিত্রেই কাজ করছেন চঞ্চল।