দুই বিজয়ীকে সঙ্গে নিয়ে এসেছে সোলসের ‘জ্যাম’
এসেছে সোলসের নতুন অ্যালবাম ‘জ্যাম’। ‘সোলস ফিচারিং ইউ’ প্রতিযোগিতার মাধ্যমে পাওয়া দুই বিজয়ীর অংশগ্রহন রয়েছে এই অ্যালবামে। তাঁদের একজন গীতিকার মাহফুজ রহমান এবং অন্যজন যন্ত্রশিল্পী বেহালাবাদক জাহিদ আনওয়ার। বিচারকদের নম্বর এবং দর্শক-শ্রোতাদের ভোটের যোগফলের ভিত্তিতে এই দুজন বিজয়ীকে নির্বাচন করা হয়। হোটেল রূপসী বাংলায় গতকাল বুধবার বিকেলে ‘জ্যাম’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে গ্রামীণফোন। এই অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ কমিউনিকেশনস অফিসার কাজী মনিরুল কবির বিজয়ী দুজনের হাতে স্মারক তুলে দেন।‘জ্যাম’ অ্যালবামের ১১টি গান তৈরি করেছে সোলস। অ্যালবামের দ্বাদশ গানটির জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাহফুজ রহমানের লেখা গানটির শিরোনাম ‘স্বপ্ন এভিনিউ’। মাহফুজ রহমান বলেন, ‘সব সময় আমার কথায় সুর সংযোগের স্বপ্ন দেখেছি। কিন্তু সোলস একদিন আমার লেখা গান করবে—তা ছিল আমার কল্পনাতীত। আমার মতো আরও অনেকেই এ রকম ইচ্ছা পোষণ করেন, কিন্তু তাদের প্রতিভা প্রকাশের জন্য কোনো প্লাটফর্ম ছিল না। এ ধরনের উদ্যোগ তাদের জন্য বিরাট সুযোগ। এই অসামান্য উদ্যোগ নেওয়ার জন্য সোলস ও গ্রামীণফোনকে ধন্যবাদ জানাচ্ছি।’জাহিদ আনওয়ার বলেন, ‘প্রতিভার স্বীকৃতি পেয়ে আমি সত্যিই আনন্দিত। এই সুযোগ সৃষ্টির জন্য আপনাদের ধন্যবাদ।’কাজী মনিরুল কবির বলেন, ‘তরুণদের হূদয়ে মিউজিকের আসন অত্যন্ত দৃঢ়। আমাদের দেশের তরুণেরা সুযোগ পেলে তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম। আমরা এবং সোলস এক হয়ে তরুণদের জন্য সেই সুযোগ তৈরির চেষ্টা করেছি।’সোলসের পার্থ বড়ুয়া বলেন, ‘আশা করি, আমাদের ভক্তরা নতুন অ্যালবামটি পছন্দ করবে। আমার খুবই ভালো লাগছে, এই অ্যালবামে দুজন উদীয়মান তারকাকে আমাদের সঙ্গে পেয়েছি। এটা সত্যিই এক দারুণ অভিজ্ঞতা। আমাদের নতুন অ্যালবামটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রকাশিত হলো—এটা আমাদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। এর জন্য গ্রামীণফোনকে আন্তরিক ধন্যবাদ জানাই।’প্রথম দুই মাস শুধু গ্রামীণফোনের গ্রাহকেরা এই অ্যালবামের গানগুলো উপভোগ করতে পারবেন গ্রামীণফোনের ভ্যালু অ্যাডেড সার্ভিসেস (ভ্যাস) যেমন ওয়েলকাম টিউন, ফুল ট্র্যাক ডাউনলোড সার্ভিস ও মিউজিক রেডিওয়ের মাধ্যমে। কাল থেকে গ্রামীণফোনের গ্রাহকেরা উপভোগ করতে পারবেন। দুমাস পরে তা অডিও সিডি আকারে পাওয়া যাবে।উল্লেখ্য, গত ১৩ জুলাই ‘সোলস ফিচারিং ইউ’ প্রতিযোগিতা শুরু করে।