দুই বিজয়ীর উচ্ছ্বাস
পর্তুগালের ‘১৯তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ সেরা ছবির পুরস্কার জিতেছে আবু শাহেদ ইমন পরিচালিত জালালের গল্প। একই ছবির জন্য এই আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মোশাররফ করিম। বিশ্বের বিভিন্ন দেশের ২ হাজার ২০০ ছবির মধ্য থেকে বাছাই করা ১১৮টি ছবির সঙ্গে পাল্লা দিয়ে জিতেছে জালালের গল্প। তাই ছবির নির্মাতা ও অভিনেতা দুজনের খুশিই এখন যেন আকাশ ছোঁয়া। তাঁদের সেই উচ্ছ্বাসের এক টুকরো তুলে ধরা হলো—

আবু শাহেদ ইমন
সত্যি বলতে বাংলাদেশে ছবি নির্মাণ করাটাই অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের দেশের অনেক তরুণ পরিচালকের ক্ষেত্রে তেমনটাই ঘটেছে। আমার পরিচিত অনেেকই এখনো তাঁদের প্রথম ছবিই শেষ করতে পারেননি।
‘আভাঙ্কা চলচ্চিত্র উৎসব’ কর্তৃপক্ষের চূড়ান্তভাবে বাছাই করা এই ১১৮টি ছবির মধ্যে যখন আমার ছবিটির নাম আছে জানলাম, তখনো বিশ্বাস হচ্ছিল না। সেরা ছবির পুরস্কার পাওয়ার ব্যাপার তো অনেক দূরের কথা। সেই সঙ্গে মোশাররফ করিম হয়েছেন সেরা অভিনেতা! পর্তুগালের মতো একটা জায়গায় আমাদের ছবি প্রদর্শিত হয়েছে, জুরিবোর্ড আমাদের ছবিটি দেখেছেন, পছন্দ করেছেন আর সেরা হিসেবে পুরস্কৃত করেছেন—এটা একটা অদ্ভুত অনুভূতি। এই অর্জনে আমি অনেক বেশি অনুপ্রাণিত।

মোশাররফ করিম
আমরা যখন টাঙ্গাইলে ছবিটির কাজ করি, তখন অনেক কষ্ট করেছি। গল্পে প্রচুর পরিবর্তন ও পরিমার্জন করেছেন পরিচালক। এটা সেই পরিশ্রমেরই ফল।
আমি এমনিতে একটা কাজ করার পর আর কোনো খোঁজ নিই না। জালালের গল্প সিনেমার ক্ষেত্রেও তেমনটিই ঘটেছে। ছবিটি কোনো উৎসবে প্রদর্শিত হচ্ছে কি না, তা নিয়েও আমার কোনো মাথাব্যথা ছিল না। গত সোমবার রাতে যখন পরিচালক খবরটা জানালেন, তখনো বিশ্বাস হচ্ছিল না। আমি জানি, সেখানে বিভিন্ন দেশের বড় বড় অভিনেতা ছিলেন। তাঁদের মধ্য থেকে আমি শ্রেষ্ঠ অভিনেতা হব? এমন ব্যাপার এর আগে ঘটেনি। বেশ বিস্মিত হয়েছি। এটা যেহেতু আমার প্রথম আন্তর্জাতিক পুরস্কার, তাই আনন্দের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে।