দুই বিদ্রোহীর মুখ
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রবেশ করতেই চোখে পড়ল দুই মহান বাঙালির ছবি। একজন শিল্পীর তুলিতে আঁকা, অন্যজন বন্দী হয়েছেন ক্যামেরার ফ্রেমে।আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এ নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল শনিবার থেকে জাদুঘরে শুরু হয়েছে ‘নজরুল ও বঙ্গবন্ধু’ শীর্ষক বিশেষ প্রদর্শনী। স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে বঙ্গবন্ধুর উদ্যোগেই বাংলাদেশ সরকার অসুস্থ কবিকে সপরিবারে ভারত থেকে ঢাকায় নিয়ে আসে। কর্মজীবনে দুই মেরুর মানুষ হলেও দুজনের মধ্যে দারুণ মিলও কিন্তু খুঁজে পাওয়া যাবে। উভয়ের রক্তেই বইত দ্রোহ। শোষণ আর অনাচারের বিরুদ্ধে তাঁরা দুজনেই ছিলেন সোচ্চার। নজরুলের ভারত থেকে বাংলাদেশগামী বিমানে ওঠার একটি ছবি রয়েছে। বাকি ছবিগুলো এ দেশে তাঁর জীবনের বাকি দিনগুলোর খণ্ডচিত্র। অন্যদিকে রয়েছে কাইয়ুম চৌধুরী ও হাশেম খানের মতো শিল্পীদের আঁকা বঙ্গবন্ধুর মুখাবয়ব। বিভিন্ন বয়সের বঙ্গবন্ধুকে তাঁরা মূর্ত করে তুলেছেন ক্যানভাসে। গতকাল এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।আজ বিকেলে নজরুল ইনস্টিটিউটের আয়োজনে ধানমন্ডিতে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান হবে। অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু ‘দুই বিদ্রোহী: নজরুল ও বঙ্গবন্ধু’। ‘মঞ্চকথা’ রবীন্দ্রসংখ্যার মোড়ক উন্মোচনমঞ্চনাটকবিষয়ক সাময়িকী মঞ্চকথা কবিগুরুর সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বাজারে এনেছে রবীন্দ্রসংখ্যা। গতকাল শনিবার বিকেলে এর মোড়ক উন্মোচন হয়েছে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। মহড়াকক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ছিল ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি। ভাস্বর শোনালেন, ‘পরিচয়’ কবিতাটি। যাতে কবি নিজেকে ঘোষণা করেছেন ‘তোমাদেরই লোক’ বলে। আসলেই রবীন্দ্রনাথ সবার কাছের বলেই হয়তো এখনো তিনি প্রাসঙ্গিক। রবীন্দ্রচর্চা এখনো নিরন্তর এক প্রক্রিয়া।মঞ্চকথা সাময়িকীর উপদেষ্টা আফসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। বক্তব্য দেন বাবুল বিশ্বাস ও মঞ্চকথার সম্পাদক ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানে মঞ্চকথা পাঠক ফোরামেরও আত্মপ্রকাশ ঘটে। মঞ্চকথার এই রবীন্দ্রসংখ্যার প্রচ্ছদে রয়েছে কবিগুরুর ছবি। আর পেছনের প্রচ্ছদে আছে কবির নিজের চিত্রকর্ম। মঞ্চকথার এই সংখ্যায় আছে রবীন্দ্রনাট্যচর্চা, ব্যক্তি রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের নাটক ও বাংলাদেশের থিয়েটার, রবীন্দ্রনাথের অভিনয়, যাত্রা এবং বিভিন্ন শাখায় বাংলাদেশে রবীন্দ্রচর্চা বিষয়ে বিভিন্ন লেখা। সংখ্যাটির মূল্য ২০ টাকা।আলোকচিত্রে রমজানধানমন্ডির জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের গ্যালারিতে চলছে জার্মান আলোকচিত্রী ক্রিস্টেল বেকার রাওয়ের একক প্রদর্শনী। ‘রমজান ইন দ্য মিডল ইস্ট’ শিরোনামে এ প্রদর্শনীতে স্থান পেয়েছে রমজান মাস নিয়ে একগুচ্ছ আলোকচিত্র। ক্রিস্টেল বেকার মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মুসলমানদের রোজার নানা কর্মকাণ্ডের ছবি তুলেছেন। ১২ আগস্ট শুরু হওয়া এ প্রদর্শনী ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। শিল্পকলায় স্থাপনা শিল্পকর্ম ‘মায়ের কাছে যাব’বাংলাদেশ শিল্পকলা একাডেমী ১৫ আগস্ট শোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ ও তাঁর খুনিদের প্রতি ধিক্কার জানাতে আয়োজন করেছে দুই দিনব্যাপী শব্দালোক স্থাপনা ‘মায়ের কাছে যাব’। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে আলো ও শব্দের সমন্বয়ে তুলে ধরা হবে ধানমন্ডির ৩২ নম্বরে ঘটে যাওয়া রক্তাক্ত ইতিহাসের কথা। আজ বিকেল চারটায় শুরু হবে আধঘণ্টা ব্যাপ্তির এই বিশেষ প্রদর্শনী।