দুই বোন উপস্থাপনায়
‘আগে ইরিন উপস্থাপনা করেছে, সেখানে আমি অংশ নিয়েছি। কিন্তু এবারের চিত্রটা অন্য রকম। প্রায় কাছাকাছি ধরনের দুটি অনুষ্ঠান আমরা দুই বোন উপস্থাপনা করেছি। জানি না, দর্শক কোনটা পছন্দ করবেন।’ বললেন মৌসুমী। ইরিন জানালেন, তিনি তাঁর বোনের ভক্ত। তাই বোনের অনুষ্ঠানটিকে বেশি প্রাধান্য দিচ্ছেন। বললেন, ‘আপুর কাজ তো অসাধারণ। তাই তাঁর সঙ্গে আমার কাজের তুলনা করে বোকামি করব না। আমি চেষ্টা করেছি নিজের মতো করে ভালো করতে।’জানা গেছে, এবারের ঈদে চলচ্চিত্রবিষয়ক দুটি ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তাঁরা। দেশ টিভির জন্য চিত্রালী অনুষ্ঠানে ইরিন আর বৈশাখী টিভির জন্য তারায় তারায় উপস্থাপনা করেছেন মৌসুমী।মৌসুমী জানান, তারায় তারায় অনুষ্ঠানে তিনি নিজের কিছু গল্প বলেছেন। সেই গল্পে উঠে এসেছে চলচ্চিত্র ও তাঁর সহশিল্পীরা। শৈশব-কৈশোরের ঈদের স্মৃতি নিয়ে বলেছেন রাজ্জাক থেকে শুরু করে আজকের শাকিব খান। মৌসুমীও বলেছেন। ইরিনের অনুষ্ঠানটি চলচ্চিত্রবিষয়ক। তবে ঈদের পাশাপাশি ‘মন’ নিয়ে ইরিন বলেছেন নানা কথা। আর ইরিনের সঙ্গে যোগ দিয়েছেন রুপালি পর্দার জনপ্রিয় তারকারা। দুুজনই জানালেন, এর আগে ঈদে চলচ্চিত্রবিষয়ক কোনো ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেননি তাঁরা।