দুই বোনে দোস্তি
নতুন একটা অতিথি এসেছে বাড়িতে। লালচে গায়ের রং। বাদামি চোখ। চোখজোড়া পিটপিট করে সে আশপাশের দুনিয়া দেখে। আর সুযোগ পেলে ট্যাঁ ট্যাঁ করে কাঁদে। এমন দারুণ এক ‘খেলনা’ পেয়ে আহ্লাদের শেষ নেই বড় বোনের। বাড়িতে যেই আসে সবাইকে সে মহা উৎসাহে পরিচয় করিয়ে দেয়—‘আমার বিদেশি বোন। আমার বিদেশি বোন।’ মা-বাবার দেওয়া নাম কান্তা। ওই নামটাতে ঘোরতর আপত্তি বড় বোনের। নিজে নিজে ছোট বোনের একটা নামও ঠিক করে সে—‘টুম্পা’। ছোট্ট মানুষটা, ঠিক জাপানি পুতুলের মতো দেখতে জয়ার ছোট বোনটা আস্তে-ধীরে বড় হয়। আর মায়ের ন্যাওটা হয়ে ওঠে খুব। এবং আরও কিছুদিন পরে, যখন তার রীতিমতো বেণি দুলিয়ে বড় স্কুলে যাওয়ার বয়স তখনো তার এই মাতৃভক্তিতে ভাটা পড়ে না। বড় বোনকে স্কুলের কোনো ফাজিল ছোকরা ভুল বানানে চিঠি লিখেছে। সেই চিঠি তার চুপিচুপি মায়ের কাছে পৌঁছে দেওয়া চাই। বোনের ব্যাগে রোমান্টিক গানের ক্যাসেট! অতীব সন্দেহজনক! অনতিবিলম্বে খবর চলে যাবে মায়ের কানে।১৯৯৮ সালে বড় বোনের বিয়ে। কান্তা নামের ছোট্ট মেয়েটা যেন রাতারাতি সেদিন অনেক বড় হয়ে ওঠে। বিয়েশাদির ব্যাপার। বর পক্ষ-কনে পক্ষ মিলে হাজারটা ঝুট-ঝামেলা। খালাতো বোন তিথিকে সঙ্গে নিয়ে কান্তা একাই প্রায় সবকিছু কীভাবে যেন সামাল দেয়। তারপর, বড় বোন যখন ফয়সাল নামের অতীব সুদর্শন এক তরুণের হাত ধরে কনের বেশে গাড়িতে ওঠে তখন ব্যাকুল হয়ে কাঁদে। মাঝখানে পেরিয়ে গেছে এক যুগের বেশি সময়। সাম্প্রতিক এক সন্ধ্যায়, দুই বোন একসঙ্গে বসে উল্টেপাল্টে দেখছিলেন তাঁদের স্মৃতির খাতা। এই বারো বছরে বদলে গেছে কত কিছুই! বড় বোন জয়া আহসান এখনো দ্যুতিময় রেখেছেন আমাদের ছোট পর্দা। আর সব সময়কার মেধাবী ছাত্রী কান্তা মাসউদ লন্ডন থেকে ফিরে ঘটনাচক্রে চলে এসেছেন অভিনয়ের দুনিয়ায়। এবারের ঈদে মেজবাউর রহমান সুমনের ‘অরুপার জন্য’ নাটক দিয়ে অভিষেক ঘটতে চলেছে কান্তার। এর আগে অবশ্য অভিনয় করা হয়েছে অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্রেও। ২.এক বোন অভিনয়কে তপস্যা জ্ঞান করেন রীতিমতো। অন্যজন অবশ্য ততটা নয়। কান্তা অকপটেই কবুল করে নিলেন. অভিনেত্রীদের তালিকায় তাঁর নাম লেখানোটা একদম হুট করেই। এর আগে, একাধিক পক্ষ থেকে একাধিকবার দুই বোনকে একসঙ্গে অভিনয় করানোর চেষ্টা হয়েছে, কিন্তু শেষতক হয়ে ওঠেনি। ২০০৬ সালে লন্ডনে পাড়ি জমান কান্তা। লন্ডনে এনটিভির বিপণন বিভাগে কাজ করেছেন বেশ কিছুদিন। দেশে এসেও যথারীতি আছেন এনটিভির সঙ্গেই। আর সেই ফাঁকেই অভিনয়। যার পেছনে একটু হলেও অবদান আছে তাঁর এনটিভির সহকর্মীদের সর্বাঙ্গীণ সহযোগিতার। প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু শঙ্কা কি কাজ করছিল মনে? কান্তার কাছে প্রশ্ন। ‘মনে মনে ভয় তো ছিলই। কিন্তু ভয়-ডর সব উবে গেছে অমিতাভ ভাইয়ের কথায়।’কী সেই ক্যামেরভীতি জয়ের মন্ত্র?‘অমিতাভ ভাই বলেছিলেন, ক্যামেরাটাকে নিজের প্রেমিকের মতো ভাবতে। আর শুধু বলেছিলেন—তুমি পারবে।’ লন্ডনে বসেই দেখেছিলেন মেজবাউর রহমান সুমনের নাটক—তারপর পারুলের দিন, তারপরও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে। ‘সুমন ভাইয়ের কাজগুলো মুগ্ধ হয়ে দেখতাম। সত্যিই অসাধারণ। এক দেখাতেই বোঝা যায় তাঁর নাটক অন্য সবার চেয়ে একদম আলাদা।’ বলছিলেন কান্তা।দেশে এসে মিলল সেই সুমনের নাটকেই অভিনয়ের প্রস্তাব। কান্তা এবার আর ফিরিয়ে দেওয়ার কথা ভাবেননি। এবং ফিরিয়ে না দিয়ে খুব সম্ভবত ভুলও করেননি। ভুল যে করেননি সে প্রমাণ পেয়েছেন শুটিং করতে গিয়েই। ঘটনাটা শোনা যাক কান্তার মুখেই—‘ধানমন্ডির কজমো লাউঞ্জে শুটিং হচ্ছিল সেদিন। অরুপার জন্য নাটকের খুব আবেগঘন একটা দৃশ্যের শুটিং। চারপাশে প্রচুর মানুষজন। লাইট, ক্যামেরা। হইচই। এত সবকিছুর মধ্যে আবেগ কাজ করবে তো? পারব তো? ভেতরে ভেতরে আমি ভয়ে অস্থির। হঠাৎ দেখি, চারপাশ একদম সুনসান। ইউনিটের কেউ আশপাশে নেই। শুটিংয়ের বড়সড় লাইটগুলোও কোথায় যেন সরিয়ে ফেলা হয়েছে। পুরো লাউঞ্জে আমি আর দিনার ভাই (ইন্তেখাব দিনার) একা। শট শেষ হতেই দেখি ইউনিটের সবাই একে একে আড়াল থেকে বের হচ্ছে। শুধু আমাকে “সহজ” করে দেওয়ার জন্যই এতক্ষণ আড়ালে ছিল সবাই। লাইটগুলোও বসানো হয়েছিল আড়াল করে। পুরো পরিকল্পনাটাই ছিল সুমন ভাইয়ের। ’ বোনের এই সৌভাগ্যটা পুরোপুরি হয়ে ওঠেনি জয়া আহসানের। ‘ওকে আমি বেশ সৌভাগ্যবানই বলব। কারণ, শুরুতেই ও অসাধারণ দুজন নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছে। আমি অনেক চেষ্টা-সাধনার পর যাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি কান্তা সে সুযোগটা পেয়েছে একদম শুরুতেই।’ একটু ঈর্ষার গন্ধ কি পাওয়া গেল কথাটায়? শুনে অবশ্য জয়া হেসেই খুন। জানালেন—স্বামী ফয়সালের বাইরে সত্যিকার বন্ধু বলে যদি কেউ থেকে থাকে তবে সেটা শুধু কান্তাই। বৈষয়িক ব্যাপার-স্যাপারে চিরকালই উদাসীন জয়া। আর এসব ব্যাপারে কান্তাই বড় বোনের অঘোষিত অভিভাবক, সবচেয়ে বড় ভরসার জায়গা।‘মহা গুরুত্বপূর্ণ অনেক ব্যাপারেও আমার টনক নড়ানো খুব কঠিন। শুধু কান্তা কোনো কথা বললেই সেটা আমার মধ্যে টনিকের মধ্যে কাজ করে।’ বলছিলেন জয়া। সেই ছোটবেলায় একবার খুব জ্বর হয়েছিল কান্তার। ছোট্ট কান্তা বোনের কাছে আবদার করেছিল—‘জয়া আপা আমাকে একটু কোলে নেবে? খুব বারান্দায় যেতে ইচ্ছে করছে।’ জয়া ছোট বোনের আবদার ফেলেননি। হাঁচড়েপাঁচড়ে কোলে তুলে নিয়েছিলেন ছোট বোনকে। জয়ার কোলে বছর চারেকের ছোট বোন কান্তা। আকাশে পূর্ণ চন্দ্র। কলাবাগানের বাসার বারান্দা ভেসে যাচ্ছে অপরূপ জ্যোৎস্নায়। ছোটবেলার সেই দৃশ্যটা এখনো ঝলমল করছে কান্তার স্মৃতির খাতায়। মাঝে পেরিয়ে গেছে বহুদিন। কিন্তু, দুই বোনের নির্ভরতা আর মমতার জায়গাটা থেকে গেছে সেই আগের মতোই—অমলিন।