দুই বোনের গানের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া থেকে গানের বায়না এসেছে, দলবল নিয়ে গাইতে যাচ্ছেন শেফালী ঘোষ। সেখানে ডাক পড়ল দুই কন্যার—বিউটি দাশ আর রন্টি দাশের। শেফালীর নন্দনকাননের বাড়িতে উড়ে আসে দুরন্ত দুই বালিকা, জুড়ে যায় প্রিয় পিসির সঙ্গে। সেদিন আঞ্চলিক গানের সম্রাজ্ঞীর সঙ্গে একই মঞ্চে গাইল তারা। খুব নাম হলো, পাওয়া গেল ইনামও। বিউটি পেল ৩০০ টাকা, রন্টি পেল পানের বাটা। বিউটি সহপাঠীদের নিয়ে হল্লা করে ৩০০ টাকার হিল্লে করে ফেলল পরদিনই। রন্টি মায়ের হাতে তুলে দিল পানের বাটা, সেটা ভরে উঠল বক্সির হাটের মিষ্টি পানে। সেটা ১৯৯৪ সালের কথা।এভাবে শেফালী ঘোষ আর শ্যামসুন্দর বৈষ্ণবের সঙ্গে জুটি করে আট-নয় বছর গান গেয়েছে দুই বোন, চট্টগ্রামের আনাচকানাচে। শেফালী তাদের আদর করে ডাকতেন রন্টি মন্টি; বলতেন, ‘তোরা অনেক বড় শিল্পী হবি।’ শেফালীর প্রিয় সেই রন্টিই হলেন আমাদের ক্লোজআপ ওয়ান তারকা রন্টি দাশ, যিনি গান দিয়ে জয় করেছেন গোটা দেশ। মন্টি হলেন বিউটি দাশ, চ্যানেল আই-ইটিভি বাংলা সুরদরিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ। বিউটি জয় করেছেন ওপার বাংলার মানুষেরও মন। সল্লা করেই কি দুই বোন সুরসাগরের ‘মাল্লা’ হলেন? প্রশ্নটা শুনে রন্টি খানিকটা খেপে যান, বলেন, ‘আমি গান খুব ভালোবাসি, কিন্তু শিল্পী হওয়ার ইচ্ছে কখনোই ছিল না। আমার ক্ষেত্রে ব্যাপারটা উলুবনে মুক্তো ছড়ানোর মতো।’তো কে ছড়ালেন উলুবনে মুক্তো? রন্টি এবার সোজা আঙুল তুললেন বড় বোন বিউটি দাশ আর মা লাকী দাশের দিকে। বিউটি পাল্টা আক্রমণে গেলেন না, শুধু বললেন, ‘ছোটবেলা থেকে রন্টি অসাধারণ গান করত। তাই আমরা ওকে গান থেকে দূরে থাকার সুযোগ দিইনি। প্রথমবার ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার সেরা ৪০ থেকে বাদ পড়ার পর দ্বিতীয়বার অংশ নিতেই চায়নি ও। কিন্তু আমি আর মা অনেকটা ষড়যন্ত্র করে তার নাম নিবন্ধন করি। তার ফল তো সবাই দেখেছেন।’মঞ্চে গান গাওয়ার সেই দিনগুলো কেমন ছিল? রন্টি: আমি কিন্তু মঞ্চে উঠেই দিদির গানগুলো গেয়ে ফেলতাম। দিদি তখন অকূল সাগরে পড়ত, আমার যে কী মজা লাগত তখন!বিউটি: মা কিন্তু বাসায় গান ভাগ করে দিত, কে কোনটা গাইব। কিন্তু অনুষ্ঠানে গিয়ে রন্টি ইচ্ছে করে সব ভুলে যেত। আমার ভাগের গানগুলো ও আগে আগে গেয়ে ফেলত। তখন খুব রাগ হতো! রন্টির ওই কাণ্ডের পর একবার আমি আর মঞ্চেই উঠিনি।’ঠোঁটে দুষ্টুমির হাসি ঝুলিয়ে রন্টি বললেন, ‘আমি ভাই প্রফেশনাল মানুষ, গাইতে গেলে কে বোন আর কে বন্ধু, তা আমার মনে থাকে না।’বোনের কথায় একচোট হেসে নেন বিউটি, তারপর বলেন, ‘ওর গানের সবচেয়ে বড় ভক্ত কিন্তু আমি, এখন আদরের বোনটার সব বাঁদরামি আমি মেনে নিই।’গানের জন্য দুই বোনই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় থিতু হয়েছেন, কিন্তু মনটা পড়ে থাকে চট্টগ্রামেই। তাই সময় পেলেই ছুটে আসেন, দৌড় দেন পতেঙ্গা সৈকতে, কান পেতে শোনেন কর্ণফুলীর গান। ফয়’স লেকে পানকৌড়ির ডুব দেখতে যান, জিলাপির পাহাড়ে হাওয়ায় ভেসে সুরের বিলাপ করেন। রন্টি আর বিউটির দ্বিতীয় অ্যালবামের কাজ চলছে এখন। অদিত, ফুয়াদ, আল মুক্তাদির, জুয়েল, মোরশেদসহ আরও কয়েকজন বিউটির অ্যালবামের সংগীতায়োজন করছেন। এই অ্যালবামেও চট্টগ্রামের গান থাকবে বলে জানালেন বিউটি। রন্টির দ্বিতীয় অ্যালবাম আগামী কোনো এক ঈদে বাজারে আসবে। যৌথ একটি অ্যালবাম করার বড় ইচ্ছে দুই বোনের।